শিরোনাম
ঢাকায় চালু হচ্ছে গোলাপি রঙের ২৬১০টি বাস
ডেস্ক রিপোর্ট: আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
আজ রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) টিকিট কাউন্টারভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠা-নামাও করা যাবে না।
সাইফুল আলম বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী উঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকেট কাউন্টার ভিত্তিতে চালকরা বাস চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।
টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাও বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।
সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট: সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আদালত সূত্র।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সাবেক এই মন্ত্রী নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে এমন অভিযোগে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। এ অবস্থায় খন্দকার মোশাররফ হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্টসহ অনুসন্ধান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে ফরিদপুরের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন মোশাররফ। ২০১৫ সালে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে তাকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি।
জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ, প্রতিবেদন জমা বুধবার
ডেস্ক রিপোর্ট: শতাধিক সুপারিশ রেখে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আজই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
কমিশন প্রধান বলেন, ‘আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ, আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। এগুলোর ভিত্তিতে আজকে প্রতিবেদন চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে (বুধবার) দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব। একই সঙ্গে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।’
প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে জানিয়ে তিনি বলেন, ‘এখন এর বাইরে আমি কিছু জানাতে পারবো না।’
প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।
প্রেমিকের বাসা থেকে সেই সুবার ভিডিও বার্তা: বললেন ‘সুখে আছি’
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হন ১১ বছরের এক কিশোরী। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে তাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি, সুখে আছি।’
এ সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তি তাকে প্রশ্ন করেন, বাবার সঙ্গে কথা হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ। এ সময় বাবার কাছে ফেরার সম্মতিও জানান তিনি।
জানা গেছে, নিখোঁজ কিশোরীর নাম আরাবি ইসলাম সুবা। মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় আসে। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন।
সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’
মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। তবে সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।
দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান: মাহমুদুর রহমান মান্না
ডেস্ক রিপোর্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।’
তিনি বলেন, ‘ড. ইউনূস এই কথা বলতে পারেন না যে, ‘‘ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে।’’ বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’
নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ– জিসপের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথবাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ড. ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষ বলে কোথায় ঐক্য, শুধুতো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য