ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ফের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনা করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২২ ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
ফের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনা করতে হবে: প্রধান বিচারপতি

ঢাকা: করোনা সংক্রমণ বাড়ায় আবার ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বিচারকাজ শুরু করার সময় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবার ভার্চ্যুয়ালি আদালত পরিচালনায় যেতে হবে।

তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগে কয়েকজন এবং নিম্ন আদালতেও কিছু বিচারক আক্রান্ত হয়েছেন।

একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের সময় ভার্চ্যুয়াল এবং ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কাযক্রম চলছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এরপর গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

এর মধ্যে করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ দিয়ে ১০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে কুমিল্লার আইনজীবী

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ জানুয়ারি, ২০২২ ১০:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    ৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে কুমিল্লার আইনজীবী

    ৯০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। পাঁচ লাখ টাকা কাবিনে এই বিয়ে সম্পন্ন হয়।

    সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি।

    সোমবার সকালে নগরীর দেশালিপট্টিতে অর্ধশত বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান ইসমাইল। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর পূর্বে মারা যান। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

    কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘আমাকে দাওয়াত করেছিলেন। যেতে আনইজি অনুভব করেছি।’

    মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী, ‘আমি আগে জানতাম না। আব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দুজনকে বাসায় তুলে এনেছি।’

    মোহাম্মদ ইসমাইলের বাসায় গিয়ে দেখা যায় তিনি নববধূর সাথে খুনসুটি করছেন। তার সহপাঠীরা দলে দলে শুভ কামনা জানাতে আসছেন। তিনি উপস্থিত সংবাদকর্মীসহ সকলকে খুশিতে মিষ্টি বিতরণ করছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

      নিজস্ব প্রতিবেদক
      ১১ জানুয়ারি, ২০২২ ১৫:৪৩
      নিজস্ব প্রতিবেদক
      ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

      করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হবে।

      মামলার শুনানিকালে মঙ্গলবার (১১ জানুয়ারি) চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান তার আদালতে এ তথ্য জানিয়েছেন। এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

      এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়ালি সীমিত পরিসরে চলছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত