ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ট্রাফিক আইন না মানায় একদিনে ২৯২ মামলা, জরিমানা ১১ লাখ

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৮
নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন না মানায় একদিনে ২৯২ মামলা, জরিমানা ১১ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও  ১১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৯ হাজার টাকা।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গাইবান্ধায় ২৬ কেজি গাঁজাসহ আটক ২

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৮
    নিজস্ব প্রতিবেদক
    গাইবান্ধায় ২৬ কেজি গাঁজাসহ আটক ২

    গাইবান্ধার সাদুল্লাপুরে একটি প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে শফিউল ইসলাম (৪০) ও জিয়ারুল ইসলাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

    বুধবার সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতার মাদক কারবারি শফিউল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশোর ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার আলীর ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সাদুল্লাপুর হাটের গরুহাটির সামনে রাস্তার ওপর একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ২৬ কেজি শুকনা গাঁজাসহ কারটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অন্তর্বতী সরকারের প্রথম একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন

      নিজস্ব প্রতিবেদক
      ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৪
      নিজস্ব প্রতিবেদক
      অন্তর্বতী সরকারের প্রথম একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন

      নতুন সরকারের প্রথম একনেক সভায় মোট চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা।

      এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬৩ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১০০ কোটি ১৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫৮ কোটি ১৬ লাখ পাওয়া যাবে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে।

      বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৩টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রীতি অনুযায়ী সবসময় একনেক সভা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার তা পরিবর্তন করা হয়েছে। প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় অনুষ্ঠিত হলো। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

      একনেকে অনুমোদিত চারটি প্রকল্প হলো: শিল্প ও শক্তি বিভাগের বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত), ২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) তথ্য আপা নামক প্রকল্প এবং কৃষি, পানি সম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে: ড. ইউনূস

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১৯
        নিজস্ব প্রতিবেদক
        বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে: ড. ইউনূস

        সামনে বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

        বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) তিনি এ কথা বলেন। এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

        অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পে চিন্তা দরকার। মেগা প্রকল্পও বাদ দিতে হবে। নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে।’

        তিনি বলেন, ‘সামনে বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মেট্রোরেল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৭
          নিজস্ব প্রতিবেদক
          মেট্রোরেল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

          রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

          মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

          এক যাত্রী জানান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজট। এ সড়কে সাধারণত ১০-১৫ মিনিট সময় লাগলেও আজ ১ ঘণ্টা সময় লেগেছে।

          এছাড়াও রাজধানীর গুলিস্তান, বনশ্রী ও ধানমন্ডিতেও দুপুর ১টা পর্যন্ত ব্যাপক যানজট দেখা যায়।

          এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ দাস জানান, মেট্রোরেল বন্ধ থাকায় রাস্তায় গাড়ির চাপ অন্যদিনের চেয়ে কিছুটা বেশি। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। ফার্মগেট এলাকায় সড়কের একটি লেন বন্ধ রেখে মেট্রোরেল মেরামতের কাজ করা হচ্ছে তাই সেখানে গাড়ির চাপ কিছুটা বেশি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত