ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়ে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৫ ২১:৪৯
নিজস্ব প্রতিবেদক
শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়ে ৩ মাস সময় চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চিঠিতে বলা হয় বাংলাদেশকে তিন মাস সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।

সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে ড. ইউনূস বলেন, আপনার অভিষেকের পরপরই আমি আমার উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছি যে ১৭ কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী। আমরা এই উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ।

প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বহু বছরের চুক্তিতে সই করেছে। ট্রাম্প প্রশাসন এলএনজি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই বাংলাদেশ এলএনজিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বিশেষ করে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর কার্যক্রম গ্রহণ করেছে, যা আমেরিকান কৃষকদের আয় ও জীবিকার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত বাজারে এসব পণ্য পৌঁছাতে বাংলাদেশে একটি ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউজ’ চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে এসব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

প্রধান উপদেষ্টা জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে বাংলাদেশেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়। তুলা, স্ক্র্যাপ লোহা ও কৃষিপণ্যে শুল্ক শূন্য রাখার প্রতিশ্রুতির পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো শীর্ষ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের কাজ চলছে। তা ছাড়া, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির বিদ্যমান অশুল্ক বাধা দূর করারও পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নিরীক্ষা ও পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস, প্যাকেজিং ও লেবেলিংয়ের মানদণ্ড সহজিকরণ, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ।

চিঠিতে আরও জানানো হয়, ‘বাংলাদেশ ইতোমধ্যে দেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক চালুর কার্যক্রম সম্পন্ন করেছে। এর ফলে নাগরিক প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, আমরা আশা করি, আগামী তিন মাসের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব।

চিঠির শেষাংশে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নির্বাচনের আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক আজ

    নিজস্ব প্রতিবেদক
    ৭ এপ্রিল, ২০২৫ ৯:৫৩
    নিজস্ব প্রতিবেদক
    নির্বাচনের আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক আজ

    নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

    সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ রোববার (৬ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

    এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন-সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

    সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

      নিজস্ব প্রতিবেদক
      ৬ এপ্রিল, ২০২৫ ১৪:৫৩
      নিজস্ব প্রতিবেদক
      জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

      আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলোর যাচাই বাছাই চলছে। আমরা আশা করছি অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই দাখিল করতে পারব।

      রোববার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

      তাজুল ইসলাম বলেন, হত্যা-গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

      তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র, কোনো স্ক্যান্ডাল ট্রাইব্যুনালের বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৯ দিন বন্ধের পর আজ শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

        নিজস্ব প্রতিবেদক
        ৬ এপ্রিল, ২০২৫ ১৪:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        ৯ দিন বন্ধের পর আজ শুরু হচ্ছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

        জেলা প্রতিনিধি: টানা নয়দিন বন্ধ থাকার পর আজ রোববার (৬ এপ্রিল) ফের শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

        কোন ছুটি উপলক্ষে এর আগে একটানা এতদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকেনি। ফলে টানা ৯দিনে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এই লম্বা ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।

        ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ (শনিবার) বিকাল থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দু’দেশের ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। আজ রোববার থেকে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

        ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তুফান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছটির সময় পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।

        ভোমরা স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দেও যৌথ সিদ্ধান্তে গত ২৯ মার্চ বিকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ রোববার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে। তখন স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুররু হবে এবং ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাই আটক

          নিজস্ব প্রতিবেদক
          ৬ এপ্রিল, ২০২৫ ১৪:৪৫
          নিজস্ব প্রতিবেদক
          সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাই আটক

          জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি ও দুধসহ দুই ভাইকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । গতকাল শনিবার (৫ এপ্রিল) সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে ভেজাল ঘি, তরল দুধ, দুগ্ধজাত পণ্য তৈরির সরঞ্জামসহ ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত নানান উপাদান জব্দ করে গোয়েন্দা পুলিশ।

          আটককৃত দু’জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের ছেলে কমল কুমার ঘোষ (৩৮) ও দিলীপ কুমার ঘোষ (৪৩)।

          ডিবি পুলিশ সূত্র জানায়, ছোটকাল থেকে দুধের ব্যবসা থাকলেও গত সাত বছর যাবত ভেজাল ঘি ও দুধের কারবার করে আসছিল সদরের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ। একপর্যায়ে তারা বাড়িতে একটি ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানা গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এই কারখানার সন্ধান পায়।

          উক্ত খবরের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিনের নেতৃত্বে শনিবার রাত ৯টায় ওই কারখানায় অভিযান চালানো হয়। রাত ১১টা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালিয়ে ২০ লিটার ভেজাল ঘি ও ২৬০ লিটার ভেজাল তরল দুধ জব্দ করে গোয়েন্দা পুলিশ। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরীর কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পামওয়েল, সয়াবিন তেল, জেলি ও মেশিন জব্দ করা হয়।

          এসময় ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ ঘোষ বিষয়টি স্বীকার করে বলেন, তারা ৫০০ লিটার পরিমাণ দুধে ৫০০ গ্রাম পামওয়েল দেয়। এছাড়া সয়াবিন তেল ও এক ধরনের জেলি কাঁচামাল হিসেবে ব্যবহার করে। প্রতিদিন ৩-৪ শ’ লিটার দুধ ও আধা মন ঘি তৈরি হয় তাদের কারখানায়। দুধ পুরোটাই মিল্ক ভিটায় দেয়া হয় আর ঘি বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

          কমল ঘোষ বলেন, ছোটকাল থেকে দুধের ব্যবসা করলেও গত পাঁচ-সাত বছর যাবত তারা এই ভেজাল কারবারে জড়িয়েছেন।

          এ বিষয়ে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দীন মোল্লা জানান, আশাশুনি থানার সীমান্ত এলাকা ও সাতক্ষীরা সদরে ফিংড়ী ইউনিয়নে বহুদিন ধরে দুগ্ধজাত ভেজাল পণ্য ঘি ও দুধ তৈরি করে আসছিল কিছু অসাধু কারবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত