ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চানখাঁরপুলে হত্যাকাণ্ড

যার নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে উল্লাস করে পুলিশ

অনলাইন ডেস্ক
৪ জুলাই, ২০২৫ ১৯:৪৬
অনলাইন ডেস্ক
যার নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে উল্লাস করে পুলিশ

৫ আগস্ট চানখাঁরপুলে ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। গুলিতে শহীদ হন আন্দোলনকারীরা। 

হত্যার পর পুলিশ সদস্যরা উচ্চৈঃস্বরে বলেন- ‘গুলি লাগছে, লাগছে’ ‘শেষ’ ‘মরছে, মরছে’ বলে মৃত্যু নিশ্চিতের পর উল্লাস করেন। এদিন চানখাঁরপুল এলাকায় শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্রে গুলি করে হত্যার ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। মামলায় কনস্টেবল অজয় ঘোষকে অন্যতম সাক্ষী করা হয়েছে।

জানা গেছে, সেদিন ছাত্র-জনতার মিছিল আটকাতে চানখাঁরপুল এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল অজয় ঘোষ। ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন। এরপরও কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের ওপর গুলি না করলে, তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নেন আখতারুল। তিনি সেই রাইফেল কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন। তারপর কনস্টেবল সুজন হোসেন সেই রাইফেল দিয়ে কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে। একই ভাবে আখতারুল ইসলাম অন্যান্য পুলিশ সদস্যদেরকেও হত্যাকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার এই মামলার চার আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে (ডিসচার্জ) পৃথক আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি হয়। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ জুলাই তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। 

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জানতে চাইলে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ যুগান্তরকে বলেন, ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য কনস্টেবল অজয় ঘোষ তার হাতে চাইনিজ রাইফেল দিয়ে অপ্রয়োজনে গুলি করতে অস্বীকার করেন। তার হাতে থাকা রাইফেলটি পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলাম কনস্টেবল সুজন হোসেনকে দেন। সেই রাইফেল দিয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে সুজন। এই মামলায় অজয় ঘোষকে সাক্ষী করা হয়েছে। তিনি বলেন, একইভাবে আখতারুল ইসলাম অন্যান্য পুলিশ সদস্যদেরকেও হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) উঠে এসেছে সেদিনের মানবতাবিরোধী অপরাধের বর্ণনা। এতে বলা হয়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী নিরস্ত্র ছাত্র-জনতার কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিল ছিল। বৈষম্যবিরোধী নিরস্ত্র ছাত্র-জনতার কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিল প্রতিহত করতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। দুপুর অনুমান আড়াইটার দিকে কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল মো. নাসিরুল ইসলাম প্রাণঘাতী চাইনিজ রাইফেল দিয়ে সুনির্দিষ্টভাবে নিরস্ত্র নিরীহ শান্তিপূর্ণভাবে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর বিনা প্ররোচনায় গুলি করে হত্যা করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে ৬ জনকে হত্যা করেন আসামিরা। চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ‘সম্পৃক্ততা’ রয়েছে। যেহেতু তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির তদন্ত চলছে, সেজন্য এই মামলায় তাদের আসামি করা হয়নি। তবে নির্দেশদাতা ও পরিকল্পনায় যে তাদের ভূমিকা আছে, সেটার বর্ণনা এই চার্জশিটে রয়েছে।

এতে আরও বলা হয়, আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া। পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্য অভিযুক্তরা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্তদের গুলি চালানোর নির্দেশ দেন। তাদের সহযোগিতা ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

এ মামলায় আট আসামির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। মামলার অপর চার আসামি গ্রেফতার আছেন। 

তারা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আল-জাজিরার প্রতিবেদন

    বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’,

    অনলাইন ডেস্ক
    ৪ জুলাই, ২০২৫ ১৯:৩৩
    অনলাইন ডেস্ক
    বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’,

    বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রাম। নিজের অসম্পূর্ণ ইটের বাড়ির সামনে বসে আছেন ৪৫ বছর বয়সী সফিরুদ্দিন। পেটের নিক্সের অংশে ডান পাশটা চাপলে এখনও ব্যথা অনুভব করেন তিনি। পরিবারকে অনটন থেকে মুক্ত করতে এবং তিন সন্তানের জন্য একটি বাড়ি তৈরি করতে ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করে দেন ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পান সাড়ে ৩ লাখ টাকা।

    কিন্তু সেই টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে। বাড়ির নির্মাণকাজ থেমে আছে। আর শরীরের এই অসহ্য ব্যথা প্রতিনিয়ত মনে করিয়ে দেয়—সেই সিদ্ধান্তের মূল্য কতটা চড়া ছিল।

    সফিরুদ্দিন এখন একটি হিমাগারে দিনমজুর হিসেবে কাজ করেন। ক্রমশ দুর্বল হয়ে পড়া শরীর নিয়ে দিন পার করছেন কষ্টে। নিয়মিত কাজে অংশ নেওয়াটাও হয়ে উঠছে দুঃসাধ্য। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রী আর সন্তানদের জন্যই সব করেছি।’ 

    শুরুতে ভয় থাকলেও দালালের কথায় পরে রাজি হয়ে যান তিনি। ভিসা, ফ্লাইট, হাসপাতাল সংক্রান্ত সব কাগজপত্রই ঠিক করে দেয় তারা। মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ছিল নিজেরই, কিন্তু হাসপাতালের কাগজপত্রে তাকে রোগীর আত্মীয় হিসেবে দেখানো হয়। এমনকি, ভুয়া আইডি, নকল জন্মসনদ বা নোটারি সার্টিফিকেটও বানানো হয়। অথচ যাকে কিডনি দিয়েছেন, তিনি কে—সেটাও জানেন না সফিরুদ্দিন।

    ভারতের আইন অনুযায়ী, শুধুমাত্র নিকটাত্মীয়দের মধ্যে কিডনি প্রতিস্থাপন করা বৈধ। তবে সরকারি অনুমোদন থাকলে অন্য কেউ দান করতেও পারেন। কিন্তু দালালরা এসব আইন পাশ কাটিয়ে ভুয়া পরিবারিক সম্পর্ক তৈরি করে, এমনকি কখনও কখনও ভুয়া ডিএনএ রিপোর্টও বানিয়ে দেয়। 

    মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গসংগঠন ‘অর্গান ট্রান্সপ্লান্টেশন টাস্কফোর্স’-এর সদস্য মনির মোনিরুজ্জামান জানান, ‘প্রতারণার নিয়মটা মোটামুটি একই—নাম বদল, ভুয়া নোটারি সার্টিফিকেট, আত্মীয় প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্রের জাল কপি ইত্যাদি।’

    বাইগুনি গ্রামে সফিরুদ্দিনের অভিজ্ঞতা আলাদা কিছু নয়। প্রায় ছয় হাজার মানুষের এই গ্রামে এত বেশি মানুষ কিডনি বিক্রি করেছেন যে জায়গাটিকে অনেকে বলেন ‘এক কিডনির গ্রাম’। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগ বিক্রেতাই ৩০ থেকে ৪০ বছর বয়সী পুরুষ, যারা দারিদ্র্যের কারণে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কেউবা ঋণের বোঝা, মাদকাসক্তি কিংবা জুয়ার আসক্তি থেকেও এই সিদ্ধান্ত নিয়েছেন।

    সফিরুদ্দিন জানান, অপারেশনের পর তার পাসপোর্ট, প্রেসক্রিপশন কিছুই ফেরত দেয়নি দালালরা। এমনকি ওষুধটুকুও জোটেনি। অপারেশনের পরে পর্যাপ্ত চিকিৎসা বা পর্যবেক্ষণ ছাড়াই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এমন অনেক সময় দালালরা কিডনি বিক্রেতাদের কাগজপত্র কেড়ে নিয়ে কোনো প্রমাণ রাখে না, যাতে তাদের কোনো চিকিৎসা দাবি বা অভিযোগ করাও সম্ভব না হয়।

    এই অঙ্গগুলো মূলত বিক্রি হয় ভারতের ধনী রোগীদের কাছে, যারা বৈধ প্রক্রিয়ায় কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকতে চান না। ভারতে ২০২৩ সালে মাত্র ১৩,৬০০টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, অথচ বছরে প্রায় ২ লাখ মানুষ শেষ ধাপের কিডনি রোগে আক্রান্ত হন।

    ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘কিছু মানুষ জানাশোনা সত্ত্বেও বিক্রি করেন, তবে অনেকেই প্রতারিত হন।’ 

    এমনকি কেউ কেউ কিডনি বিক্রির টাকাও পুরোপুরি পান না। যেমন, মোহাম্মদ সাজল (ছদ্মনাম) ২০২২ সালে দিল্লির ভেঙ্কটেশ্বর হাসপাতালে নিজের কিডনি বিক্রি করেন ১০ লাখ টাকা চুক্তিতে, কিন্তু তিনি পান মাত্র সাড়ে ৩ লাখ টাকা। প্রতারিত হয়ে পরে তিনিও এই চক্রে যুক্ত হন, বাংলাদেশ থেকে কিডনি বিক্রেতা খুঁজে বের করে ভারতে পাঠাতে থাকেন।  টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হওয়ায় কিছুদিন পর তিনি এ চক্র থেকে বেরিয়ে আসেন। এখন ঢাকায় রাইড শেয়ারিং ড্রাইভার হিসেবে কাজ করেন তিনি, কিন্তু সেই অতীতের ক্ষত তাকে আজও তাড়িয়ে ফেরে।

    অন্যদিকে যেসব হাসপাতাল এসব অবৈধ প্রতিস্থাপন করে, তাদের বিরুদ্ধে ভারত বা বাংলাদেশ দুই দেশেরই কোনো সমন্বিত তথ্য বা ব্যবস্থা নেই বলে জানান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক শাহ মুহাম্মদ তানভির মনসুর। ভারতের হাসপাতালগুলো মাঝেমধ্যে দায় এড়িয়ে চলে এই বলে যে, কাগজপত্র যাচাই করে তবেই অনুমোদন দেওয়া হয়েছিল।

    তবে মনিরুজ্জামান বলেন, অনেক হাসপাতালই জেনে-বুঝেই জাল কাগজ গ্রহণ করে কারণ ‘অধিক কিডনি প্রতিস্থাপন মানে অধিক আয়’। ভারতের হাসপাতালগুলো বছরে কয়েক হাজার বিদেশি রোগীকে চিকিৎসা দেয়, যা দেশটির ৭.৬ বিলিয়ন ডলারের মেডিকেল ট্যুরিজম শিল্পের অংশ।

    ২০১৯ সালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কিডনি চক্র নিয়ে তদন্তের পর কিছু চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ২০২৪ সালে দিল্লিতে ড. বিজয়া রাজাকুমারিকে গ্রেপ্তার করা হয়, যিনি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ১৫ জন বাংলাদেশির কিডনি প্রতিস্থাপন করেন। তবে এই তদন্তগুলো এতটাই বিচ্ছিন্ন যে পুরো ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনা যায়নি।

    দালাল মিজানুর রহমান জানান, প্রতিটি কিডনি ট্রান্সপ্ল্যান্টে খরচ হয় প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকা। কিন্তু বিক্রেতারা পান মাত্র ৩ থেকে ৫ লাখ টাকা। বাকি টাকা দালাল, কাগজপত্র তৈরি করা কর্মকর্তা, চিকিৎসকসহ সংশ্লিষ্ট অনেকের পকেটে যায়। কখনও কখনও কাজের প্রলোভন দেখিয়েও মানুষকে কিডনি বিক্রির ফাঁদে ফেলা হয়। অনেকেই কাজের সন্ধানে ভারতে গিয়ে সেখানে অপারেশনের পর ফেলে রাখা হন।

    ভারতের কিডনি ওয়ারিয়ার্স ফাউন্ডেশনের প্রধান বাসুন্ধরা রঘুবংশ বলেন, ‘আইন থাকলেও বাস্তবতা হলো, এটা এক কালোবাজারে পরিণত হয়েছে। যেহেতু চাহিদা থেমে নেই, সেহেতু এ ব্যবসাও চলছেই।’ তিনি মনে করেন, অঙ্গ দান পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলে একটি সুশৃঙ্খল ও মানবিক ব্যবস্থাপনা গড়ে তোলাই হতে পারে একমাত্র সমাধান। যেখানে কিডনি বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা, অস্ত্রোপচারের পর দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    আর বাইগুনি গ্রামে, সফিরুদ্দিন এখনো অর্ধনির্মিত ঘরের বারান্দায় বসে ভাবেন, কবে শেষ হবে তার স্বপ্নের ঘর। তিনি ভেবেছিলেন, এই পথ হয়তো পরিবারকে একটু স্বস্তি এনে দেবে। কিন্তু এখন তিনি একজন অসুস্থ বাবা, যার পাশে দাঁড়ানোর কেউ নেই। তার কণ্ঠে শুধু তিক্ততা—‘তারা কিডনি নিলো আর আমাকে ফেলে চলে গেল।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে কারা

      অনলাইন ডেস্ক
      ৪ জুলাই, ২০২৫ ১৮:১৭
      অনলাইন ডেস্ক
      পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে কারা

      ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনীতিতে বিতর্ক বাড়ছে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি এখন আলোচনার কেন্দ্রে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির কঠোর বিরোধিতা করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশকিছু রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষে-বিপক্ষের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

      নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে বিভিন্ন কারণে চারটি দলের নিবন্ধন বাতিল রয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ১৮টি দল পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে। বিপক্ষে অবস্থান ২৮টি দলের। চারটি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি। কিছু দল আংশিকভাবে এই পদ্ধতির পক্ষে। বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী। এর বাইরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। মূলধারার ইসলামী দলের মধ্যে পাঁচটি দল পিআর পদ্ধতির পক্ষে, দুটি বিপক্ষে এবং দুটি দল অবস্থান পরিষ্কার করেনি।

      পিআর পদ্ধতি নিয়ে কোন দলের কী অবস্থান: পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), তৃণমূল বিএনপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) ও বাংলাদেশ কংগ্রেস।

      অন্যদিকে, বিদ্যমান নির্বাচন ব্যবস্থার পক্ষে রয়েছে বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (নিম্নকক্ষ বিদ্যমান ব্যবস্থায় এবং উচ্চকক্ষ পিআর), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিম্নকক্ষ বিদ্যমান ব্যবস্থায় এবং উচ্চকক্ষ পিআর), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), নাগরিক ঐক্য (নিম্নকক্ষ বিদ্যমান ব্যবস্থায় এবং উচ্চকক্ষ পিআর), গণসংহতি আন্দোলন (নিম্নকক্ষ বিদ্যমান ব্যবস্থায় এবং উচ্চকক্ষ পিআর)।

      ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। আর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই পদ্ধতির বিপক্ষে রয়েছে। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোট এখনো সিদ্ধান্ত নেয়নি।

      জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এই পদ্ধতির প্রবক্তাই হলো জাতীয় পার্টি, কিন্তু এই স্বল্প সময়ে এই পদ্ধতিতে নির্বাচন অসম্ভব। তাই আগামী নির্বাচন এই পদ্ধতিতে না হয়ে প্রচলিত পদ্ধতিতেই হোক। তবে পিআর নিয়ে আলোচনা হতে পারে।

      কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, বাংলাদেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, সেখানে মানুষ ব্যালট পেপারে ভোট দেবে সেটাই উত্তম। নতুন কোনো পদ্ধতির আশ্রয় নিলে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হবে। সরকারি প্রভাবমুক্ত, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এতেই দেশের অর্ধেক ঝামেলামুক্ত হবে। মানুষ দেশের মালিকানা বুঝে নিতে চায়, প্রচলিত সাংবিধানিক পদ্ধতিতে ভোট চায়।

      জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, এই পদ্ধতিতে নির্বাচন করতে হলে তো সংবিধান সংশোধন করতে হবে, সেজন্য সংসদ চালু থাকতে হবে। এখন তো সংসদই নেই।

      তরীকত ফেডারেশন বলেছে, সাংবিধানিক উপায়ে নির্বাচন চাই, অসাংবিধানিক কোনো উপায়কে সমর্থন করতে পারি না।

      বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ বলছে, সংবিধানের বাইরে তারা কিছু চায় না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টির নেতারা বলছেন, ঐকমত্য কমিশন যেহেতু তাদের কাছে কোনো মন্তব্য জানতে চায়নি, তাই তারা এ বিষয়ে কোনো বক্তব্য দেবেন না।

      বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ১৯৯০ সাল থেকেই আমরা এই দাবি করে আসছি। তবে এখন যে সময় আছে, তাতে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এখন প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।

      বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ। এজন্য দুটি পদ্ধতি আছে। একটি বর্তমানে যা আমাদের দেশে চালু আছে, অন্যটি (পিআর) নিয়ে আলোচনা হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে সংখ্যালঘু দ্বারা সংখ্যাগুরু শাসিত হয়। আর এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব থাকে। তবে এই পদ্ধতিরও কিছু নেতিবাচক দিক আছে। তবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে তা ইতিবাচক।

      মুক্তি জোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায়। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা না হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাকের পার্টি, গণফ্রন্ট ও বিকল্প ধারা।

      ইসলামী দলগুলোর অবস্থান:

      গত ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির বিষয়টি বেশ জোরালোভাবে তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। সেদিন ডান ব্লকের ১০টি রাজনৈতিক দল একমঞ্চে উঠে পিআর পদ্ধতির ব্যাপারে দাবি তুলে ধরে নেতারা বলেছেন, পিআর পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

      বিএনপিও ওই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। ওইদিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘পিআর পদ্ধতির দাবি তুলে একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে। পিআর পদ্ধতি কই থেকে আসে? কে দেয় বুদ্ধি আপনাদের? এ সমস্ত কু-পরামর্শ নিয়ে, এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে।’

      এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কালবেলাকে বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের তার কথা বলার অধিকার রয়েছে। সে তার মতো চেষ্টা করবে। কিন্তু সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। গণতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাস করলে আগামী নির্বাচনে এটা (পিআর পদ্ধতি) জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর জন্য প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। অর্থাৎ জনগণের ভোটে একটি সরকার গঠন করতে হবে।’

      খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো কিছুটা অস্বস্তিতে পড়ে। কারণ, রাজনৈতিক মহলে তখন আলোচনা উঠেছে, রাজনীতিতে বিএনপির গুরুত্ব বেড়েছে, অন্য দলগুলোর গুরুত্ব কমেছে। অনেকের মতে, এমন পরিস্থিতিতে দলগুলোকে এক করে দেয়। বিশেষ করে জামায়াতে ইসলামী নেপথ্যে থেকে ইসলামপন্থিদের সংগঠিত করার উদ্যোগ নেয়।

      এরই অংশ হিসেবে নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা করে অবশেষে গত শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এক মঞ্চে ওঠেন তারা। ওই মঞ্চ থেকে বক্তৃতাকালে বিএনপিকে ইঙ্গিত করেই বিভিন্ন কথা বলা হয়। রাজনৈতিক চিত্রটা এমনভাবে উঠেছে, এই দলগুলোর প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। ফলে ওইদিনই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য আছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এটি একটি জটিল প্রক্রিয়া।’

      এদিকে ইসলামী দলগুলোকে নিয়ে চলতি মাসের ১৯ জুলাই জামায়াতে ইসলামী বিশাল শোডাউনের পরিকল্পনা করছে। এরপর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদও মহাসমাবেশ করতে পারে। এই দলগুলো একমঞ্চে উঠবে। তারা পিআর পদ্ধতির ব্যাপারে আরও কঠোর অবস্থানে যেতে চায়। এমন পরিস্থিতি তৈরি হলে শুধু বিএনপি নয়, নির্বাচন প্রশ্নে সরকারও দ্বিধান্বিত হতে পারে। কারণ, প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলেছেন, সংস্কার কাজ শেষ করতে পারলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অসুবিধা নেই। এমন পরিস্থিতিতে বিএনপি ধরে নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এই দলগুলো যদি পাল্টা চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ নিয়েও জটিলতা তৈরি হতে পারে।

      পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কালবেলাকে বলেন, ‘বিশ্বের ৬০-৬২টি দেশে পিআর পদ্ধতিতে ভোট হয়। আমরাও সবাই পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে একমত। কেননা, পিআর পদ্ধতিতে ভোট কারচুপি, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার এবং কেন্দ্র দখলের সুযোগ থাকে না। প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দলের এমপি নির্বাচিত হবেন। এখানে ব্যক্তি নয়, দলের স্বার্থ থাকে।’

      তিনি বলেন, ‘আমরা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানাতে থাকব। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি আমরা প্রথম তুলেছিলাম এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার ব্যবস্থার দাবি বাস্তবায়ন হয়েছে। আশা করি, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জনগণ মেনে নেবে একদিন।’

      ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালেও রাজপথে কোনো সংঘাত হবে না। কারণ প্রত্যেক দলের আদর্শ, দর্শন ও নীতি ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। ফ্যাসিজম ও স্বৈরতন্ত্র মোকাবিলার একমাত্র নিরাপদ পদ্ধতি হলো পিআর। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না।’

      বিএনপির পিআর পদ্ধতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘তাদের তো অনেক ভোটব্যাংক। নির্বাচন হলে তারা ৮০ ভাগ আসন পাবে। জনগণ যদি ভোট দেয়, তাহলে তারা ক্ষমতায় যাবে। ৮০ ভাগ আসন পেলে ৮০ শতাংশ ভোট পেতে হবে। ৩০ বা ৪০ শতাংশ ভোট পেয়ে ৮০ ভাগ আসন নিয়ে নেবে, এটা তো হতে পারে না।’

      বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা আংশিক পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ।’

      খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের বলেন, ‘বিএনপি তো অনেক বিষয়েই দ্বিমত পোষণ করছে। তাদের সঙ্গে অনেক মতামত মিলছে না। তবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সবকিছু করা হবে।’

      নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন সামনে রেখে এখন নিম্নকক্ষে পিআর করার সময় পাওয়া যাবে না। সময়ের বিবেচনায় আমরা এখন নিম্নকক্ষে পিআর চাই না। কারণ, এখানে ঐকমত্য হওয়ারও ব্যাপার রয়েছে। কিন্তু উচ্চকক্ষে পিআর চাই।’

      বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমাদের দেশের মানুষ সামগ্রিকভাবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয়। এবার উচ্চকক্ষে সেটা শুরু করলে পরবর্তীকালে আমরা অভিজ্ঞতার ভিত্তিতে নিম্নকক্ষেও সিদ্ধান্ত নিতে পারব।’

      গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘পিআর পদ্ধতি এখন পর্যন্ত আলোচনার বিষয় নয়, কোনো কোনো দলের রাজনৈতিক দাবি। এখন উচ্চকক্ষে পিআরের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এর পক্ষে আমরা অবস্থান নিয়েছি।’

      এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা পিআর ব্যবস্থার পক্ষে। কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে যখন দলীয়ভাবে আমাদের সংলাপ হয়, তখন জাতীয় ঐকমত্যে পৌঁছানোর সুবিধার্থে আমরা একটু ছাড় দিতে সম্মত হই। উচ্চকক্ষে পিআর পদ্ধতির ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে আমরা নিম্নকক্ষে প্রচলিত ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট বা এফপিটিপি পদ্ধতিতে ভোট হওয়ার ব্যাপারে সম্মত হই।’

      গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে ভবিষ্যতে কোনো স্বৈর সরকার প্রতিষ্ঠিত হবে না। সব মিলিয়ে ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ঠেকানোর জন্য এটি একটি কার্যকর মাধ্যম হতে পারে।’

      বিশ্লেষক মত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ, আঞ্চলিক দল নেই এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নয়। অথচ পিআর পদ্ধতির নির্বাচনের জন্য এ তিনটি শর্ত লাগে। দেশে পিআর পদ্ধতির নির্বাচন হলে নতুনভাবে জটিলতা তৈরি হবে। এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে গেলে সরকার কাজই করতে পারবে না। সুতরাং এই ইস্যুতে আরও বিশদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, পিআরের প্রকারভেদ রয়েছে। বিশ্বের ৭০টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। তবে একেক দেশের পদ্ধতি একেক রকম।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

        অনলাইন ডেস্ক
        ৪ জুলাই, ২০২৫ ১৪:৪৬
        অনলাইন ডেস্ক
        সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

        সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

        গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

        এতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

        এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

        এছাড়া সভায় ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ ১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বর, ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস’ ‘খ’ শ্রেণি হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

        পাশাপাশি ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সই প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বরে গৃহীত ‘ব্যয়িত জ্বালানি ব্যবস্থাপনার নিরাপত্তা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা বিষয়ক যৌথ কনভেনশনে’ সইয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়।

        মন্তব্য

        জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না : নাহিদ

        অনলাইন ডেস্ক
        ৩ জুলাই, ২০২৫ ১৬:৩১
        অনলাইন ডেস্ক
        জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না : নাহিদ

        জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

        বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

        নাহিদ বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা খুব শিগগিরই দেশব্যাপী ছড়িয়ে এটা দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।

        এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম।

        এর আগে সৈয়দপুরে জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত