শিরোনাম
সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা
তাফহিম, কক্সবাজারঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে ৩১ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ শাহজাহান শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে মামলা লিপিবদ্ধ করার বিষয়ে জানান।
তিনি জানান, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৪০ জনও আসামি হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
১৪ নভেম্বর র্যাব এবং ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।
মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র্যাবের একজন সদস্য আহত হন।
বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন শনিবার
চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউব উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এই উদ্বোধন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এটি উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এক চিঠিতে জানান, বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন।
জানা গেছে, টানেলের পতেঙ্গা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে পুরো টানেলের উদ্বোধন হবে আগামী জানুয়ারিতে।
প্রসঙ্গত, চীনের সহযোগিতায় কর্ণফুলীতে দেশের প্রথম এই টানেল নির্মিত হচ্ছে। এই টানেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়ে নতুন মাত্রা আনবে দক্ষিন-পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। প্রকল্পটি ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আছে মেগা প্রকল্পটি। এখন চলছে টানেলের ভেতরে ফায়ার ফাইটিং, লাইটিং ও কন্ট্রোল ব্যবস্থাপনার কর্যক্রম।
রামুতে আগুনে পুড়ে ছাই চার ভাইয়ের বসতঘর: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
তাফহিম, কক্সবাজার: কক্সবাজারের রামুর দক্ষিন মিঠাছড়ির উমখালীতে চারটি বসতঘর আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এতে ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে মধ্যম উমখালীর আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, মধ্যম উমখালীর আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, তার ভাই সফি উল্লাহ ও কলঘর বাজার গফুর মাইক সার্ভিসের ছোট ভাই আবছার কামাল ও নুরুল আজিম।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাওলানা হাবিব উল্লাহ জানান, খাট, ফ্রিজসহ বাড়ির সকল প্রয়োজনীয় আসবাবপত্র সম্পুর্ণ আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আমার অপর তিন ভাইয়ের বসতবাড়িও আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা মালামালের ক্ষতি সাধিত হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমির হামজা কোম্পানি জানান, চোলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন৷
চেকের মামলায় উচ্চ আদালতের নতুন সিদ্ধান্ত
এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধুমাত্র ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। পাশাপাশি বর্তমানে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ থাকবে বলে রায়ে বলা হয়েছে।
ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে বুধবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত বলেছেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটা জামানত। বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।
আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে, তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।
আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়াটাই বেআইনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করে আসছে।
রায়ে হাইকোর্ট নিম্নআদালতের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি চেক ডিজঅনার মামলা করে তাহলে আদালত তা সরাসরি খারিজ করে দেবেন। একইসঙ্গে তাদেরকে ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে পাঠিয়ে দেবেন।
আদালত বলেন, ব্যাংক হওয়ার কথা ছিল গরিবের বন্ধু, কিন্তু তা না হয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গরিবের রক্ত চুষছে। এটা হতে পারে না। যারা হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হচ্ছে ব্যাংক তাদের ঋণ মওকুফ করার কথা শুনি। কিন্তু কোনো গরিবের ঋণ মওফুফ করার কথা কোনোদিন শুনিনি। নীলকর চাষিদের মতো, দাদন ব্যবসায়ীদের মতো যেনতেন ঋণ আদায় করাই তাদের লক্ষ্য। লোন আদায়ের জন্য অর্থঋণ আইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মামলা দায়ের না করে চেক ডিজঅনার মামলা করছে। এ কারণে আমাদের ক্রিমিনাল সিস্টেম প্রায় অকার্যকর হয়ে গেছে। তাই এখন থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুধুমাত্র অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। অন্যকোনো আইনে নয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাইকোর্টের রায়ের আলোকে নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে সোমবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগের চূড়ান্ত ফল গতকাল ( ২৪ নভেম্বর) প্রকাশের কথা থাকলেও তা শেষ মূহুর্তে পেছানো হয়। কারন হিসাবে বলা হয় টেকনিক্যাল সমস্যার কথা। তবে আগামী সপ্তাহে এ ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তিনি জানান, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গতকাল ফল প্রকাশ করা হবে এমন খবর জানতে পেরে বেশ কিছু চাকরিপ্রার্থী পদসংখ্যা বাড়ানোর দাবিতে প্রধান ফটকে অবস্থান শুরু করেন। যেকোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে গতকাল ফল প্রকাশ না করার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। তবে আগামী সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে বলেও সূত্র জানায়।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল চূড়ান্ত ফল প্রকাশের কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ একাধিক কর্মকর্তা। সেখান থেকে তাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসার কথা ছিল। কিন্তু পদ সংখ্যা বাড়ানোর দাবিতে চাকরিপ্রার্থীরা প্রধান ফটকে অবস্থান নেওয়ার কারনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাননি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার জনকে নিয়োগের কথা থাকলেও সেটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য