শিরোনাম
দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে আজই প্রজ্ঞাপন জারি : মাহফুজ আলম
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এজন্য আজই প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এ কথা জানান।
তিনি বলেন, অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেব। যাতে তারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য।
তিনি বলেন, সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়ত জারি করবে। এর মধ্যে দিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা প্রসঙ্গে সারজিস-হাসনাতের ক্ষোভ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদন্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?’
হাসনাত লেখেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে বেশকিছু প্রস্তাব। ড. ইউনূসের কাছে কিছু আবদারও রেখেছেন তারা। সংলাপে কেউ প্রস্তাব দিয়েছেন নানামুখী সংস্কারের, আবার কেউ প্রস্তাব দিয়েছেন কেবল নির্বাচন ব্যবস্থা সংস্কারের। কেউ কেউ নির্বাচনের রোডম্যাপও জানতে চেয়েছেন।
এর বাইরে বিগত সরকারের মিথ্যা মামলা, গায়েবি মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে আবদার করেছেন অনেকে।
প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) রাত ৮টায় মনিরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।
বহিষ্কার হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। সেখানে তিনি কমেন্ট করেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।
পরে জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরের ঘটনা জানতে চান। এ সময় মনির বিষয়টি স্বীকার করেছিলেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। এরপর সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে ভোলার তজুমদ্দিনে ছাত্রদলের মৌন মিছিল
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিনে মৌন মিছিল ও স্মরণসভা করেছে তজুমদ্দিন সরকারি কলেজ কলেজ ছাত্রদল।
সোমবার (০৭ অক্টোবর) দুপুর ২টায় কলেজ ক্যাম্পাসে এসব আয়োজন করে সংগঠনটি। পরে কলেজে শহীদ মিনারে আবরার ফাহাদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ সহ সংগঠনটির প্রায় ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আবরার ফাহাদ ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।
এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মোঃ মিজান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বরখাস্ত ঊর্মিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তাকে স্থায়ী বরখাস্ত ও গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।
সোমবার বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ী বরখাস্ত ও গ্রেফতার দাবি করা হয়।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম ঊর্মি বিভিন্নভাবে ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। শহিদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। যা প্রশাসনে থেকে স্বৈরশাসক এর দালালী ছাড়া কিছুই না। আমরা তার উপযুক্ত শাস্তি ও গ্রেফতার দাবি জানাচ্ছি।
বক্তারা জানান, তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দিবে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেও জানান তারা।
এর আগে রোববার তাবাসসুমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক এস আই শাহিন, লালমনিরহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান, আজমাউল হক খন্দকার, মো. নাঈম ও আহনাফ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য