ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য নুরুদ্দিন এর বিরুদ্ধে একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৫ ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক
তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য নুরুদ্দিন এর বিরুদ্ধে একাধিক অভিযোগ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের বর্তমান এডহক কমিটির সদস্য নুরুদ্দিন হোসেনের বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। একদিকে তিনি আনসার ও ভিডিপির ভাতাভোগী ও সক্রিয় খেলোয়াড় হিসেবে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, অন্যদিকে ফেডারেশনের নীতিনির্ধারণী সদস্য পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, এ দ্বৈত ভূমিকা জাতীয় ক্রীড়া পরিষদ আইন ও ক্রীড়া নীতিমালার সরাসরি লঙ্ঘন।

জাতীয় ক্রীড়া পরিষদের ২৩ এপ্রিল ২০২৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, নুরুদ্দিন হোসেনকে তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। অথচ ২০২৪ সালের ২১তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে আনসার দলের হয়ে পুরুষ পুমসে বিভাগে অংশগ্রহণ করেন তিনি। অথচ জাতীয় ক্রীড়া পরিষদের বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, সক্রিয় কোনো খেলোয়াড় ফেডারেশনের নীতিনির্ধারণী পদে থাকতে পারেন না। অভিযোগকারীরা এটিকে স্বার্থের সংঘাত হিসেবে উল্লেখ করেছেন, যা স্বচ্ছতা ও ন্যায়ের পরিপন্থী।

অভিযোগ এখানেই শেষ নয়। অভিযোগকারীদের মতে, নুরুদ্দিন হোসেন ২০২৫ সালের ১৯ জুন ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ‘Bangladesh Taekwondo Federation Official Group’ দখলে নিয়ে সেটির নাম পরিবর্তন করে "Bangladesh Taekwondo Association Official Group" করেছেন। অভিযোগে আরও বলা হয়, এই ঘটনায় তার সঙ্গে যুক্ত ছিলেন মো. উত্তম ও বিতর্কিত সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

ফেডারেশনের গুরুত্বপূর্ণ ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচিত এই ফেসবুক গ্রুপটি খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের মধ্যে যোগাযোগের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো। নাম পরিবর্তনের ফলে জাতীয় ক্রীড়া ফেডারেশনের পরিচয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা।

একজন ক্রীড়া আইনজীবী বলেন, “এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১৮ এবং দণ্ডবিধির ৪০৫ ও ৪২০ ধারার আওতায় প্রতারণা হিসেবে বিবেচিত হতে পারে।”

এদিকে অভিযোগকারী পক্ষ তিনটি দাবি উত্থাপন করেছে—
১. জনাব নুরুদ্দিন হোসেনকে এডহক কমিটি থেকে অবিলম্বে অপসারণ
২. অভিযোগ তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ
৩. ভবিষ্যতে এ ধরনের স্বার্থের সংঘাত এড়াতে কঠোর নীতি গ্রহণ

এ বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তা হবে রাষ্ট্রীয় ক্রীড়া প্রশাসন ও ফেডারেশন পরিচালনায় বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন।

আরকেএস/ রাইজিং ক্যাম্পাস

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব, খেলবেন রংপুরের বিপক্ষে

    ক্রীড়া ডেস্ক
    ৬ জুলাই, ২০২৫ ১৫:৩০
    ক্রীড়া ডেস্ক
    গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব, খেলবেন রংপুরের বিপক্ষে

    গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ১০ জুলাই থেকে। যেখানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর। এবার দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে নিয়েছে।

    নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে– ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’ অর্থাৎ, সব ঠিক থাকলে বিপিএলে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

    গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ। এবারও এর দলসংখ্যা বাড়েনি। ১০ জুলাই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর। যেখানে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর ও দুবাই ক্যাপিটালস ১৬ জুলাই পরস্পরের মোকাবিলা করবে। এর আগে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিবের দল দুবাই। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

    গ্লোবাল সুপার লিগে এবারও কোনো প্লে-অফ নেই। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ১৮ জুলাই। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল ও নিরোশান ডিকভেলার মতো ক্রিকেটারদের।

    এর আগে সাকিবকে রংপুরের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে কী প্রতিক্রিয়া হতে পারে এটা আমার জানা নেই।’

    মন্তব্য

    ঋতুপর্ণার অসাধারণ দুই গোলে এশিয়ান কাপের মূল পর্বে এক পা বাংলাদেশের

    ক্রীড়া ডেস্ক
    ২ জুলাই, ২০২৫ ১৮:০
    ক্রীড়া ডেস্ক
    ঋতুপর্ণার অসাধারণ দুই গোলে এশিয়ান কাপের মূল পর্বে এক পা বাংলাদেশের

    বাংলাদেশ নারী ফুটবল দলের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার। মিয়ানমারে পা রাখার আগে সে স্বপ্নের কথা বলেছিলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। আজ ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে সেই স্বপ্ন বাস্তবের পথে অনেকটাই এগিয়ে গেল।

    র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ নারী দল। দুই অর্ধে ‍ঋতুপর্ণা চাকমা করেন দুর্দান্ত দুটি গোল।

    ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ১৯তম মিনিটে ফ্রি কিক থেকে ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। ৭২তম মিনিটে দুর্দান্ত ড্রাইভে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এরপর ৮৮তম মিনিটে উইন উইনের গোলে ব্যবধান কমায় মিয়ানমার, তবে তা জয় আটকাতে পারেনি।

    আজ গোলপোস্টে ছিলেন নিরাপত্তার প্রতীক-রুপনা চাকমা, যিনি সময় মতো বেরিয়ে এসে একাধিক আক্রমণ রুখে দিয়েছেন। এই বাছাই পর্বে আগের ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দুই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বাংলাদেশ। মিয়ানমারের অর্জন ৩ পয়েন্ট।

    আজ ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। দ্বিতীয় মিনিটেই গোলের চেষ্টা করে বসে বাংলাদেশ, আর তৃতীয় মিনিটে মিয়ানমারের বিপজ্জনক আক্রমণ আটকে দেন শামসুন্নাহার সিনিয়র।

     

    ১৮তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার প্রথম শট রক্ষণে প্রতিহত হলেও ফিরতি শটে দারুণভাবে জাল খুঁজে নেন তিনি। এ গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মিয়ানমার চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়েনি। শামসুন্নাহার, আফঈদা, রুপনা-সবার দৃঢ়তা ছিল প্রশংসনীয়। ৭২তম মিনিটে আবারও বাজিমাত ঋতুপর্ণার। প্রতিপক্ষ বক্সের উপরে বল পেয়ে চমৎকার শটে করেন নিজের দ্বিতীয় গোল।

    শেষদিকে মিয়ানমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৮তম মিনিটে গোল করে ব্যবধান কমায় উইন উইন। তবে রক্ষণভাগের একাগ্রতায় এবং রুপনার তৎপরতায় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    মিয়ানমার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। তাদের হারিয়ে বড় চমক দিল মেয়েরা। এ অবস্থায় বাংলাদেশ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। সে ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব। দল পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন’স এশিয়ান কাপের টিকিট।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আজীবন সৌদি আরবে থাকতে চান রোনালদো

      ক্রীড়া ডেস্ক
      ১ জুলাই, ২০২৫ ২১:৫
      ক্রীড়া ডেস্ক
      আজীবন সৌদি আরবে থাকতে চান রোনালদো
      আল নাসরে আরও দুই বছর থাকছেন রোনালদো, সৌদিতে থাকতে চান সারাজীবন— সংগৃহীত ছবি

      শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গন্তব্যের তালিকায় এসেছিল ইউরোপও। কয়েকটি লাতিন দেশের নামও জড়িয়েছিল। কিন্তু সিআর সেভেন পুরোনো ডেরাতেই থিতু হয়েছেন। সৌদি আরবে আরও দুবছর থাকবেন। পর্তুগিজ তারকার ইচ্ছে সারা জীবন সৌদিতেই কাটিয়ে দেওয়ার।

      সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন। 

      সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।’ সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।‘

      গত ২৫ জুন পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে দুই বছর চুক্তি করে আল নাসর। ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে। তবে প্রস্তাব নাকি এসেছিল, রোনালদো সেটি ফিরিয়ে দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সাড়া দেইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলন দরকার। এই মৌসুম শেষেই ফিফা বিশ্বকাপ রয়েছে। লম্বা একটা মৌসুম। নিজেকে প্রস্তুত রাখতে চাই।’ 

      পর্তুগালের হয়ে কদিন আগে নেশন্স লিগ জেতা কিংবদন্তির চোখ যে ২০২৬ ফিফা বিশ্বকাপে, তা তার কথাতেই নিশ্চিত। চল্লিশ ছাড়িয়ে যাওয়া তারকা আছেন ভালো ছন্দেও। গোল করছেন, দলকে জেতাচ্ছেন। নিজের স্বপ্নটাও বড় রাখছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।’

      আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেছিলেন, পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন। এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেননি রোনালদো। সেই আক্ষেপও ঘোচাতে চান নতুন টার্মে, ‘সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।’

      আল নাসরের হয়ে ইতোমধ্যে আড়াই বছর খেলেও ফেলেছেন পর্তুগালের এই মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে পেয়েছেন ৯৩বার জালের দেখা। ম্যাচ খেলে ক্লাবটির হয়ে ৯৩ গোল করেছেন তিনি। তবে এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা আছে সিআর সেভেনের।

      নতুন চুক্তির আওতায় পর্তুগিজ তারকা বছরে ১৮৮ মিলিয়ন ইউরো আয় করবেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর দৈনিক বেতন হবে প্রায় ১৩ কোটি টাকা। তবে এবার নতুন শুরুতে বড় প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি লিগে আল নাসরকে সেরা ক্লাব বানাতে চান রোনালদো, জেতাতে চান লিগসহ আরও অনেক ট্রফি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি!

        ক্রীড়া ডেস্ক
        ২৮ জুন, ২০২৫ ১৪:১
        ক্রীড়া ডেস্ক
        শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি!

        গেল সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি, এমন গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

        দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষে আচমকা বলে উঠেন  একটি ঘোষণা দিতে চান তিনি। জানান টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেন শান্ত।

        এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তবে তার কাছে মিরাজই এগিয়ে। 

        হান্নান বলছিলেন, 'শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।'

        এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, 'এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত