শিরোনাম
এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু: ট্রাম্প
'এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো।' এই বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পর অভিষেক বক্তৃতায় তিনি আরও বলেন, 'আজ থেকে আমাদের দেশ উন্নতির পথে যাত্রা করবে, বিশ্বব্যাপী আবারও সম্মানিত হবে। বিশ্বের প্রতিটি দেশের ঈর্ষার কারণ হবো আমরা। আর কখনো জাতি হিসেবে আমরা নিজেদের প্রতারণার শিকার হতে দেবো না।'
তিনি বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য হবে এমন একটি দেশ গঠন করা, যারা গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন।'
'আমেরিকা দ্রুত আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী ও আরও অনন্য হয়ে উঠবে।'
দেশের সাম্প্রতিক ইতিহাস নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা আজ এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সরকারব্যবস্থা নিয়ে বিশ্বাসের সংকট চলছে। দীর্ঘদিন ধরে একটি চরমপন্থী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ কেড়ে নিয়েছে।'
'এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনগ্রসরতা থামল,' ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্পের আগে পরিবারের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্নিনটন, জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামাসহ অনেকেই।
গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংস হয়েছে: জাতিসংঘ
দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গাজায় গতকাল রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনেক ফিলিস্তিনি এরইমধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এনিয়ে অনেকে উল্লাস করছেন। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর। কেননা তাদের সাজানো বাড়ি আর বাড়ি নেই, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার ৯২ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গাজার মোট বাড়ির ৯২ শতাংশ। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে, এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ জানিয়েছে, এই মুহূর্তে গাজায় ১৮ লাখের বেশি মানুষের জরুরিভাবে আশ্রয় এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিস দরকার। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার আনুমানিক ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের অনেককে জোর করে বারবার বাড়ি ছাড়া হতে হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তারা দেশটিতে তাণ্ডব চালায়। এতে সেইদিন ইসরায়েলে অন্তত ১২শ জন নিহত হয়েছে। এ ছাড়া ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এর জেরে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর এই যুদ্ধ গতকাল পর্যন্ত চলে টানা ১৫ মাস। এতে গাজায় নিহত হয়েছে অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়।
অপেক্ষার প্রহর শেষ, প্রেসিডেন্ট হিসেবে আজই শপথ নিচ্ছেন ট্রাম্প
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাতে) তিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে ট্রাম্প যুগ। শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব দেশ থেকেই প্রতিনিধিরা যোগ দেবেন। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা ও ডয়চে ভেলে।
এর আগে গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ২০ জানুয়ারি। আর এর আগেই নিজের প্রশাসন অনেকটাই সাজিয়ে নিয়েছেন তিনি।
মূলত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল আগাগোড়া বিতর্কে পূর্ণ। ফলে দ্বিতীয় মেয়াদে তার নেতৃত্বে আগামী চার বছর যুক্তরাষ্ট্র ঠিক কোন পথে চলবে, তা জানতে উৎসুক রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষও।
এছাড়া আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কোনও সাবেক প্রেসিডেন্ট, যাকে ৩৪ দফা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের আদালত। অবশ্য রোববার থেকেই ওয়াশিংটনে শুরু হয়েছে শপথগ্রহণ সংক্রান্ত নানা অনুষ্ঠান। আর তার আগেই রাজধানী ওয়াশিংটনে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ করেছেন বহু মানুষ।
এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই ট্রাম্প বেশ কয়েকটি বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। গত বছর ভোটের আগে নির্বাচনী প্রচাণায় দেশবাসীকে নানা প্রতিশ্রুতি দিতেও দেখা গেছে তাকে। তবে ওভাল অফিসের দায়িত্ব হাতে পাওয়ার পরে সেগুলো কতটা তিনি বাস্তবায়িত করতে পারেন, সে দিকেই এখন থাকবে সবার নজর।
কঠোর অভিবাসী নীতি থেকে শুরু করে গর্ভপাত-বিরোধী কঠোর আইনের পক্ষেই এতোদিন নিজের অবস্থান জানান দিয়েছেন ট্রাম্প। ক্ষমতায় ফিরলে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে তিনি তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন বলেও নির্বাচনী প্রচারণায় দেশের মানুষকে আশ্বাস দিয়েছেন।
আর তাই ক্ষমতায় ফিরে অভিবাসী নীতি নিয়ে ট্রাম্প নতুন কী করেন, সেদিকে নজর থাকবে সবার। একইসঙ্গে ট্রাম্পের গর্ভপাত-বিরোধী নীতি নিয়েও আশঙ্কিত যুক্তরাষ্ট্রের নারীদের একটা বড় অংশ।
অন্যদিকে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে ট্রাম্প রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয়োৎসব পালন করেছেন। সেখানেই তিনি বলেছেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে বিপুল সংখ্যক অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাংয়ের সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।
বাংলাদেশের সময় সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প।
ভারতের কুম্ভমেলায় বিস্ফো-রণ, দ্রুত ছড়িয়ে পড়ছে আ-গুন
ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় আগুন লেগেছে। জানা গেছে, একটি তাবুতে সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে দ্রুত ২০-২৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়।
রোববার (১৯ জানুয়ারি) আগুন লাগার এ খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এ ঘটনার পর পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ স্থানে ছোটাছুটি করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
নিউজ নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ট্রাক নামানো হয়েছে। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে ও তীব্রতা বাড়ছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এনডিআরএফ দল আশপাশের এলাকা খালি করছে। ঘটনাটি ঘটেছে কুম্ভমেলার মাঠের মধ্যে শাস্ত্রী ব্রিজ ও রেল ব্রিজের মাঝখানে।
নিউজ নাইন জানিয়েছে, মেলার ৫ নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯ ও ২০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশেপাশের তাঁবুগুলিতেও ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি প্রতি ১২ বছর পর পর আয়োজিত হয়। এ বছর যমুনা নদীর তীরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী।
পদত্যাগ করলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর পদত্যাগ করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) মন্ত্রিসভায় পদত্যাগপত্র জমান দেন তিনি।
নেতানিয়াহুর জোট সরকার থেকেও সরে যাচ্ছে বেন গাভীরের কট্টর ডানপন্থি দল- জিউইশ পাওয়ার পার্টি। একইসাথে, পদত্যাগ করবেন দলটির আরও কয়েকজন মন্ত্রী। রোববার, সরকারের কাছে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেয়ার কথা তাদের।
হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির জেরে এ সিদ্ধান্ত নেন উগ্র ডানপন্থি নেতা বেন গাভীর। বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন না দিতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটকে হুমকি দেন তিনি।
তবে বেন গাভীর এবং তার দল জোট থেকে সরে গেলে খুব একটা বিপাকে পড়বে না নেতানিয়াহু সরকার। কারণ জেপিপি’র অধীনে ছিল মাত্র ৬টি আসন। নেতানিয়াহুর জোট সরকারের আসন সংখ্যা ৬৮ থেকে কমে দাঁড়াবে ৬২-তে। যা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য