শিরোনাম
ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নম্বর বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪) ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, ২০ এপ্রিল রাতে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে ও মগবাজার এলাকা থেকে মো. হাবিবুল হাসান রতনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।
এদিকে গতকাল দুপুর একটায় মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে মো. সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।
একই দিন সকাল আনুমানিক ১০টায় ডিবি-গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেফতার করে।
ডিবি সূত্র আরও জানায়, গতকাল ডিবি-রমনা বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে দুপুর আনুমানিক ১২টায় ফুলবাড়িয়ার আনন্দ বাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে ও সন্ধ্যা আনুমানিক ৬টায় উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেফতার করে।
এছাড়া গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার রাতে ডিবি-সাইবার বিভাগের একটি টিম মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ারকে গ্রেফতার করে। অন্যদিকে ১৯ এপ্রিল রাতে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইলিয়াস কাঞ্চনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(বাসস)
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিগত আওয়ামী লীগ সরকারের ৪৫ জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, আমলার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ বিষয়ে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। আজ শুনানিতে এ মামলার ১৭ জন আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্তের অগ্রগতির ব্যাপারে একটি রিপোর্ট আদালতকে প্রেরণ করা হয়েছে এবং জানানো হয়েছে যে আমাদের আরও দু'মাস সময় দরকার, আদালত তা মঞ্জুর করে আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্ধারণ করেছেন। আমরা সময় বেশি চাইলেও তদন্ত রিপোর্ট আগেই তৈরি হয়ে যেতে পারে। কোনো কোনো মামলার তদন্ত রিপোর্ট খুব দ্রুতই পাওয়া সম্ভাবনা আছে।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান ফজলুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় সময় আবেদনের শুনানি হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে কমিশনের সুপারিশ
উত্তরাধিকারে নারী ও পুরুষ-এর সমান অধিকার নিশ্চিত করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে গতকাল শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন পেশ করে।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন নারীবিষয়ক সংস্কার কমিশন প্রধান শিরীন পারভিন হক। এ সময় কমিশনের অন্য সদস্যগণও উপস্থিত ছিলেন।
সংস্কার কমিশন ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে। বিষয়গুলো হচ্ছে- সংবিধান আইন ও নারীর অধিকার, সমতা ও সুরক্ষার ভিত্তি, নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থাসমূহ, নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন, নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ, জনপরিসরে নারীর ভূমিকা জাতীয় ও স্থানীয় পর্যায়ে, জন প্রশাসনে নারীর অংশগ্রহণ, নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি, সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার, শ্রম ও কর্মসংস্থান, নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন, দারিদ্র্য হ্রাসে টেকসই সামাজিক সুরক্ষা, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, চিত্রায়ন ও প্রকাশ, ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারী।
এসব সুপারিশে অর্থনীতিতে অংশগ্রহণ ও সম্পদের অধিকার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করণীয় নারীদের কৃষিখাতে অন্তর্ভুক্তি সহজ করা, মৎস্যজীবী হিসেবে নারীদের স্বীকৃতি ও বনজ সম্পদের ওপর নারীর অধিকার নিশ্চিত করা। সুপারিশে উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় বিষয়ে বলা হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণে নারীর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা। নারী উদ্যোক্তাদের ব্যবসায়ে প্রবেশ সহজ করা, আর্থিক অন্তর্ভুক্তি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা। যুবনারীদের কর্মসংস্থানে প্রবেশ সহজ করার লক্ষ্যে তাদের উপযোগি শিক্ষা, অর্থনৈতিক বিভিন্ন সম্ভাবনা সংক্রান্ত তথ্য, আর্থিক সমর্থন ও ক্যারিয়ার কাউন্সেলিং প্রদান করা।
নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন হয়েছে নভেম্বরে। চলতি মাসের ৩০ এপ্রিল পর্যন্ত এ কমিশনের মেয়াদ রয়েছে। এ সংস্কার কমিশন মোট ৪৩ টি নিয়মিত বৈঠকে মিলিত হয়। নারী অধিকার, উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন, পাহাড় ও সমতলের আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ৩৯ টি পরামর্শ সভা করে কমিশন। অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি সভায় মিলিত হয়। পরামর্শ সভাগুলো হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, শ্রীমঙ্গল, রংপুর ও ময়মনসিংহে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও সংগঠনের পরামর্শ ও সহযোগিতা নেয়া হয়েছে।
আসন্ন বর্ষায় তিস্তা পাড়ের মানুষের আতঙ্ক: দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
‘সামনোত তো বষ্যা আসি গেইল। সবায় খালি কতায় কয়, এলাও বান্দের কোনো কাম (বাঁধের কাজ) হইল না। কায় জানে বাহে, এইবার বান্দ ভাঙলে হামারও বুজি এটেকোনা থাকা হবার নয়’- আসন্ন বর্ষায় পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় এমন অভিব্যক্তি রংপুরের গঙ্গাচড়ার ধামুর এলাকায় তিস্তা প্রতিরক্ষা বাঁধের বাসিন্দা শহর বানুর।
আসছে বর্ষা, দুশ্চিন্তা বাড়ছে তিস্তাপাড়ের মানুষের। প্রতিবছরই ভয়াবহ বন্যায় গৃহহীন হন তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ । তাই এবার বন্যা আসার আগেই বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা ।
কয়েক বছর ধরে তিস্তার পানি কখনও কমে, আবার কখনও বেড়ে যায়। পানিপ্রবাহের এ অস্বাভাবিকতায় প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। তার ওপর আছে দখল-দূষণ। এসব কারণে অস্তিত্ব সংকটে পড়েছে তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আগামী বর্ষা ঘিরে নাজুক এ বাঁধ নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছেন তিস্তাপারের মানুষ। তারা দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু পর্যন্ত ৪৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধ নির্মাণ করা হয়।
তিস্তা রেল সেতু থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত আরও ২১ কিলোমিটার রয়েছে এই বাঁধের অংশ। ২০১৯ সালে সর্বশেষ ১২৬ কোটি টাকা ব্যয়ে বাঁধ সংস্কারের কাজ করা হয়। তিস্তা ব্যারাজ থেকে লালমনিরহাট হয়ে কুড়িগ্রামের উলিপুর পর্যন্ত মোট ১২০ কিলোমিটার বামতীর বাঁধ।
সূত্র জানায়, ডানতীর বাঁধের নীলফামারীর জলঢাকার শৌলমারী এলাকায় দুই কিলোমিটার, আলসিয়াপাড়ায় এক কিলোমিটার ও রংপুরের গঙ্গাচড়ার বেশ কয়েকটি পয়েন্ট বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
সরেজমিন দেখা যায়, রংপুরের গঙ্গাচড়ার মর্নেয়া থেকে নোহালী পর্যন্ত ১৯ কিলোমিটার তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধের ওপর বসতি গেড়েছে নদী ভাঙনের শিকার ১০ হাজার পরিবার। বসতির ভারে তিস্তা প্রতিরক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। বাঁধের বেশির ভাগ স্থান কেটে সমতল করে স্থানীয় দোকানপাট গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন অরক্ষিত থাকায় জলঢাকার শৌলমারী ও গঙ্গাচড়ার নোহালী সীমান্ত থেকে রংপুরের কাউনিয়ার নিচপাড়া পর্যন্ত দখলদারদের কবলে চলে যায়। হুমকির মুখে পড়ে ডানতীর বাঁধ। পানি উন্নয়ন বোর্ড বহুবার উচ্ছেদ নোটিশ দিয়েও দখলদারদের উচ্ছেদ করতে পারেনি। বাঁধটি ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের প্রস্থ ১৪ ফুট থাকার কথা থাকলেও এখন অনেক জায়গাতেই তা নেই।
কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকার বাসিন্দা নওশের আলী বলেন, গত দুই বছরের বন্যায় বিভিন্ন উপবাঁধসহ বিনবিনা এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধের বিশাল এলাকা বিলীন হয়ে গেলেও তা সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ নেই। এসব কারণে তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গঙ্গাচড়া সদরের গান্নারপার এলাকার বাসিন্দা গোলাম মওলা বলেন, পানি বাড়া-কমার কারণে বাঁধে পানির ধাক্কা লেগে বিভিন্ন স্থানে মাটি সরে গেছে। বর্ষা শুরুর আগে বাঁধ মেরামত করা না গেলে বিশাল এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
একই এলাকার বাসিন্দা মনছুর আলী বলেন, প্রতিবছরই এখানকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় তিস্তা। গোটা মৌসুম জুড়ে উৎকণ্ঠায় থাকতে হয়। ঠিকানাহীন পরিবারগুলো প্রতিবছর বাঁধ কেটে বস্তি গড়ে তুলছে। এতে বাঁধ নাজুক হয়ে পড়েছে।
লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘খুব দ্রুত তিস্তা প্রতিরক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে গোটা রংপুর শহর তলিয়ে যাবে।’
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘২০১৯ সালের পর বাঁধের সংস্কার কাজ করা হয়নি। ওই সময় বাঁধে বসবাসকারীদের উচ্ছেদও করা হয়েছিল। মাঝখানে আবারও বাঁধে বসতি গড়ে উঠেছে। এতে বাঁধের বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।’
বাম্পার ফলনের পরও সংকটে কুমিল্লার আলু চাষিরা
জেলায় আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিয়ে বিপাকে পড়েছে কৃষরা। উৎপাদিত আলু নিয়ে এখন চিন্তিত তারা।
স্থানীয় কোল্ডস্টোরেজগুলোতেও জায়গা না পাওয়ায় খোলা আকাশের নিচে এবং গাছতলায় কোন রকম ত্রিপল টানিয়ে সংরক্ষণ করছেন। অনেকের আলুতে পচন ধরেছে। দাম বাড়ার আশায় দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় অপেক্ষার পরও সেই আলু দাম মাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক।
সরেজমিনে জেলার বুড়িচংয়ের মিথলমা, আবিদপুর, মনঘাটা, শিকারপুর, পাঁচকিত্তা, হালাগাও, লোয়ার চর, কাকিয়ার চর গ্রামে গিয়ে দেখা গেছে খোলা জায়গায়, গাছতলায়, বাড়ির উঠোন ও ঘরের ভেতর আলুর স্তুপ দেওয়া হয়েছে। অনেকেই আবার জমিতেই স্তুপ করে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন আলু। কেউ আবার ত্রিপল খুলে বেছে বেছে পচা ও পোকায় খাওয়া আলু ফেলে দিচ্ছেন।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিমণ আলু উৎপাদন করতে সব মিলিয়ে খরচ হয়েয়ে ৭৫০-৮০০ টাকা। অথচ বাজারে একমণ আলু পাইকারী বিক্রি হচ্ছে মাত্র ৫৫০ থেকে ৬০০ টাকা দরে। যার কারনে বাধ্য হয়ে দেশীয় কায়দায় তারা আলু সংরক্ষণ করেছেন। তবে বৃষ্টি হলে সঠিকভাবে সংরক্ষণ না করার কারনে আলু পচে যাওয়ার আশংকা রয়েছে। ফলে বাধ্য হয়ে অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন আলু।
কৃষক সাজ্জাদ হোসেন বলেন, বীজ, হাল চাষ, সার, ওষুধ ও শ্রমিক খরচসহ সব মিলিয়ে প্রতিমণ আলু উৎপাদন করতে প্রায় ৭৫০ টাকা খরচ হযেছে। অথচ এখন বাজারে আলু বিক্রি করতে চাইলে পাইকাররা বলছে এক মণের দাম ৫৫০ থেকে ৬০০ টাকা। যার কারনে আলু বিক্রি করতে পারছিনা আমরা। আমার বাড়ির উঠানে ৫০০ মণ আলু ত্রিপল দিয়ে ঢেকে রেখেছি। আপনি গ্রাম ঘুরে দেখেন অনেকেই আমর মতো ঝুঁকি নিয়েই বাড়ির উঠোনে আলু জমা করে রেখেছে। যদি একটু দাম বাড়ে তাহলেই ছেড়ে দিব। আর যদি এর মধ্যে বৃষ্টি-বাদল শুরু হয় তাহলে সব শেষ।
সুমন মিয়া নামে এক কৃষক বলেন, প্রতি কেজি আলু ১৩ টাকা পাইকারি দরে বিক্রি করছি। অথচ বাজারে খুচরা আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা। আমরা আলু উৎপাদন করে কি দোষ করে ফেলেছি?। মৌসুম শেষে মজুদ কমে আসলে ১৩ টাকার আলুই বিক্রি হবে ৫০ থেকে ৬০ টাকা দরে। আমরা যদি নিজেরা এ আলু সংরক্ষণ করতে পারতাম তাহলে মজুতদারদের পরিবর্তে লাভবান আমরাই হতাম।
আলু চাষী মোকালেব মিয়া বলেন, শখের বসে এ বছর ৪২ শতক জমিতে আলু লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে। বর্তমানে আমার কাছে প্রায় ৬০ মণ আলু রয়েছে। অন্যান বছর দেখি পাইকাররা বাড়িতে এসে আলু নিয়ে যায় কিন্তু এবার কেউই আসছে না। শুনেছি নিমসার বাজারে উত্তরবঙ্গ থেকে আনা আলু বেশি বিক্রি হচ্ছে। গ্রাম থেকে আলু সংগ্রহ করতে হলে শ্রমিক খরচ এবং পরিবহন করো দুটোই লাগে তাই তারা এদিকে আগ্রহ দেখায় না।
কৃষকদের অভিযোগ, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আনা আলু পরিবহন খরচসহ অন্যান্য খরচে দেখিয়ে বেশি দামে বিক্রি করা যায়। যারা ট্রাকে করে আলু পাঠান সে আলুর সংরক্ষণের দায়িত্ব তাদেরই থাকে। বিক্রি না হলে পচে যাওয়ার ক্ষতির দায় না থাকায় আড়তদাররা বাইরে থেকে আসা আলু ব্যবসায়ীদের প্রাধান্য দিয়ে থাকেন বেশি। অন্যদিকে যারা আলু বেসরকারিভাবে মজুদ করেন তাদের আলু দিয়ে ভর্তি হয়ে গেছে স্থানীয় কল্ডেস্টোরেজ গুলো। একদিকে আড়তদারদের কাছে চাহিদা নেই স্থানীয় আলুর অপরদিকে কোল্ড স্টোরেজে নেই জায়গা - মাঝখানে বিপুল পরিমাণ আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
নিমসার বাজারের আলুর আড়তদার মো. নাজিম বলেন, সারা বাংলাদেশের কোল্ড স্টোরেজদের সাথে আমাদের যোগাযোগ আছে। জানা মতে কোথায়ও জায়গা নেই। তারপরও সরকার যদি খোঁজ নিয়ে কোল্ড স্টোরেজ গুলোতে জায়গা করতে পারে তাহলে আমাদের স্থানীয় আলুগুলো রাখার ব্যবস্থা করলে কৃষক বেঁচে যাবে। এ বিপুল পরিমাণ আলু পচনের হাত থেকে বাঁচানো গেলে আলুর দাম মানুষের নাগালের মধ্যে সারা বছরই থাকবে।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ জানান, এবছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ২৫৪ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ৯ হাজার ৬১ একর জমিতে। ফলন হয়েছে ২২ লাখ ৯০ হাজার ৭৮ টন, যা গত বছরের তুলনায় বেশি। আমরা ২০২৪ সালের বন্যার পর চেষ্টা করেছি লক্ষ্যমাত্রা অর্জন করে আলু চাষ করতে হয়। যেসব জমিতে আলু চাষ হয়েছে ফলন খুবই ভালো হয়েছে। কিন্তু যে পরিমান আলু এখনো বিক্রি হয়নি এসব বিষয় নিয়ে কাজ করবে কৃষি বিপণন অধিদপ্তর।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য