শিরোনাম
নতুন ৪ পরিচালক পেল দুদক
চারজন উপপরিচালককে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
সোমবার (২৩ জুন) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. হেজাজ উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহাম্মদ নূরুল হুদা।
আদেশে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৫ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সবাই বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত।
একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের হানা
জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন) দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতেনাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ সারা দেশের ১৩ নির্বাচন অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।
যেসব অফিসে দুদকের অভিযান– দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা নির্বাচন অফিস।
অভিযোগ মূলত জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানি। অভিযোগ রয়েছে দালালের মাধ্যমে লেনদেনের।
এর আগে গত ৭ মে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিস, গত ২৯ এপ্রিল বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬ অফিসে এবং গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে দুদক। এরই ধারাবাহিকতায় সরকারি সেবা নিয়ে একযোগে ১৩ নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি
কাপনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন দমাতে এবার কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে রুটিন কাজ বলা হলেও বিধিবহির্ভূতভাবে বদলি করার অভিযোগ করেছেন কর্মকর্তারা।
তারা বলছেন, সরকারি কর্মচারীদের ঢাকার বাইরে বা ভিন্ন জেলায় বদলি করলে যোগদানের জন্য নূন্যতম ৫ কর্মদিবস সময় থাকলেও এনবিআরের সর্বশেষ আদেশে তা মানা হয়নি।
রোববার এনবিআরের আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ বদলির সিদ্ধান্ত এলো।
কর প্রশাসনের এক আদেশে বলা হয়, উপ কর কমিশনার শাহ্ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে বদলি করে ময়মনসিংহ কর অঞ্চলে পাঠানো হয়েছে। উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে থেকে খুলনা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে সরিয়ে বদলি করা হয়েছে বগুড়া কর অঞ্চলে। এ ছাড়া উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে পাঠানো হয়েছে।
এর আগে শুল্ক ও ভ্যাট প্রসাশন-১ এর প্রথম সচিব আমীনুল ইহসানকে বদলি করে মূসক বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নতুন করে শুল্ক প্রসাশনের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দুটি কাস্টম হাউসে তার কর্মকান্ডের জন্য দুইবার স্ট্যান্ড রিলিজ হওয়ার নজির রয়েছে। এর আগে আন্দোলনে সামনের সারির দুই কর কমিশনারকে বদলি করা হয়।
স্বাধীন বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ
স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
রবিবার (২২ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনো আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছেন ট্রাইব্যুনাল। ’ অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার মতে, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহি।’
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলা করার পর সন্ধ্যায় তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা সোপর্দ করে জনতা।
বিএনপির পক্ষ থেকে দায়ের মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক চার আইজিপিও আসামি।
মামলা থাকলেও পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার না বলে আটক রাখার কথা বলা হয়েছে।
নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি সাবেক এ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলার গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, রোববার (২২ জুন) আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেছে বিএনপি। মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক চার আইজিপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য