শিরোনাম
চট্টগ্রাম রেলস্টেশনে দুদকের দুর্নীতিবিরোধী অভিযান
আসন্ন ঈদ উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। এসময় টিকেট কালোবাজারিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক টিম।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
দুদক জানায়, সংস্থার সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। অভিযানে এই চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম।
এছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিনে পরিদর্শন করে দুদক টিম। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তা-ও অতিরিক্ত অর্থের বিনিময়ে। এই অনিয়মে জড়িত রেলওয়ে কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা টোকিও সফরের মাধ্যমে
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ টোকিও সফরের সূচনা করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে।
তারো আসো বিকাল ৫টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তারো আসোকে অবহিত করেন এবং নির্বাচনের জন্য একটি সময়সীমা ঘোষণা করেছেন বলে জানান।
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ক্ষুব্ধ তরুণ রোহিঙ্গা প্রজন্ম তৈরি হচ্ছে। আমাদের তাদেরকে আশার আলো দেখাতে হবে।’
তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের রাখাইনে তাদের নিজ আবাসে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য জাপানের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে আজ দুপুরে টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী টোকিওতে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেআইপিএফএল) সভাপতি তারো আসো আজ বুধবার টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে আজ জাপান পৌঁছান। সফরকালে তিনি নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস হবে না: বিমানবাহিনী প্রধান
দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (২৮ মে) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানান।
বিমানবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ সময়, সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের সবসময় প্রস্তুত থাকতেও নির্দেশ দেন তিনি।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার রয়েছেন।
এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন ০৪ জন ফিলিস্তিনি অফিসার যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। তাদের মধ্যে অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ লাভ করেন। পরে কমিশনপ্রাপ্ত ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।
সিলেট সীমান্তে বিএসএফের পুশ ইন, বিজিবির জালে ৬৮ অনুপ্রবেশকারী
সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ ইন করা ৬৮ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে রাত ৪টা ২০ মিনিটে একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষসহ ২০ জন বাংলাদেশে প্রবেশ করে। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা সেখান থেকেও সবাইকে আটক করতে সক্ষম হন।
একই রাতে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত থেকে আরও ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য।
শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, রাতের নির্জনতার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হই। ইদানীং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য