ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শনিবার থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
১২ জুন, ২০২৫ ১৪:৪২
অনলাইন ডেস্ক
শনিবার থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগামী ১৪ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।

গণবিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, বিভিন্ন দাবির পক্ষে বা বিপক্ষে কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। তবে বাস্তবে দেখা গেছে, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্ধারিত এলাকাগুলোতেই কর্মসূচি পালন করেছে। এতে কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং জনভোগান্তিও বাড়ে। ফলে ডিএমপির নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক
    ১২ জুন, ২০২৫ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাই যেকোনো সময় তিনি আসতে পারেন। তিনি যে সময় মনে করবেন, তখনই দেশে ফিরতে পারবেন।

    আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে, অবশ্যই বাংলাদেশ তাদের গ্রহণ করবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় (প্রপার চ্যানেলে) আসতে হবে। কিন্তু ভারত এটা অনুসরণ না করে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে (পুশইন) পাঠাচ্ছে। বেআইনিভাবে অমানবিক ঠেলে পাঠানো হবে না। এ ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।

    এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    পরে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে তাঁর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা আছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বঙ্গবীর কাদের সিদ্দিকী’র স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তারেক রহমান

      অনলাইন ডেস্ক
      ১২ জুন, ২০২৫ ১৩:৫৪
      অনলাইন ডেস্ক
      বঙ্গবীর কাদের সিদ্দিকী’র স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তারেক রহমান
      বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

      বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

      গতকাল এক শোক বার্তায় তারেক রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

      গতকাল বুধবার রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বেশ কিছু সময় তিনি অবস্থান করে কাদের সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

      সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে শোক প্রকাশ করেছেন।

      এসময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

      বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

      গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

      কাদের সিদ্দিকীর সংগ্রামী রাজনৈতিক জীবনে তার ছায়ার মতো সঙ্গী ছিলেন স্ত্রী নাসরিন সিদ্দিকী। সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন আমৃত্যু।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        তাপপ্রবাহ প্রশমিত হতে পারে দেশের কিছু কিছু জায়গায়

        অনলাইন ডেস্ক
        ১২ জুন, ২০২৫ ১৩:২৮
        অনলাইন ডেস্ক
        তাপপ্রবাহ প্রশমিত হতে পারে দেশের কিছু কিছু জায়গায়

        আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

        এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

        আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

        আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

        গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী, রংপুর ও ডিমলায় ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন বান্দরবানে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

        গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৪১ মিলিমিটার।

        আজ সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়েছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

        আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ

          অনলাইন ডেস্ক
          ১২ জুন, ২০২৫ ১৩:২১
          অনলাইন ডেস্ক
          ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ

          কোরবানির ঈদের ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা মানুষজন। আজ (১২ জুন) সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।

          যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিন ঘুরে দেখা গেছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। যাত্রীরা নেমেই সিএনজি, রাইডশেয়ারিং অথবা পাবলিক পরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে সহজেই পৌঁছাতে পারছেন। 

          বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।

          যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি।

          সায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। বাসস্ট্যান্ডজুড়ে যাত্রীদের আসা-যাওয়া থাকলেও তারা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। কয়েকজন যাত্রী জানান, আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলোতে ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক।

          আসলাম নামের একজন যাত্রী বলেন, আমি সকালে ফেনী থেকে বাসে উঠেছি, মাত্র আড়াই ঘণ্টায় ঢাকায় পৌঁছে গেছি। মহাসড়কে যানজট ছিল না। 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত