ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মাটির স্বাস্থ্য উন্নয়নে কৃষকদের নিয়ে গবেষণায় বাকৃবি

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক
মাটির স্বাস্থ্য উন্নয়নে কৃষকদের নিয়ে গবেষণায় বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং মাটির স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে গবেষণা প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। 'বাংলাদেশে মাটির স্বাস্থ্য সম্পর্কিত তথ্য উন্নয়ন ও রূপান্তর: কৃষকদের সঙ্গে এবং কৃষকদের জন্য স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ'- শীর্ষক এই গবেষণায় কৃষকদের সরাসরি সংযুক্ত করে তাদের মাটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় গবেষণা প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় গবেষণা প্রকল্পের গুরুত্ব তুলে ধরতে গিয়ে এসকল কথা বলেন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

গবেষণা প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে গ্রিফিথ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর), সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

গবেষণার মূল লক্ষ্যের বিষয়ে অধ্যাপক ড. বিপ্লব সাহা বলেন, এই গবেষণার মাধ্যমে কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে মাটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের কৃষকরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণে উৎপাদন সংকটে পড়ছেন। বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের কৃষিজমিতে খরার প্রকোপ দেখা যাচ্ছে। খরাপ্রবণ এই তিনটি জেলা নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, খরাপ্রবণ এলাকার পাশাপাশি বন্যাপ্রবণ এলাকা নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছেব। জলবায়ু পরিবর্তনের এই পরিস্থিতি মোকাবিলায় উন্নত গবেষণা এবং মাটির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে সহজবোধ্যভাবে পৌঁছে দেওয়া জরুরি। কৃষকরা যাতে মাটির স্বাস্থ্য ও গুণগত অবস্থা জেনে ফসল উৎপাদনে টেকসই পদ্ধতি অনুসরণ করতে পারেন সেকারণেই তাদের সাথে নিয়ে এই গবেষণা পরিচালনা করা হবে।

গবেষণার পটভূমি এবং গবেষকদের প্রত্যাশা সম্পর্কে এসিআইএআর এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. চেংরং চেন বলেন, কৃষক আমাদের এই গবেষণার কেন্দ্র। এ প্রকল্পের আওতায় মাটি স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা, কৃষকের ভাষায় তথ্যের রূপান্তর, মাঠ পর্যায়ে প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করা হবে। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই যা কৃষক, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ঘটাবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিবেশের প্রতিটি উপাদান একে অন্যের ওপর নির্ভরশীল। যদি কোনো একটি উপাদানের গুণগত মান খারাপ হয়, তাহলে তা কোনো না কোনো সংকেত দেয় এবং শেষ পর্যন্ত প্রাণী ও মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই গবেষণায় কৃষকরা সরাসরি যুক্ত থেকে মাটির গুণাগুণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কৃষকদের জন্য এবং তাদের সম্পৃক্ত করে এ ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করা উচিত। পাশাপাশি, মাটির স্বাস্থ্য নির্ধারণে কম খরচের কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নীল মেইনজিস, সয়েল রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা এবং কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ। আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর)-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. চেংরং চেন এবং এসিআইএআর-এর বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা।

কর্মশালায় গবেষকদের পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, কৃষকদের মাটি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে গবেষণা পরিচালনা করতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৯
    নিজস্ব প্রতিবেদক
    নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

    নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম ও নকল সেমাই তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবহিনীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের নেতৃত্বে তাহের ফুডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডের মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। গত ৮ বছর যাবত ঈদুল ফিতরকে সামনে রেখে তাহের ফুড তাদের কারখানায় নকল সেমাই তৈরি করে আসছে।

    বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের বলেন, নোংরা পরিবেশে বনফুল সেমাইয়ের প্যাকেটে বন্যফুল সেমাই তৈরি ও শিশুদের দিয়ে প্যাকেটিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাসে ডাকা’তির সময় কোনো ধ’র্ষ’ণের ঘটনা ঘটেনি : পুলিশ সুপার

      নিজস্ব প্রতিবেদক
      ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৫৫
      নিজস্ব প্রতিবেদক
      বাসে ডাকা’তির সময় কোনো ধ’র্ষ’ণের ঘটনা ঘটেনি : পুলিশ সুপার

      ডেস্ক রিপোর্ট: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।

      শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

      পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

      গ্রেপ্তার তিনজনের মধ্যে একজনের নাম মুহিত। তার বাড়ি মানিকগঞ্জে। অন্যরা হলেন শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ।

      গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বারত দিয়ে মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদেরও গ্রেপ্তার করা হবে দ্রুত।’

      এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।’

      পুলিশ সুপার বলেন, ‘বাসের নারী যাত্রীদের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। তারাও আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আমরা তদন্ত করছি। আশা করি দ্রুতই পুরো ঘটনা আমরা জানতে পারব।’

      গত বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাসযাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

      এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। এ সময় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন যাত্রীরা।

      ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

        নিজস্ব প্রতিবেদক
        ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৩
        নিজস্ব প্রতিবেদক
        ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

        ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে।

        শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

        তারেক রহমান বলেন, দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন। এই জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল। এখন অনেকেই সংস্কার কথা বলছেন। কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই সে সময় এই কথা বলেছিল। এ সময় জনসমর্থন নেই এমন কোনো কাজ দলটি করে না বলেও মন্তব্য করেন তিনি।

        তিনি আরও বলেন, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এ সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি।

        মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, দেশের কোটির কাছাকাছি বেকার রয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে দৃঢ় গড়ে তোলা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, উৎপাদন বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান তৈরি দলটির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ২৫ ফেব্রুয়ারি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো: জামায়াত আমির

          নিজস্ব প্রতিবেদক
          ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:২২
          নিজস্ব প্রতিবেদক
          ২৫ ফেব্রুয়ারি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো: জামায়াত আমির

          ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করছেন। দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না। সরকারকে অনুরোধ করেছি, ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন। আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহার ভাই মুক্তি পাবেন, পরদিন আমাকে মুক্তি দিয়েন।

          তিনি বলেন, জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে দেশের ৩ কোটি মানুষ সমর্থন করে। তাকে যদি মুক্তি না দেন, এই তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

          শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

          শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে বাংলাদেশের অনেক কিছু বদলে গেছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গেছে। এই ৫৪ বছরে অনেক জনের শাসন আমরা দেখেছি। অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে, শ্মশান বাংলা কায়েম করেছে। কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে। আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ।

          তিনি বলেন, ৫৩ বছর চলে গেলো আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম না। এর আগেও ১৯৪৭ সালে আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না। এখন ২৪ এ মানুষ বুক ভরা আশা করেছিল যে ২৪ এর পরে সমস্ত দুঃশাসন-দুর্নীতির অবসান হবে। আমরা মুক্ত হতে পারিনি। আমাদের সন্তানেরা একটি বিশাল স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল। আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল, বুকের ভেতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই ঝড়টা ছিল সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি এবং দুঃশাসন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত