শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলনে প্রবাসে সাজাপ্রাপ্তদের পুনর্বাসন করবে সরকার: অসিফ নজরুল
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে যেসব প্রবাসী নিজেদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে কারাবরণ করেছেন আমরা তাদের এই প্রতিদান মনে রেখেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব।
আসিফ নজরুল বলেন, দরকার হলে বেসরকারি খাত আছে যারা মানবকল্যাণে কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করব। কারো যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, যদি প্রয়োজন হয় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ রয়েছে সেখানে কাজে লাগানো যায় কিনা দেখব। এ ছাড়া, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকও রয়েছে।
প্রবাসী উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে ফিরে আসা ৮৭ জনকে তালিকাভুক্ত করতে পেরেছি। তাদের বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদের প্রতি এটা বাংলাদেশের দায় বলে আমরা মনে করি। চাকুরি হোক বা ব্যবসার উদ্যোগ হোক, মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থান করব।
তিনি আরও বলেন, বোয়েসেলের মাধ্যমে দরকার হলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করব। তা সম্ভব না হলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মূল কথা হচ্ছে, আমরা তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব
বিদেশে কর্মী যেতে লাগবে না মন্ত্রণালয়ের অনুমোদন
প্বাসগামী কর্মীদের দীর্ঘসূত্রিতা কমাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই চলবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি, প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির। এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকা পালন করবে না। দুই জায়গায় অনুমোদন নিতে হবে।
প্রবাসী উপদেষ্টা বলেন, তিন জায়গার পরিবর্তে যদি দুই জায়গার অনুমোদন লাগে, তাহলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে। যাওয়ার প্রস্তুতির সময় যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি, দুই থেকে আড়াই মাস লাগবে। আমরা চেষ্টা করব এক মাস কমানোর জন্য। আপনাদের নিশ্চিত করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার হবে না।
গণঅভ্যূত্থানে নিহত ৭০৮ জনের সরকারি তালিকা প্রকাশ, বাড়তে পারে আরো
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর হতে ০৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এতে বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোন মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো।
প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে-
(ক) শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
(খ) রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
(গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।
(ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।
(ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।
(চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হল কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
ভারতে পাচারের সময় তিন রোহিঙ্গা তরুণী আটক
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাইজুমা (১৭), শারমিন আক্তার (১৭) ও নুরছাফা (১৮)। তারা কক্সবাজারের বাসিন্দা। তাদের মধ্যে মাইজুমা কক্সবাজারের নিবন্ধন নং-২০২০০৩, ওয়ার্ড নং-৫০/বি, ক্যাম্প-৪, ব্লক সি/১-এর আবুল ফয়েজের মেয়ে, শারমিন আক্তার নিবন্ধন নং-২৩৯৮৪০, ওয়ার্ড নং-১৪৬/বি, ক্যাম্প-৪, ব্লক বি/২-এর শফির মেয়ে ও নুরছাফা নিবন্ধন নং-১৭৮৮৩১, ওয়ার্ড নং-১২৩/বি, ক্যাম্প-৪, ব্লক ডি-এর আবুল কালামের মেয়ে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীন শারিয়ালজোত বিওপি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সীমান্ত মেইন পিলার ৪২১ দিয়ে মানবপাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে বিজিবির টহল দল স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামে পাচারকারীদের উপস্থিতি নিশ্চিত করে ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন তরুণীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয়।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটককৃত তিনজন রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। পাচারকারী মো. ইসমাইল হোসেনের প্রতারণার খপ্পরে পড়ে তারা এই এলাকায় চলে আসে। তারা আরও জানায় ইসমাইল হোসেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। ভারতে পাচারের লক্ষ্যে সোমবার ইসমাইল তাদের পঞ্চগড়ে নিয়ে আসে। আটক তরুণীদের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
শেখ হাসিনা আ.লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ
শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল।
সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকসারোয়ারনিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ।
সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে, দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে। একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম।
তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেইড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ওপর। শি বিট্রেইড মি, শি বিট্রেইড দ্য পার্টি, আওয়ামী লীগ, শি বিট্রেইড বাংলাদেশ। বিকজ আমরা যে দিনবদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয়মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথ।
সোহেল তাজ কথা বলেছেন জেলহতা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে।
শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না; হত্যা, গুম-খুন-দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য