শিরোনাম
প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফার দ্বাদশ দিনের মত আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনার সূচিতে প্রাধান্য পাচ্ছে- তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতি নিয়োগবিধি ও জরুরি অবস্থা ঘোষণা।
এর আগে, উল্লেখ্য তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পূর্বের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ অধিকতর আলোচনা হওয়ার কথা রয়েছে।
বরাবরের মতো আজকেও আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
এছাড়া, কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন- বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সংলাপ শুরু হওয়ার আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, যেহেতু আপনারা রাজনৈতিক দল করেন, সেহেতু সব বিষয়ে আপনাদের একটি নির্দিষ্ট অবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদের প্রতি অনুরোধ, একটি মাঝামাঝি স্থানে এসে আমাদের দাঁড়াতে হবে। পরবর্তীতে যদি জনগণের কাছ থেকে আপনারা প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, তাহলে সেটি পরিবর্তন করতে পারেন এবং সেটি জনগণের রায়ের ওপর নির্ভরশীল থাকবে। কিন্তু কমিশন মনে করছে, একটি পর্যায়ে আসা ভালো।
তিনি আরো বলেন, আমরা আপনাদের বক্তব্যকে গুরুত্বহীন মনে করছি না, বরং আমরা চাচ্ছি সকলে একটি ঐকমত্যে পৌঁছাক। চাইলেই এ আলোচনা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তাতে বিদ্যমান পরিস্থিতিই থেকে যাবে। আমাদের একটি জায়গায় আসতে হবে- এই বিবেচনাটা যদি আপনারা করেন, তাহলে আমাদের পক্ষে ঐকমত্য গঠন করা সম্ভব।
তিনি সকলের প্রতি কিছুটা ছাড় দিয়ে ও কিছুটা অবস্থান পরিবর্তন করে একটি জায়গায় আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা অবস্থার পরিবর্তন করে হলেও এগিয়ে আসুন। না হলে আমরা যেখানে আছি, সেখানেই থেকে যাব। গ্রহণযোগ্যতার দিক থেকে এইটুকু বিবেচনা করুন যে, এটা সম্ভব কি-না।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এর আগে, দফায় দফায় বৈঠকে কমিশন প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণকল্পে স্বতন্ত্র কমিটি গঠন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।
কমিশন সূত্রে জানা যায়, আলোচনা শেষে ব্রিফ করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
এনআইডি কীভাবে পাবেন, কারা পাবেন?
বাংলাদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) একটি অপরিহার্য দলিল। এটি শুধু একজন নাগরিকের পরিচয়ই বহন করে না, বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্যও এটি অত্যাবশ্যক।
কারা জাতীয় পরিচয়পত্র পাবেন? জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকতে হবে–
ক. বাংলাদেশের নাগরিক হতে হবে : আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ. বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত জন্ম তারিখ অনুযায়ী বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
গ. পূর্বে নিবন্ধিত হননি : যিনি পূর্বে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধিত হননি। অর্থাৎ বাংলাদেশের যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং যারা পূর্বে ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তারাই নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া : জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা যায়–
১. অনলাইন আবেদন ফরম পূরণ : প্রথমে নির্বাচন কমিশনের এনআইডিডব্লিউ সেবাগুলোর ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd) প্রবেশ করতে হবে। ‘নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করুন’ অপশনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ফরম-২ (নতুন ভোটার নিবন্ধন ফরম) সঠিকভাবে পূরণ করতে হবে। ফরম পূরণের সময় সব তথ্য নির্ভুলভাবে দেওয়া অত্যন্ত জরুরি। ফরম পূরণ সম্পন্ন হলে পূরণ করা ফরমটি ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও সত্যায়ন : আবেদন ফরমের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে এবং ক্ষেত্রবিশেষে সত্যায়িত করতে হতে পারে।
অনলাইন জন্মনিবন্ধন সনদ : অবশ্যই ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি দিতে হবে।
পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত, পিতা-মাতা মৃত হলে অনলাইন মৃত্যু সনদ)।
স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বিবাহের কাবিননামা/নিকাহনামা (বিবাহিতদের ক্ষেত্রে সত্যায়িত)।
শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে, যেমন– এসএসসি/জেএসসি/পিইসি সনদের ফটোকপি)।
নাগরিকত্ব সনদ : ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি।
ঠিকানার প্রমাণপত্র : চৌকিদারি/হোল্ডিং ট্যাক্স/বাড়ি ভাড়ার রশিদ অথবা বিদ্যুৎ/গ্যাস/পানি বিলের ফটোকপি। যদি নিজের নামে বিল না থাকে, তবে পিতামাতার নামে বিলের কপি ও তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
পাসপোর্টের ফটোকপি : (প্রবাসী পাসপোর্টধারীদের ক্ষেত্রে)।
অঙ্গীকারনামা : (প্রযোজ্য ক্ষেত্রে)।
চাকরিজীবীদের ক্ষেত্রে : সার্ভিস বহি/পেনশন বহির ফটোকপি (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)।
রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন : (যদি থাকে)।
৩. শনাক্তকারী ও যাচাইকারীর স্বাক্ষর : প্রিন্ট করা ফরম-২ এর শনাক্তকারীর ক্রমিকে নিকটাত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন) এর এনআইডি নম্বর ও স্বাক্ষর নিতে হবে। যাচাইকারীর ক্রমিকে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার অথবা ওয়ার্ড কমিশনারের নাম, আইডি নম্বর, স্বাক্ষর ও সিল নিশ্চিত করতে হবে।
৪. ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান : পূরণ করা ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে ছবি, আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি প্রাপ্তি স্বীকার স্লিপ দেওয়া হবে।
৫. জাতীয় পরিচয়পত্র সংগ্রহ : প্রাপ্তি স্বীকার স্লিপে উল্লিখিত তারিখে অথবা এসএমএস পাওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। অনেক সময় এনআইডি ওয়ালেট অ্যাপ বা এনআইডিডব্লিউ ওয়েবসাইট থেকেও ভার্চুয়াল এনআইডি ডাউনলোড করে ব্যবহার করা যায়।
গুরুত্বপূর্ণ কিছু বিষয় : আবেদন করার সময় সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে দিতে হবে। ভুল তথ্য দিলে শাস্তির বিধান রয়েছে। সব কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখুন, প্রয়োজন হতে পারে। প্রবাসীরা বাংলাদেশের হাইকমিশন/দূতাবাসের মাধ্যমেও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে কিছু ভিন্ন কাগজপত্র ও প্রক্রিয়া অনুসরণ করতে হতে পারে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্যও নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া ও ফরম রয়েছে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি নাগরিক অধিকার এবং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাই সব ধাপ অনুসরণ করে নির্ভুলভাবে আবেদন করা উচিত।
সতর্কতা : কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সাহায্য না নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করুন। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫ নম্বরে ফোন করতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ১৪ জুলাই থেকে ৬০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এ ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।
এরপর ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে এ মেয়াদ ৬০ দিন বাড়ান হয়েছিল। ওইদিনের প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়।
এরপর আরও কয়েক ধাপে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগে আবারও ৬০ দিন বাড়ানো হলো।
দেশজুড়ে আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ (রবিবার) থেকেই সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।’
মিটফোর্ড হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এরইমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জনকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত থাকুক না কেন; তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।’
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরইমধ্যে খুলনার হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিশ্বাস করে, অপরাধী অপরাধীই—তা সে যে-দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’
নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আমরা নির্বাচনকে ঘিরে যেসব নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছি, তা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করতে পারব বলে আশা করছি। আমাদের অংশটুকু যথাসময়ে ও সুচারুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’
কয়েকটি আসনের লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা(বিএনপি) ভেবে ছিল ২/৩টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারা লোভ দেখিয়ে, তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই।
হাসনাত আব্দুল্লার বক্তব্যের উদ্বৃত্তি দিয়ে নাহিদ বলেন, ৫আগষ্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশকে পূনর্গঠন করি। সকল বিভাজন সবকিছুর উর্দ্ধে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাই দেয়নি। তারা বলেছিলো ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ায় ছাড়া দেশ সংস্কারে তাদের কোন সমর্থন পাওয়া যায়নি । শনিবার দুপুর ১ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিংসক তাসনীম জারা। এছাড়া মঞ্চে শ্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই—বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য