শিরোনাম
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিন পিংকে আমন্ত্রণ, নাম নেই মোদীর
ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি এই শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পলিটিকো।
এতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই।
মূলত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না।
ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যমপন্থিদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল
বাকৃবি প্রতিনিধি: কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
ভর্তি পরীক্ষার বিষয়ে মো হেলাল উদ্দীন বলেন, বৃহস্পতিবার বাকৃবি উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি/পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য -১% এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারন করা হয়েছে এক হাজার দু’শত টাকা।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ–সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ।
শিক্ষক সংকট নিরসনের দাবিতে বাঙলা কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি
বাঙলা কলেজ প্রতিনিধি: শিক্ষক সংকট নিরসনে নতুন পদ সৃষ্টি করে শিক্ষক পদায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) স্মারকলিপি জমা দিয়েছে বাঙলা কলেজ মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।
মার্কেটিং বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার সার্বিক মান উন্নয়ন সংক্রান্ত নানা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সচিবালয়ে যান কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের একটি প্রতিনিধির দল।
প্রতিষ্ঠার দশ বছরেও সরকারি বাঙলা কলেজের মার্কেটিং বিভাগের কোনো বিভাগীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন হয়নি। নিজস্ব শিক্ষক না থাকায় পাঠদান, শিক্ষা-কর্মসূচিসহ নানাবিধ সমস্যার সমাধান নিয়ে উদগ্রীব শিক্ষার্থীরা। সম্প্রতি এ নিয়ে বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবি তুলেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিনিধি দলটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে আলোচনার জন্য সাক্ষাতে গেলে স্মারকলিপি গ্রহণপূর্বক দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সিনিয়র সচিব।
শিক্ষার্থীদের দাবি, সচিবালয়ের আলোচনা থেকে তারা শিক্ষক পদায়নের আবেদন করার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়ে ইঙ্গিত পেয়েছেন।
শিক্ষার্থীদের তোলা এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতি দ্রুতই শিক্ষক পদায়নের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান। কিন্তু দীর্ঘ ১০ বছরেও শিক্ষক নিয়োগের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণ সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর দেননি তিনি।
শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ : রিজভী
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু তার জিন (বংশ) তো বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেই লাইন ক্রস করতে পারেনি। তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে বলে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করতো তাদের রাজনীতির বাইরে গেলেই সবাই অপরাধী।
তিনি বলেন, আওয়ামী লীগেরই একজন ঘনিষ্ঠ লোক বলেছেন- শেখ মুজিবুর রহমান একজন বড় নেতা ছিলেন কিন্তু তার পরিবারের প্রতি দুর্বলতা ছিলেন। তিনি তার ছেলে ভাগ্নেদের কন্ট্রোল করতে পারেননি। শেখ হাসিনা সবকিছুতে চাঁদাবাজি করে তাদের আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠিত করে গেছেন। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে। উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে করেছেন? উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার-হাজার কোটি টাকা ঋণ নিয়ে এসে পাচার করেছেন, লুটপাট করেছেন।
এটিএম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, এতদিন চলে গেল হত্যার বিচার এখনো হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এরকম একজন প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা হত্যার বিচার হলো না, এটা অত্যন্ত কষ্টের বিষয়।
কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।
হাজারীবাগে লেদার গোডাউনের আ-গুন নিয়ন্ত্রণে
ডেস্ক রিপোর্ট: আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য