শিরোনাম
আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো জুলাই সনদ তৈরি করা : প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত লক্ষ্য হলো সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা সনদ তৈরি করা। সেটাই হবে জুলাই সনদ। সনদ তৈরির পর বাস্তবায়নের পথ বের হয়ে যাবে।
আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস সমাপনী বক্তব্যে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন।
অধ্যাপক ইউনূস গভীর সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সংস্কারটা গভীরভাবে হতে হবে। আপনারা (রাজনৈতিক দল) বলবেন- আমাদের প্রস্তাবে আপনারা একমত। অথবা কোন প্রস্তাবের সংশোধনী চান বা কোন কোন প্রস্তাবে একমত হলেন না। যাতে করে একটা জুলাই সনদ তৈরি করা যায়। সবাই মিলে একমত হয়ে গেলে বাস্তবায়নের পথ বের হয়ে যাবে।’
জুলাই সনদ তৈরি করা ছাড়া আমাদের মুক্তি নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংলাপের মাধ্যমে বের হয়ে আসবে প্রস্তাবের পেছনে এতগুলো দল একমত। পরে সনদ যখন হয়ে যাবে তখন সেটা প্রকাশ করা হবে। যাতে মানুষ জানতে পারে কোন রাজনৈতিক দল কতগুলো প্রস্তাবে একমত হয়েছে। এই সনদকে আমরা যাদুঘরে সংরক্ষণ করব বলে তিনি জানান।
তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের অফিসে একাধিক টেলিফোন রাখা হবে। যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যায়। ড. ইউনূস বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো কতগুলো প্রস্তাবে আমরা সবাই রাজী আছি সেটা ঠিক করা। আমরা আপনাদের মতামতগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের এটা করতে হবে।’
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে একমত না হলে আমাদের মুক্তি নেই। সারাদেশের মানুষ বলবে-তোমরা সনদে সই করলে না, সংস্কার করলে না-আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেলে। সংস্কার প্রতিদিনের অনুভব করার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সংস্কার আসমান থেকে আসা কোনকিছু না। এটা প্রতিদিন অনুভব করছি। সেই জায়গা থেকে আপনারা আপনাদের মতামত জানান।
বাসস
আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান
ডেস্ক রিপোর্ট: হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগে মহাসমাবেশ শেষে সচিবালয়ের পাশের সড়ক অবরোধ করেছে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে সড়ক অবরোধ করে। পরে পুলিশ সড়ক ছাড়তে বললেও তাতে রাজি হয়নি আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে, সকালে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ শুরু করে আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে, ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তেলের সঙ্গে অন্য পণ্য বাধ্য করলেই মিলবে শাস্তি : ভোক্তার ডিজি
ডেস্ক রিপোর্ট: ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অডিটোরিয়ামে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
টেসকসই সমাধানের জন্য ভোজ্যতেলের উৎপাদন এবং সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, ‘কোনোভাবেই ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য যুক্ত করা যাবে না। এমনটা করলে শাস্তির আওতায় আনা হবে। এখন থেকে ডিলারকে পণ্যের জন্য মিলে ট্রাক পাঠানোর প্রয়োজন হবে না।’
মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন ভোক্তার মহাপরিচালক।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নি-ষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর প্রগতি স্মরণির ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার বরাদ দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৯ জুলাই বাড্ডা থানার আওতাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণি রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ইব্রাহিম আনছারি অপূর্ব সেই মামলার আসামি। ইব্রাহিম আনছারি অপূর্বকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আবু সাঈদ হ-ত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।
গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ নিষিদ্ধ সংগঠন ইসলামপুর উপজেলা ছাত্রলীগ কমিটির ১নং সদস্য ও ওই উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহনেওয়াজের ছেলে। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।
জানা গেছে, সারদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ। অভিযানে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ী থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়।
ইসলমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে রংপুরে ৩টি হত্যা মামলা রয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য