ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
৩১ মে, ২০২৫ ১৯:৪৭
অনলাইন ডেস্ক
ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার কুরবানির ঈদেও ছুটি নিয়ে সুখবর দিয়েছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতে আবহাওয়া কেমন থাকবে তা জানা থাকা দরকার। আবহাওয়াবিদ জানিয়েছেন, ২ জুনের পর সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে টানা বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আট বিভাগেই আকাশের একই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি এমন এক সময় হচ্ছে যখন কুরবানির ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অনেকে। ঈদের ছুটি শুরু হলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তারা নিজ নিজ জেলায় ফিরতে শুরু করবেন।

গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল, তার প্রভাবেই সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

লঘুচাপটি পরে আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, বরং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।

শনিবার দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বাংলাদেশে আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঢাকায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আগামীকালও ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এক-দুই পশলা বৃষ্টি হবে।

এই আবহাওয়াবিদ জানান, ২ জুনের দিকে বৃষ্টিপাত কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না। এ সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।

আবুল কালাম মল্লিক জানান, ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে তিন দিন আগে আরো স্পেসিফিক করে বলা সম্ভব। এই পুরো সময়টা জুড়ে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে, তখন গরম অনুভূত হয়।

এই আবহাওয়াবিদ আরও জানান, আগামী ২ তারিখের পর গরম কিছুটা বাড়বে এবং আগামী ৭ জুনের পর ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে।

এদিকে আজ শনিবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে সারা দেশেই তাপমাত্রা বাড়তে পারে।

তাতে আরও বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলাদেশি ৮০,৭২৩ হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন

    অনলাইন ডেস্ক
    ৩১ মে, ২০২৫ ১৮:৫৬
    অনলাইন ডেস্ক
    বাংলাদেশি ৮০,৭২৩ হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন

    বাংলাদেশের ৮০ হাজার ৭২৩ জন হজযাত্রী এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন। 

    আজ রাতে হজযাত্রীদের নিয়ে যাওয়ার নির্ধারিত শেষ ফ্লাইটসহ মোট ২০৮টি ফ্লাইটে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন হজ অফিসের কর্মকর্তারা।

    এ বিষয়ে হজ অফিসের প্রকাশ করা একটি বুলেটিনে বলা হয়েছে, ‘গতকাল রাত পর্যন্ত সৌদি আরবে অন্তত ১৫ জন হজযাত্রী বার্ধক্যজনিত জটিলতা এবং নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণে মারা গেছেন।’

    চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জনসহ মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করছেন। 

    হজ অফিসের একটি সূত্র জানায়, হজ পালনে হজযাত্রীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করতে গতকাল রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সম্মেলন কক্ষে হজ প্রতিনিধিদল-২০২৫ এর একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

    সভায় মক্কা, মিনা ও আরাফাত ময়দানের হজযাত্রীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ আবাসন, পরিবহণ, খাদ্য এবং অন্যান্য বিষয় নিশ্চিত করাসহ হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

    আলোচনায় আরও অংশ নেন সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, প্রশাসনিক দলের টিম লিডার, কাউন্সিলর হজ, মেডিকেল টিম লিডার, সভাপতি ও মহাসচিব (হাব), আইটি টিম লিডার এবং অন্যান্য সদস্য ।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বাসস’কে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইট পরিচালনা করে ৪০,২৪৯ জন হজযাত্রীকে বহন করেছে। অন্য এয়ারলাইন্সগুলোর মধ্যে সৌদি এয়ারলাইন্স ৭৬টি ফ্লাইট পরিচালনা করে ২৯,১৪৪ জন হজযাত্রী বহন করেছে। এছাড়া রিয়াদ-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে ১১,৩৩০ জন হজযাত্রী পরিবহণ করেছে।

    তিনি বলেন, বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদি এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

    তিনি আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঢাকায় সৌদি দূতাবাস বাংলাদেশি হজযাত্রীদের পাসপোর্টের বিপরীতে ৮৬,৯৪৫টি ভিসা ইস্যু করেছে। সরকারি ও বেসরকারি উভয়  ব্যবস্থাপনাতেই শতভাগ ভিসা ইস্যু করা হয়।

    উল্লেখ্য, ৩৯৮ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ২৯ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

    এ বছর আরবি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ৬ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

    হজ পালন শেষে হাজীদের জন্য নির্ধারিত ফিরতি ফ্লাইট পরিচালনা কার্যক্রম ১০ জুন শুরু হয়ে আগামী ১০ জুলাই শেষ হবে।

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট

    অনলাইন ডেস্ক
    ৩১ মে, ২০২৫ ১৮:৮
    অনলাইন ডেস্ক
    আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট

    সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এরই মধ্যে ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে গরু রাখার স্থানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের পথে।

    শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

    দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে গাবতলী হাটে আসছে কোরবানির পশু। তবে এবছর হাটের প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হয়েছে। সাধারণত ঈদের প্রায় ১৫ দিন আগেই প্রস্তুতি শেষ হয়ে গেলেও এবার ঢাকার দুই সিটি করপোরেশনের দরপত্র কার্যক্রমে বিলম্ব এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সময় লেগেছে।  প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। এসব গরুর মধ্যে অনেকগুলোর দাম হাঁকা হচ্ছে ২.৫ লাখ টাকা পর্যন্ত।

    সাধারণত ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় ঈদের দুই-তিন দিন আগে, জায়গার স্বল্পতার কারণে। তবে যাদের নিজস্ব বাড়ি রয়েছে, তারা আগেভাগেই কোরবানির পশু কেনার আগ্রহ দেখাচ্ছেন।

    এই মুহূর্তে রাজধানীর হাটগুলোতে গরুর সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে কিছু গরু এসেছে, সেখানে টিকটকার ও ইউটিউবারদের ভিড় বেশি দেখা যাচ্ছে, অথচ ক্রেতা সংখ্যায় এখনও ঘাটতি।

    গাবতলী হাটে দেখা যায় আলী আকবর নামে একজন ক্রেতাকে, যিনি জানিয়েছেন তার বাজেট ২ লাখ টাকা। তিনি বলেন, “এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।”

    হাটের হাসিল ঘরে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, হাটের ইজারা এখনও চূড়ান্ত হয়নি। ইজারা হলে তারা দায়িত্ব হস্তান্তর করবেন। বর্তমানে তারা প্রতি হাজারে ৩৫ টাকা খাস আদায় করছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৭:১৮
      অনলাইন ডেস্ক
      বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

      বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আরব টাইমসের।

      এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

      দেশটির হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় ওয়ার্ক ভিসা স্থগিতের এ ঘোষণা দিয়েছে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

      ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

      মন্তব্য

      ২ জুন ফের বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৭:৩
      অনলাইন ডেস্ক
      ২ জুন ফের বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

      আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

      আগামী ২ জুন আলোচনা জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

      শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

      তিনি বলেন, আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।

      তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।

      ফ্যাসিবাদের কূটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।

      এর আগে, ২৪ মে প্রধান উপদেষ্টা বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক করেন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল ৩টি বিষয়ে আলোচনা হয়। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।

      বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, আমরা বলেছি, এই ৩টি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত