ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫
নিজস্ব প্রতিবেদক
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে ফিরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফিরে আসেন।

বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত ষোলটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দেশে ফিরে আসা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করছে সরকার। আর যারা থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪৭ বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

    নিজস্ব প্রতিবেদক
    ১২ ডিসেম্বর, ২০২৪ ২০:২
    নিজস্ব প্রতিবেদক
    ৪৭ বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

    ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

    এই কর্মকর্তা বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

    এ বিসিএসের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, রুটিন প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ১২ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৭
      নিজস্ব প্রতিবেদক
      এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, রুটিন প্রকাশ

      ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী বছরের ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

      বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

      রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে–এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

      পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করছে সরকার

        নিজস্ব প্রতিবেদক
        ১২ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৪
        নিজস্ব প্রতিবেদক
        ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করছে সরকার

        ডেস্ক রিপোর্ট: ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

        বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

        স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

        এ ছাড়া বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপস্থাপন করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আবু সাঈদ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫৬
          নিজস্ব প্রতিবেদক
          আবু সাঈদ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

          বেরোবি প্রতিনিধি: আবু সাঈদ হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করা না করলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

          বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

          এসময় আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহার ভুক্ত ছাত্রলীগের চুরাশি জনের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

          বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেফতার না করলে এই সংগ্রামী ছাত্র জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সকল মহলকে বলে দিতে চাই যে, সেই সকল পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষনা করা হবে।

          বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজকের এই মানববন্ধন থেকে হুশিয়ারি করে দিতে চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।

          বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন,ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায়।আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদত দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।

          তাজহাট থানা ওসি শাহালম সরদার বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই পুলিশ নিয়েছেন। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কোন করার নেই।

          রংপুর পিবিআইয়ের এসপি এ বি এম জাকির হোসেন বলেন,আবু সাঈদ হত্যার একমাস পর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে অনেক আসামি দেশ ছেড়ে চলে গেছে। আমাদের চেষ্টার কমতি রাখি নাই। তদন্ত চলছে মনিটরিং সেল গঠন করা হয়েছে, মন্ত্রাণালয়লও বিষয়টি দেখতেছে আর অনেক ডকুমেন্টেশনের কাজ এখনো শেষ হয়নি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত