ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাড়ছে সংক্রমণ

করোনার ওমিক্রন প্রতিরোধে প্রয়োজন নতুন টিকা

অনলাইন ডেস্ক
১২ জুন, ২০২৫ ১৯:২০
অনলাইন ডেস্ক
করোনার ওমিক্রন প্রতিরোধে প্রয়োজন নতুন টিকা

পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের (ধরন) দু-একটি সাব-ভ্যারিয়েন্টের (উপ-ধরন) সংক্রমণ বাড়ছে। বাংলাদেশেও নতুন একটি উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। যে সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর নতুন টিকা। বিশেষ করে যে টিকাগুলো ২০২৪-২৫ সালে উৎপাদিত হয়েছে। এমন তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন টিকাগুলো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিশেষ কার্যকর। তবে নতুন টিকা না থাকলে পুরোনো টিকা নিয়েও এটি প্রতিরোধ করা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা এর আগে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেননি এবং যাদের কো-মর্বিডিটি রয়েছে (যেমন—হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি) তাদের টিকা নিতে হবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরও টিকা নিতে হবে। এ ছাড়া অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে প্রতিবার গর্ভধারণের পর টিকা গ্রহণ করতে হবে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশীদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্ত্বা এবং যাদের শ্বাসতন্ত্রের রোগ রয়েছে তাদের টিকা নিতে হবে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সব সাব-ভ্যারিয়েন্টের ক্ষেত্রে নতুন টিকা বিশেষ কার্যকর, তবে পুরোনো টিকাও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ১৭ লাখ টিকা মজুত রয়েছে। আমরা সেগুলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে প্রদানের ব্যবস্থা করব।’

সংক্রমণ ঠেকাতে ১১ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, যাদের শরীরে করোনা রোগের লক্ষণ দেখা দেবে তাদের পরীক্ষা করাতে হবে। তবে সবার পরীক্ষা করানোর দরকার নেই বলেও জানান তিনি। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট মজুত রয়েছে কি না—জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে অধিদপ্তরের কাছে ২৮ হাজার র্যাপিড অ্যান্টিজেন কিট এবং ১০ হাজার আরটিপিসিআর (রিয়েল টাইম পলিমার চেইন রিঅ্যাকশন) কিট রয়েছে। নতুন করে কিট সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগির সেগুলো যুক্ত হবে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে মো. আবু জাফর বলেন, করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করতে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ১১ দফা নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। যেগুলোর মধ্যে জনসাধারণের জন্য করণীয়: ১. জনসমাগম এড়িয়ে চলা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ২. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক পরা ৩. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা ৪. ব্যবহৃত টিস্যু নিরাপদ স্থানে ফেলা ৫. নিয়মিত ২০ সেকেন্ড ধরে সাবান-পানি বা স্যানিটাইজারে হাত ধোয়া ৬. অপরিষ্কার হাতে চোখ-নাক-মুখ স্পর্শ না করা। ৭. আক্রান্তদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ: ১. উপসর্গ থাকলে বাড়িতে বিশ্রামে থাকা ২. রোগীকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া ৩. সেবাদানকারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা ৪. প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সংক্রমণ রোধে সরকার এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা, টিকা সরবরাহ, চিকিৎসা নির্দেশিকা, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন এবং আইসিইউ সুবিধাসহ বিশেষায়িত কভিড হাসপাতাল প্রস্তুত রাখা। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই, কেএন-৯৫ মাস্ক, ফেস শিল্ডসহ প্রয়োজনীয় সরঞ্জামও মজুত রাখা হয়েছে।

বিশেষজ্ঞের বক্তব্য: দেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি বলেন, ‘আমাদের দেশে কভিডের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে ভ্যারিয়েন্ট অব মনিটরিং হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ করছে। আক্রান্তদের মধ্যে যদি কারও কো-মর্বিডিটি থাকে, তাবে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবেন। এখনই বিশেষ ব্যবস্থা গ্রহণের অবস্থা সৃষ্টি হয়নি।’

এক দিনে শনাক্ত আরও ১০ জন: দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগের দিন (১০ জুন) ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুজন। এতে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় এই হার ০৯ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক, পাশে থাকার আশ্বাস

    অনলাইন ডেস্ক
    ১২ জুন, ২০২৫ ১৯:১২
    অনলাইন ডেস্ক
    ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক, পাশে থাকার আশ্বাস

    ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

    শোক বার্তায় ড. ইউনূস বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা।’

    তিনি আরও বলেন, ‘এই দুঃসময়ে আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত। অনুগ্রহ করে সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনায় আমার আশ্বাস গ্রহণ করুন।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

      অনলাইন ডেস্ক
      ১২ জুন, ২০২৫ ১৬:২৯
      অনলাইন ডেস্ক
      সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

      দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

      বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

      পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

      এ সময় এ সব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

      এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

      এদিন টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শনিবার থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

        অনলাইন ডেস্ক
        ১২ জুন, ২০২৫ ১৪:৪২
        অনলাইন ডেস্ক
        শনিবার থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

        ঢাকা মহানগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগামী ১৪ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

        আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

        নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।

        গণবিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, বিভিন্ন দাবির পক্ষে বা বিপক্ষে কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও সতর্ক করা হচ্ছে।

        উল্লেখ্য, ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। তবে বাস্তবে দেখা গেছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত এলাকাগুলোতেই কর্মসূচি পালন করেছে। এতে কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং জনভোগান্তিও বাড়ে। ফলে ডিএমপির নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

          অনলাইন ডেস্ক
          ১২ জুন, ২০২৫ ১৪:১৭
          অনলাইন ডেস্ক
          তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

          বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাই যেকোনো সময় তিনি আসতে পারেন। তিনি যে সময় মনে করবেন, তখনই দেশে ফিরতে পারবেন।

          আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে, অবশ্যই বাংলাদেশ তাদের গ্রহণ করবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় (প্রপার চ্যানেলে) আসতে হবে। কিন্তু ভারত এটা অনুসরণ না করে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে (পুশইন) পাঠাচ্ছে। বেআইনিভাবে অমানবিক ঠেলে পাঠানো হবে না। এ ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।

          এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

          পরে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তাঁর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা আছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত