ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৩ ১৩:৩২
নিজস্ব প্রতিবেদক
র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া যুবক গ্রেপ্তার

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (সোমবার) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি-বিদেশি মাদকসহ তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বগুড়ার আলোচিত সেই প্রধান শিক্ষককে ওএসডি করে স্ট্যান্ড রিলিজ

    নিজস্ব প্রতিবেদক
    ১০ এপ্রিল, ২০২৩ ১১:১৭
    নিজস্ব প্রতিবেদক
    বগুড়ার আলোচিত সেই প্রধান শিক্ষককে ওএসডি করে স্ট্যান্ড রিলিজ

    বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া নিয়ে শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে দুই অভিভাবককে বিচারকের পা ধরতে বাধ্য করার ঘটনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়। ওই ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেদিন ঘটনার সময় কি ঘটেছিল অডিও ক্লিপটিতে উঠে এসেছে।

    এই ঘটনার জেরে গুড়ার আলোচিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম স্কুল) প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক বিমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করেছে।

    ইতোপূর্বে  দেওয়া প্রধান শিক্ষকের বিবৃতির সঙ্গে ফাঁস হওয়া অডিও ক্লিপের মিল না থাকায় নতুন বিতর্কের সৃষ্টি‌ হয়েছে। এরই মধ্যে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠার পরিপ্রেক্ষিতে একদিন পরেই প্রধান শিক্ষককে ওএসডি করা হলো।

    তাকে ওএসডি করার কোনও চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে মাধ্যমিক শাখার কর্মকর্তারা তাকে ওএসডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের দাবি উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে ওএসডি করা হয়েছে। ওএসডির চিঠি ওয়েবসাইটে না দিয়ে সরাসরি স্কুলে পাঠানোর কথা জানিয়েছে কর্মকর্তারা।

    তবে প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে এমন কোনো চিঠি তিনি পাননি এবং বিষয়টি তার জানা নেই বলে উল্লেখ করেছেন।

    বিদ্যালয়ে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বগুড়ার এক অতিরিক্ত জেলা ও দায়রা জজের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে তার সহপাঠীদের ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছিল।

    বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ঘটনার দিনই অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই তদন্ত চলমান অবস্থায় ওএসডি হলেন প্রধান শিক্ষক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দেশের ৮৬ হাজার জনের লিঙ্গ জানে না বিবিএস

      নিজস্ব প্রতিবেদক
      ৯ এপ্রিল, ২০২৩ ১৬:১৯
      নিজস্ব প্রতিবেদক
      দেশের ৮৬ হাজার জনের লিঙ্গ জানে না বিবিএস

      জনশুমারি ও গৃহগণনা ২০২২- এ প্রায় ৮৬ হাজার (৮৫ হাজার ৯৫৭) জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এসব জনগোষ্ঠী পুরুষ নাকি নারী নাকি তৃতীয় লিঙ্গের সে বিষয়ে কোনো কিছুই শনাক্ত করতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

      রোববার (৯ এপ্রিল) দুপুর ২টায় এনইসি সম্মেলন কক্ষে (পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর) বিবিএস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

      প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শুমারির সময়ে দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

      বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, আমরা জনশুমারিতে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা বের করেছি। কিন্তু প্রায় ৮৬ হাজার জনের কোনো লিঙ্গভিত্তিক পরিচয় পাইনি। ফলে এদের ব্যালান্স পপুলেশন হিসেবে সমন্বয় করেছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঈদে লঞ্চে উঠবে না মোটরসাইকেল, ১১ দিন বন্ধ বাল্কহেড

        নিজস্ব প্রতিবেদক
        ৯ এপ্রিল, ২০২৩ ১৪:৪৮
        নিজস্ব প্রতিবেদক
        ঈদে লঞ্চে উঠবে না মোটরসাইকেল, ১১ দিন বন্ধ বাল্কহেড

        এবারের ঈদযাত্রায় লঞ্চে উঠবে না মোটরসাইকেল। যাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে ১১ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

        রোববার (৯ এপ্রিল) গুলশানে নৌপুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে নৌপথে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

        তিনি জানান, ‘১৭ এপ্রিল-২৭ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। এধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।’

        শফিকুল ইসলাম আরও জানান, খেয়া নৌকা দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে। এ সময়ে লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে।

        ‘শেষ সময়ে গার্মেন্টসগুলোতে ছুটি হয়। সে কারণে লঞ্চে চাপ বাড়বে। চাঁদপুর, বরিশালসহ সংশ্লিষ্ট এলাকায় যাত্রীর চাপ পড়ে। তাই এসময়ে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখতে হবে। আইন কঠোরভাবে পালন করার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, আইন প্রয়োগ না করলে সঠিকভাবে কিছু হয় না।’

        এসময় লঞ্চ মালিকদের থেকে জানানো হয়, আমরা মোটরসাইকেল বহন করব না। এজন্য লঞ্চঘাটে মোটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে?

          নিজস্ব প্রতিবেদক
          ৯ এপ্রিল, ২০২৩ ১১:৪৯
          নিজস্ব প্রতিবেদক
          ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে?

          ঈদুল ফিতরে বাড়ি ফেরা নিয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এবার ঈদের ছুটিতে বড় ধরনের ‘লোকসান’ দেখছেন চাকরিজীবীরা। যদি নির্বাহী আদেশে অন্তত একদিন অফিস বন্ধ রাখা হয়, তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। আর সেই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

           

          ঈদ মানে আনন্দ। কিন্তু ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রায় প্রতি বছরই নিরানন্দের সুর ধ্বনিত হতে দেখা যায়। এবার যেন সেই সুরটা আরও বড়। ঈদুল ফিতরের তিন দিন ছুটির মধ্যে দুদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। সেই হিসাবে চাকরিজীবীদের অফিস করতে হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। তার মানে বাড়ি যেতে হবে ঈদের আগের দিন।

          এতে যানজট হবে তীব্র; বাড়বে ভোগান্তি। সেই সঙ্গে বাড়ি আসা-যাওয়া করতেই ফুরাবে ছুটির সময়টা। সেক্ষেত্রে বাড়তি ছুটি না পেলে মাটি হবে তাদের ঈদ আনন্দ। অতীত অভিজ্ঞতা থেকে অনেকে বলছেন, এবার ঈদের তিন দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বাড়িতে গেলে যানজটের কারণে রাস্তাতেই বেশিরভাগ সময় কেটে যাবে। ফলে উৎসবের আমেজ আর পাওয়া যাবে না।

          তাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদের ছুটি অন্তত একদিন বাড়ানোর দাবি জানানো হয়েছে। কারণ নির্বাহী আদেশে ২০ এপ্রিল অফিস বন্ধ রাখলে মোট ছুটি পাঁচদিন হবে। কারণ এর আগের দিন ১৯ এপ্রিল শবেকদরের ছুটি আছে। আর রোজা ৩০টি হলে ছুটি হবে ৬ দিন।

          এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে ঈদের ছুটি বাড়ানোর দাবি উঠলেও সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনায় আছে বলে জানিয়েছে মন্ত্রিসভার একটি দায়িত্বশীল সূত্র। সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
           
          যদিও আসন্ন ঈদে ছুটি বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর। ঈদের ছুটিসংক্রান্ত পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। কোনো সিদ্ধান্ত হলে আগেই জানানো হবে। সরকার সব সময় চায়, মানুষ নির্বিঘ্নে সব ধরনের উৎসব পালন করুক। আবার সরকারি অফিস-আদালত সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতেই খোলা রাখা হয়। তাই সরকারকে দুই দিকই চিন্তা করতে হয়।’
          উল্লেখ্য, ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে একদিন ছুটি দেয়ার রেওয়াজ রয়েছে। ২০১৬ সালে এ ধরনের ছুটি দেয়া হয়েছিল। সেবার সব মিলিয়ে ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ছিল।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত