ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই কালু ২৭ দেশের ভাষা জানেন

নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৩ ১৬:৪৫
নিজস্ব প্রতিবেদক
বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই কালু ২৭ দেশের ভাষা জানেন

অস্ট্রেলিয়ার এক ইউটিউবারের কাছে টাকা চেয়ে দেশব্যাপী ভাইরাল হওয়া কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই জানা গেছে এক চাঞ্চল্যকর তথ্য।অল্প বিস্তর ২৭ টি দেশের ভাষা জানেন আলোচিত আব্দুল্লাহ কালু।

জানা গেছে, কালু মূলত বিদেশিদের দোভাষী হিসেবে কারওয়ান বাজার এলাকায় কাজ করেন।

কালু কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। তবে কালুর দাবি তিনি ৪২ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করছেন।

লুক ডুমান্ট কালুর ছবি পোস্ট করার পর দেশীয় ইউটিউবাররা কালুকে খুঁজতে থাকেন। এক সময় কারওয়ান বাজারে পেয়েও যান। এরপর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিওবার্তায় ইউটিউবার লুক ডামান্ট-এর কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। এমন আমি আর করবো না। আই অ্যাম সরি, এটা একটা দুর্ঘটনা।’

ওই ভিডিওতে কালু জানান, তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। ইংরেজি কিভাবে শিখলেন এর জবাবে কালু বলেন, ‘ছোটবেলাতে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল, একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ভিসাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য যেতে পারিনি। সে সময়ই ইংরেজি শিখি।’

কালু বলেন, ‘বিদেশিদের আমি বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাই। এই কাজ করছি আমি ৪২-৪৩ বছর ধরে। ফ্রান্স, ইতালি,জার্মানি, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অসংখ্য দেশের পর্যটকদের নিয়ে কাজ করেছি। তাদের দেশ দেখিয়েছি।’

এসময় কালু বেশকিছু পুরাতন ছবি দেখান। মোট ২৭ টি ভাষায় অল্প বিস্তর কথা বলতে পারেন বলে জানিয়েছেন একজন দেশি ইউটিউবার

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ৩ এপ্রিল, ২০২৩ ১৪:৫৩
    নিজস্ব প্রতিবেদক
    চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

    চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিডনি প্রতিস্থাপনসহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব হয়েছে।

    সোমবার (৩ এপ্রিল) গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আরও ছিলেন কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামীমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানা।

    বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব।

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে।

    এর আগে ১৮ জানুয়ারি বিএসএমএমইউতে দুজন রোগীর দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। এই দুটি কিডনি দান করেছিলেন ব্রেন ডেথ হওয়া সারা ইসলাম। একই সঙ্গে সারা ইসলামের দুটি কর্নিয়াও অন্য দুজন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

    ১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টায় বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারে এ অপারেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বাধীন একটি চিকিৎসক দল।

    সারা ইসলাম ১০ মাস বয়স থেকেই মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে ১৮ জানুয়ারি সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ২০ বছর।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আগামী নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে

      নিজস্ব প্রতিবেদক
      ৩ এপ্রিল, ২০২৩ ১৪:৩৫
      নিজস্ব প্রতিবেদক
      আগামী নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে

      আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

      বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

      এসময় আরও পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এসব সিটি করপোরেশন হলো, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।

      আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঈদে মহাসড়কে ৯ দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি

        নিজস্ব প্রতিবেদক
        ৩ এপ্রিল, ২০২৩ ১৪:৩০
        নিজস্ব প্রতিবেদক
        ঈদে মহাসড়কে ৯ দিন মোটরসাইকেল নিষিদ্ধের দাবি

        সড়ক দুর্ঘটনা কমাতে  মহাসড়কে ঈদের আগে ও পরে মোট ৯ দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। একই সাথে ঈদযাত্রায় মহাসড়কসহ সব আন্তঃজেলা সড়কে তিন চাকার যানবাহন চলাচল এবং অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

        সোমবার (৩ এপ্রিল) সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই আহ্বান জানান। এ ছাড়া নাগরিক সংগঠনটির নেতারা সারা দেশের সব সড়ক ও মহাসড়কে অনিবন্ধিত, ত্রুটিপূর্ণ ও অননুমোদিত সব ধরনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

        এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

        নিরাপদ ও বিড়ম্বনামুক্ত ঈদ যাতায়াতের ওপর গুরুত্বারোপ করে জাতীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। গত বছর সড়কে মোট দুর্ঘটনার ৪০ শতাংশেরও বেশি মোটরবাইক দুর্ঘটনা। দুই চাকার এ বাহনে ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহনের কারণে ঈদ মৌসুমে আরও বেশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

        বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্র ও অনিরাপদ যানবাহন মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে বাস-ট্রাকের মতো বড় গাড়ির গতি কমিয়ে দেয়। এতে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি বাড়ে।

        বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রতি ঈদযাত্রায় দূরপাল্লার অনেক সড়কে বিভিন্ন পরিবহন কোম্পানি যাত্রীদের কাছ থেকে দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে থাকে। এতে বাস মালিকদের অতিরিক্ত মুনাফা ও শ্রমিকদের বাড়তি আয় হলেও সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

          নিজস্ব প্রতিবেদক
          ৩ এপ্রিল, ২০২৩ ১৪:২০
          নিজস্ব প্রতিবেদক
          ‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

          জাতীয় স্লোগান হিসাবে ‘জয় বংলা’র সাথে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করা কেন হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

          আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

          এর আগে গত বছরের ১২ নভেম্বর জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

          আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয় বাংলা উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান; পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত