ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

অনলাইন ডেস্ক
২০ জুলাই, ২০২৫ ১৫:৫৬
অনলাইন ডেস্ক
চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে, যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে।


রোববার (২০ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এসব কথা জানিয়েছে।


মিডিয়া নোটে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়–


টাইগার লাইটনিং মহড়া : টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে।


টাইগার শার্ক ২০২৫ মহড়া : টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল অনুশীলন করে। ২০০৯ সাল থেকে চলমান এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে, যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে। এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম।


প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় আমাদের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের সি-১৩০ বহরকে তুলে ধরা হবে, যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়া অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।


আরকিউ-২১ কর্মসূচি চালু : যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে বাংলাদেশের জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) সক্ষমতা গড়ে তুলছে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে।


এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

    অনলাইন ডেস্ক
    ১৯ জুলাই, ২০২৫ ১৭:১৯
    অনলাইন ডেস্ক
    মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

    বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না।

    শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

    সেনাপ্রধান বলেন, ‘শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হতে হবে। তাহলেই দেশের উপকার হবে।’

    তিনি বলেন, ‘শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।’ এসময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার দেন তিনি।

    তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নির্বাচনের জন্য যে সময় বলা হয়েছে, ঠিক তখনই নির্বাচন: প্রেস সচিব

      অনলাইন ডেস্ক
      ১৯ জুলাই, ২০২৫ ১৭:১
      অনলাইন ডেস্ক
      নির্বাচনের জন্য যে সময় বলা হয়েছে, ঠিক তখনই নির্বাচন: প্রেস সচিব

      নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

      শনিবার দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।

      শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন হবে। কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

      পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। সব দলের আন্তরিকতার কারণে খুব দ্রুতই অনেক বিষয় ঐক্যমতে পৌঁছানো গেছে। আটটি বিষয়ক মত হয়েছে সাতটি বিষয় এখনো পর্যালোচনা চলছে।

      আমরা আশা করছি জুলাই সনদ দিব সবাই স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে। অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারে নাই ‌ এবার দেখবেন তারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট হবে ।

      আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা যথেষ্ট চেষ্টা করছি । যেখানেই কোন ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। যেমন ধর্ষণের ক্ষেত্রেও আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।

      গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন । তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোন মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।

      ‘The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ অন্যান্য।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দেশে মানবাধিকার মিশনের কাজ কী হবে, বিজ্ঞপ্তিতে জানাল সরকার

        অনলাইন ডেস্ক
        ১৯ জুলাই, ২০২৫ ১৫:১০
        অনলাইন ডেস্ক
        দেশে মানবাধিকার মিশনের কাজ কী হবে, বিজ্ঞপ্তিতে জানাল সরকার

        বাংলাদেশে মানবাধিকার বিষয়ক মিশন স্থাপনের বিষয়ে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক হওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ নিয়ে শনিবার সরকারের অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

        প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) একটি তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় বাংলাদেশে একটি মিশন চালু করা হবে। এই মিশনের উদ্দেশ্য হলো দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করা। এ ছাড়া, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। 

        সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘কয়েকটি পক্ষ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আইডিওলজিকাল ওরিয়েন্টেশন (আদর্শিক দৃষ্টিভঙ্গি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের নাগরিকদের কাছে থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে যে, যেকোনো আন্তর্জাতিক অংশীদারত্বের ক্ষেত্রে দেশের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। এই প্রেক্ষাপটে, ওএইচসিএইচআর এর মিশনটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও মোকাবিলার মধ্যে কেন্দ্রীভূত থাকবে, বিশেষ করে আগের সরকারের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এই মিশনের কাজ হবে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইন, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার না করে শুধু মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় সহায়তা দেওয়া।

        যদি কখনো মনে হয়, এই অংশীদারত্ব আর জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে সরকার চুক্তি থেকে বের হয়ে আসার অধিকার রাখে বলেও প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সরকারের ৩ গুরুত্বপূর্ণ মিশনে হচ্ছে রদবদল

          অনলাইন ডেস্ক
          ১৮ জুলাই, ২০২৫ ১৮:৫৫
          অনলাইন ডেস্ক
          সরকারের ৩ গুরুত্বপূর্ণ মিশনে হচ্ছে রদবদল

          তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে।  

          পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

          জানা গেছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। আর কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।

          ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সম্মতিপত্র) চলে এসেছে। জসীম উদ্দিনের এগ্রিমো কানাডা থেকে দ্রুত চলে আসবে বলে আশা করা হচ্ছে।

          গত মে মাসে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। ওই সময়ে জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব থাকলেও তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত