শিরোনাম
‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’ – স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ
জুলাই সনদের ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে অংশ নিয়ে তারা সড়কে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’
তারা আরও বলেন, ‘আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।’
বিক্ষোভের কারণে শাহবাগে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
৩০ কাঠা প্লট জালিয়াতি হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, 'তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং তৃতীয়টিতে শেখ হাসিনাও সায়মা ওয়াজেদ পুতুলসহ আসামি ১৮ জন।'
আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমেদ আলী সালাম।
লাইসেন্স বাতিল
তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি
দেশের তিনটি উপজেলা বা থানা পর্যায়ের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সম্প্রতি বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানগুলো হলো— ঢাকার সূত্রাপুরে অবস্থিত র্যাবি কমিউনিকেশন, কদমতলির জেজি অনলাইন এবং ধানমন্ডির বেস্ট কমিউনিকেশন লিমিটেড। ২৯৬তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান এখন থেকে সংশ্লিষ্ট ক্যাটাগরির অধীনে কোনো টেলিযোগাযোগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কেউ এসব প্রতিষ্ঠানের সঙ্গে টেলিযোগাযোগ সেবা গ্রহণ, চুক্তি সম্পাদন বা আর্থিক লেনদেন করলে তা আইনবিরোধী হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া, প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন অনুযায়ী সমর্পণযোগ্য লাইসেন্সপত্র চলতি মাসের মধ্যেই কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে: ইসি অনোয়ারুল
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি জানান, সবচেয়ে বেশি যেই আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এছাড়া সবচেয়ে কম ভোটার যেই আসনে, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।
মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৪২টি সংসদীয় আসন সীমানা পুনঃনির্ধারন করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি, সবকিছু বিবেচনা নিয়ে ৩৯ আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন গড় ভোটার ধরে সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে হওয়ায় সেখানে ১টি আসন বাড়ানোর সুপারিশ এবং বাগেরহাটে ১টি আসন কমানোর সুপারিশ সংসদীয় আসন বিন্যাস বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির।
তিনি আরও জানান, পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯, গাজীপুর ১,২,৩,৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫, সিলেট ১ ও ৩, কুমিল্লা ১,২,১০ ও ১১, নোয়াখালী ১,২,৪,৫, চট্রগ্রাম ৭ ও ৮, বাগেরহাট ২ ও ৩, খুলনা (আগেরটাই) পরিবর্তন হয়নি। এসব আসনে সীমানা পুনঃনির্ধারণ হবে, যদি কারও আপত্তি থাকে তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ ১০ আগস্ট।
তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।
৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণঅভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়। যে কোনো সময় নিরাপত্তার জন্য ডিএমপি এমন অভিযান চালাতে পারে বলে জানান তিনি।
রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য