ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট

অনলাইন ডেস্ক
৩১ মে, ২০২৫ ১৮:৮
অনলাইন ডেস্ক
আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট

সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এরই মধ্যে ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে গরু রাখার স্থানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের পথে।

শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে গাবতলী হাটে আসছে কোরবানির পশু। তবে এবছর হাটের প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হয়েছে। সাধারণত ঈদের প্রায় ১৫ দিন আগেই প্রস্তুতি শেষ হয়ে গেলেও এবার ঢাকার দুই সিটি করপোরেশনের দরপত্র কার্যক্রমে বিলম্ব এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সময় লেগেছে।  প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। এসব গরুর মধ্যে অনেকগুলোর দাম হাঁকা হচ্ছে ২.৫ লাখ টাকা পর্যন্ত।

সাধারণত ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় ঈদের দুই-তিন দিন আগে, জায়গার স্বল্পতার কারণে। তবে যাদের নিজস্ব বাড়ি রয়েছে, তারা আগেভাগেই কোরবানির পশু কেনার আগ্রহ দেখাচ্ছেন।

এই মুহূর্তে রাজধানীর হাটগুলোতে গরুর সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে কিছু গরু এসেছে, সেখানে টিকটকার ও ইউটিউবারদের ভিড় বেশি দেখা যাচ্ছে, অথচ ক্রেতা সংখ্যায় এখনও ঘাটতি।

গাবতলী হাটে দেখা যায় আলী আকবর নামে একজন ক্রেতাকে, যিনি জানিয়েছেন তার বাজেট ২ লাখ টাকা। তিনি বলেন, “এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।”

হাটের হাসিল ঘরে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, হাটের ইজারা এখনও চূড়ান্ত হয়নি। ইজারা হলে তারা দায়িত্ব হস্তান্তর করবেন। বর্তমানে তারা প্রতি হাজারে ৩৫ টাকা খাস আদায় করছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

    অনলাইন ডেস্ক
    ৩১ মে, ২০২৫ ১৭:১৮
    অনলাইন ডেস্ক
    বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

    বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি আরব। আগামী মাস অর্থাৎ, জুন নাগাদ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর আরব টাইমসের।

    এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, সৌদি সরকারের নতুন এ সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

    দেশটির হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় ওয়ার্ক ভিসা স্থগিতের এ ঘোষণা দিয়েছে। হজ মৌসুম শেষেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

    ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

    মন্তব্য

    ২ জুন ফের বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক
    ৩১ মে, ২০২৫ ১৭:৩
    অনলাইন ডেস্ক
    ২ জুন ফের বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

    আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    আগামী ২ জুন আলোচনা জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।

    তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।

    ফ্যাসিবাদের কূটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।

    এর আগে, ২৪ মে প্রধান উপদেষ্টা বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক করেন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল ৩টি বিষয়ে আলোচনা হয়। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।

    বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, আমরা বলেছি, এই ৩টি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঢাকা ছাড়ছে নগরবাসী

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৩:২৪
      অনলাইন ডেস্ক
      ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঢাকা ছাড়ছে নগরবাসী
      নাড়ির টানে ছুটছে মানুষ

      পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়বেন অধিকাংশ মানুষ। এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্নে কাটাতে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।

      এ সময় কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে আসতে শুরু করে যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে টিকিটবিহীন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

      স্টেশনে আসা যাত্রীরা জানান, শিক্ষার্থী ও চাকরিজীবী পরিবারের সদস্য, ঈদের আনন্দ ভাগ করতে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।

      বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল চেষ্টাই আমরা করেছি। প্রত্যেকটি ট্রেন ঢাকায় আনা হয়েছে গত রাতের মধ্যে। এখন ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

      উল্লেখ্য, ঈদ উপলক্ষে আজ শনিবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে বিশেষ ট্রেনযাত্রা। এ সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে আলাদা আলাদা মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি দেয়া হবে।

      ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

      কর্মপরিকল্পনায় বলা হয়েছে, সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে।

      এতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৫টি বিজি কোচসহ সর্বমোট ৪৪টি কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে মোট ২৭টি (পূর্বাঞ্চলে এমজি ১৮টি ও পশ্চিমাঞ্চলে বিজি ৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

      মন্তব্য

      আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৩:৫
      অনলাইন ডেস্ক
      আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

      বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’।

      তামাক উৎপাদনে কোম্পানির কূটকৌশল উন্মোচনও এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

      দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) প্রতিবছরের মত এবারও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। 

      এ লক্ষ্যে আজ সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যায়য়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

      তামাক চাষ কৃষকের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য এবং সার্বিকভাবে গোটা জনস্বাস্থ্য ও পৃথিবীর স্বাস্থ্যের ক্ষতি করে। দীর্ঘমেয়াদে বৈশ্বিক প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সংকট সৃষ্টিতেও ভূমিকা রাখে তামাক। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান খাদ্য সংকটের পেছনে সংঘাত-যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের পাশাপাশি তামাক চাষের একটি প্রভাব রয়েছে। বর্তমানে পৃথিবীর ১২৫টিরও বেশি দেশের প্রায় ৪ মিলিয়ন হেক্টর জমিতে তামাক চাষ হয় এবং শীর্ষ তামাক উৎপাদনকারী দেশগুলোর অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ভুক্ত দেশ। অন্যদিকে পৃথিবীব্যাপী উৎকৃষ্ট মানের জমি ক্রমবর্ধমানহারে তামাকচাষে ব্যবহৃত হওয়ায় খাদ্য ফসলের ভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে। এসব জমি খাদ্যফসল ফলানোর কাজে ব্যবহার করা গেলে লক্ষ লক্ষ মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তার সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

      বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম, মাত্র ৩ কোটি ৭৬ লক্ষ ৭ হাজার একর। অথচ তামাক চাষে ব্যবহৃত মোট জমির পরিমাণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম।  বিশ্বের মোট তামাকের ১.৩ শতাংশই উৎপাদিত হয় বাংলাদেশে।  তামাকচাষের কারণে খাদ্য ফসলের জমি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশে রবি মৌসুমের প্রধান খাদ্য ফসলগুলোর মধ্যে বোরো, গম এবং আলু অন্যতম এবং এ মৌসুমেই তামাক চাষ হয়ে থাকে।

      অন্য দিকে বাংলাদেশে তামাকজনিত অসুস্থতায় প্রতি বছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। দেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক।

      তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকের এসব ক্ষতিকর দিক বিবেচনা করেই তামাক নিয়ন্ত্রণকে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের অন্তর্ভুক্ত (টার্গেট ৩এ) করা হয়েছে। কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাকের সরবরাহ এবং চাহিদা কমিয়ে আনাই হতে পারে তামাকের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার সঠিক উপায়।

      বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি পালন শুরু হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬ লক্ষ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে।

      বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।

      বিশ্ব তামাকমুক্ত দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিচালিত আটটি বৈশ্বিক জনস্বাস্থ্য প্রচারাভিযানের মধ্যে একটি, অন্যান্য দিবসগুলোর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব টিকা সপ্তাহ, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস এবং বিশ্ব এইডস দিবস। 

      প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত