শিরোনাম
তানজিদ-পারভেজের রেকর্ড ভাঙার ম্যাচে সিরিজ নিশ্চিত
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ড ভাঙার ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই জয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল টাইগাররা।
ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। ১২তম ওভারে সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কা ২৩টি। পারভেজ মেরেছেন ২২টি। রেকর্ড ভাঙা ছক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেটের ওপর দিয়ে।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
সহজ টার্গেট তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের অনবদ্য ফিফটিতে ভর করে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়।
দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন কুমার দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান।
নারী ফুটসাল
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭
স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।
বাফুফের নতুন কমিটি ফুটসালের ওপর জোর দিয়েছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল। ইরানি কোচও এনেছে ফেডারেশন। আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ না করায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের বাইরে। বাংলাদেশ নারী ফুটসালের র্যাঙ্কিং রয়েছে এটা অনেকেরই অজানা ছিল। গতকাল ফিফা র্যাঙ্কিং প্রকাশের পর দেখা যায় বাংলাদেশের অবস্থান ৪৪তম। যদিও সেখানে এক ধাপ অবনমন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।
পুরুষ ফুটবলে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশগ্রহণ।
এএফসি নারী ফুটসালে এশিয়া কাপ ২০১৫ সালে শুরু করেছে। তিন বছর পর ২০১৮ সালে দ্বিতীয় আসরে খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল এন্ট্রি দেওয়ায় বাছাইয়ের পরিবর্তে মূল পর্ব হয়েছে সরাসরি। সাত বছর বিরতি দিয়ে এবার নারী এশিয়ান ফুটসালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।
চার বছরের মধ্যে কোনো ম্যাচ খেলেনি কিংবা অফিসিয়াল র্যাঙ্ক রয়েছে এমন প্রতিপক্ষের সঙ্গে কয়েকটি ম্যাচ না খেললে ফুটসাল র্যাঙ্কিংয়ে আনে না ফিফা। ছয় বছরের বেশি সময় বাংলাদেশ নারী ফুটসাল দল ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে রয়েছে। বাংলাদেশ একবারই আন্তর্জাতিক ফুটসাল খেললেও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপে ফুটসাল টুর্নামেন্ট খেলেছেন একাধিকবার। জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসাল খেলেছেন।
৪ সেপ্টেম্বর কোয়াব নির্বাচন
অনলাইনেও ভোট দিতে পারবেন ভোটাররা, ভোটার হননি সাকিব-মাশরাফি
ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রমে একপ্রকার স্থবিরতা নেমে এসেছে।
এরই মধ্যে নতুন করে কোয়াব সক্রিয় করতে তোড়জোড় চলছে। নতুনভাবে ঢেলে সাজাতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।
আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন ইফতেখার রহমান মিঠু।
বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবস্থান করছে সিলেটে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ৪ তারিখ রয়েছে কোয়াবের নির্বাচন, সেই নির্বাচনে তাদের ভোট দেওয়া নিয়ে প্রশ্ন থাকছে।
বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে বলছিলেন, 'ক্রিকেটারদের থেকে দিন তারিখ নিয়েই আমরা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছিলাম। সুতরাং তাদের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ৪ তারিখ সকালে ঢাকার ফ্লাইট ধরবেন ক্রিকেটাররা। দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। এরপর বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা ভোটে অংশগ্রহণ করতে পারবেন।'
নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ দরকার সেটা তারা পূরণ করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না।
'একইসঙ্গে আমরা আরেকটি বিষয় রেখেছি। অনেকে কোয়াবের সদস্য যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোট দিতে পারবেন। বিশেষ করে সে সময় ইংল্যান্ডে থাকবে যুবা ক্রিকেটাররা সেই সঙ্গে ম্যানেজমেন্টের কিছু সদস্য। এ ছাড়া যারা রাজশাহীতে থাকবে এইচপি দলের সদস্য তারাও অনলাইনে ভোট দিতে পারবে।'
অনেকের মনে প্রশ্ন রয়েছে, আসন্ন কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না সাকিব আল হাসান-মাশরাফি বিন মোর্ত্তজার মতো জ্যেষ্ঠ ক্রিকেটাররা। কোয়াবের নির্বাচন কমিশন থেকে খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটা তারা করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না।
প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন লামিনে ইয়ামাল, কী তার পরিচয়?
বয়স ১৮ হওয়ার আগে থেকেই নারীঘটিত নানা গুঞ্জন ছড়িয়েছে লামিনে ইয়ামালের নামে। কিছুদিন ধরেই জোর গুঞ্জন ছিল, প্রেম করছেন এই কিশোর। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনলেন তিনি। বান্ধবী নিকির ২৫তম জন্মদিনের বিশেষ দিনেই সম্পর্কের কথা সবাইকে জানালেন বার্সা তারকা।
সোমবার (২৫ আগস্ট) নিকির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরি দেন ইয়ামাল। যেখানে দুজনের একসাথে বসে থাকা একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকির কোমর জড়িয়ে ধরে হাসিমুখে বসে আছেন ইয়ামাল। টেবিল জুড়ে ছড়ানো রয়েছে গোলাপের পাপড়ি।
দৃশ্যের রোমান্টিক আমেজ আরও বাড়িয়ে দিয়েছে পেছনে সাজানো বিশাল গোলাপের তোড়া। এছাড়া ইনস্টাগ্রামে সেই ছবির সঙ্গে কয়েকটি ‘লাভ’ ইমোজিও জুড়ে দিয়েছেন ইয়ামাল। আর তাতেই যেন ভালোবাসার সম্পর্ক স্পষ্ট করে দিলেন এই স্প্যানিশ ফুটবলার। ১৮ বছর বয়সী ইয়ামাল থেকে ৭ বছরের বড় নিকি।
মৌসুম শেষে পুরো গ্রীষ্মের বড় একটা অংশ একসঙ্গে কাটিয়েছেন নিকি ও ইয়ামাল। গত সপ্তাহেই জানা যায়, তারা মোনাকোতে একটি রোমান্টিক ভ্রমণে গিয়েছিলেন। যে কারণে দুজনের প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। তার কিছুদিন আগেই নিকি উপস্থিত ছিলেন গ্যাম্পার স্টেডিয়ামে, যেখানে ইয়ামালের নৈপুণ্যে বার্সা ২–০ গোলে জিতেছিল।
এছাড়া ফ্রেঞ্চ রিভিয়েরায় থাকার সময় তারা সুজন বিলাসবহুল হোটেল দ্য মোবর্ন রিভিয়েরা-তে ছিলেন। এর বাইরে তাদের সম্পর্কের আরও ইঙ্গিত মিলেছিল। যেমন গত জুলাইয়ে ইয়ামালের বিতর্কিত জন্মদিন পার্টিতে নিকি ছিলেন অতিথিদের একজন। সেই মাসেই এক নাইটক্লাবে তাদের চুম্বনের ছবিও প্রকাশ্যে আসে।
ফিক্সিং কান্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির
দেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবশেষ আসরে সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল। যা নিয়ে সরব ছিলেন ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। বিতর্কিত সেই আউট নিয়ে সে সময় শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তদন্ত শুরুর কথাও জানিয়েছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন বলেছিল- ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান, যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। মূলত ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছিল এই বিতর্ক।
দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হন তা নিয়ে শুরু হয় চর্চা। টিভি ফুটেজে দেখা যায়- ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও ম্যাচটি হেরে যায়।
এ নিয়ে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে সত্যতা বেরিয়ে এসেছে। ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় বিসিবি’র এন্টি-করাপশন ইউনিট সাব্বিরের বিরুদ্ধে কমপক্ষে সব ধরণের খেলা থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করেছে বলে জানা গেছে।
এসিইউর প্রাপ্ত নথি অনুযায়ী, সাব্বির সন্দেহভাজন বুকির সঙ্গে যোগাযোগ ও রিপোর্ট না করার মাধ্যমে বিসিবির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য