ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৪ ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো : নাহিদ ইসলাম

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো বলে সতর্ক করেছেন ছাত্রনেতা ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এই সম্পর্ক ঘনিষ্ঠ করেনি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো। তা নাহলে তারা পুরো দক্ষিণ এশিয়ায় সমস্যা হয়ে দাঁড়াবে।

শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি (হাসিনা) কেন দেশ থেকে পালালেন তা জানার কৌতুহল আছে আমার।

৮ আগস্ট উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, তার (শেখ হাসিনা) অধীনে সংঘটিত সব হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই আমরা। আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা। এমনকি তিনি যদি দেশে ফিরে না আসেন তাহলেও আমরা এ বিষয়ে কাজ করব। আমি চাই তাকে গ্রেফতার করা হোক। সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে। এ বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।

ওদিকে ছাত্র আন্দোলনের আরেক নেতা আবু বকর মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা এবং ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা। এর আগের নির্বাচন বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, যে কোনা নির্বাচনের আগে বাংলাদেশে ইলোকটোরাল এবং সাংবিধানিক সংস্কার প্রয়োজন। ফলে কখন নতুন নির্বাচন হবে তা এখনই পরিষ্কার নয়। এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে অস্বীকৃতি জানান। তিনি কি একদিন প্রধানমন্ত্রী হতে চান কিনা? এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমার আকাঙ্ক্ষা কি হবে তা নির্ভর করে বাংলাদেশের জনগণের ওপর।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী : জয়

    নিজস্ব প্রতিবেদক
    ১০ আগস্ট, ২০২৪ ১১:২৮
    নিজস্ব প্রতিবেদক
    শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী : জয়

    ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পাঁচ দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি। সে সময়টুকু পাননি তিনি।

    রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমার মা দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু এ সময়ে আন্দোলকারীরা গণভবনের উদ্দেশে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। আমি যতদূর জানি, সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

    শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন।

    তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকেল ৪টার দিকে জেনারেল ওয়াকার বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় আড়াই ঘণ্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওয়ানা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। চার দিনের মাথায় বৃহস্পতিবার (৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।

    রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, 'সেনাপ্রধানসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।'

    চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, 'আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী, ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তা না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক, তাতেই আমরা সন্তুষ্ট।'

    শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন, মা (শেখ হাসিনা) তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই। এখন দল যদি আমাকে (প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে) চায়, অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব।

    সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটির প্রশংসা করছেন তিনি।

    জয় বলেন, 'খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক।'

    গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, 'বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।'

    জয় বলেন, 'রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি। তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে। আর আমরা সবসময়ই আপস করার উপায়ও খুঁজে বের করতে পারি।'

    গ্রেপ্তারের হুমকিকে আমার মা কখনো ভয় পাননি-উল্লেখ করে জয় বলেন, ‘আমার মা ভুল কিছু করেননি। তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয় যে- আমার মায়ের নির্দেশেই এ কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত।’

    বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারে কারা দায়ী তা তিনি বলেননি। তবে তিনি বলেন, ‘আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।’

    জয় বলেন, আমি আমার মাকেও বলেছিলাম, ‘আমাদের অবিলম্বে (আমাদের ছাত্র সংগঠন) বলতে হবে আক্রমণ না করতে, সহিংসতা বন্ধ করতে। আমরা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করেছি, যারা ছাত্রদের উপর গুলি করেছে। আমরা যা করতে পেরেছি তা করেছি।’

    যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনাপুত্র জয়। তিনি বলেন, আমি কখনো বেআইনি কিছু করিনি। তাহলে কেউ আমাকে আটকাবে কি করে?"

    জয় বলেন ‘রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না। আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না।’

    সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত ১ জুলাই রাজপথে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন চললেও ১৬ জুলাই সারা দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন ছয় শিক্ষার্থী প্রাণ হারান। এরপর সংঘর্ষ-সংঘাত বাড়তেই থাকে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ জুলাই দুপুরে মোবাইল ইন্টারনেট ও রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানি বাড়তে থাকলে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়। তবে সংঘাত-সংঘর্ষ এড়ানো যায়নি। এক সপ্তাহের ব্যবধানে প্রায় দুই শ মানুষ প্রাণ হারান।

    নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গত শনিবার (৩ আগস্ট) এই আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। পরদিন সারা দেশে অসহযোগ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ দিন ১৪ পুলিশ সদস্যসহ প্রায় এক মানুষ প্রাণ হারান।

    পরদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আন্দোলনকারীরা যখন ঢাকা প্রবেশ করছেন, এমন সময় দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতের পথে রওয়ানা হন তিনি। কিছুক্ষণ পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

      নিজস্ব প্রতিবেদক
      ১০ আগস্ট, ২০২৪ ১১:১৪
      নিজস্ব প্রতিবেদক
      সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

      সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

      শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

      বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

      এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম, ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি

        নিজস্ব প্রতিবেদক
        ১০ আগস্ট, ২০২৪ ৯:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম, ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি

        অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম ও যেকোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।

        তিনি বলেন, পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

        আজ (শনিবার) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।

        আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনোপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।

        তিনি বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অজ্ঞাত স্থান থেকে নতুন সরকারকে অভিনন্দন আ.লীগ নেতা হানিফের

          নিজস্ব প্রতিবেদক
          ৯ আগস্ট, ২০২৪ ২২:২৬
          নিজস্ব প্রতিবেদক
          অজ্ঞাত স্থান থেকে নতুন সরকারকে অভিনন্দন আ.লীগ নেতা হানিফের

          অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

          শুক্রবার (৯আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি। তবে, ফেসবুক আইডিটি সত্যিই তার কি না তা নিশ্চিত করা যায়নি। আইডিটিতে এক লাখ ৪৫ হাজার ফলোয়ার রয়েছে।

          ফেসবুকে মাহবুবউল আলম হানিফ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

          প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীতে কয়েক লাখ মানুষের ঢল নামলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

          এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত