ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

গাজীপুরে সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

অনলাইন ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫ ১৬:৫৬
অনলাইন ডেস্ক
গাজীপুরে সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

শিল্পনগরী গাজীপুরে অপরাধ পরিস্থিতির কোনো বিচ্ছিন্ন চিত্র নয়, বরং শহরটির বাসিন্দাদের নিরাপত্তাহীনতার নিত্যদিনের পরিস্থিতি। এই শহরে সন্ধ্যা হলেই রাস্তায় চলাচলে তৈরি হয় আতঙ্ক। চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও খুন যেন এখানকার নিত্যনৈমত্য নৈমত্য ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অপরাধ ঠেকাতে পারছে না। পুলিশের আগের মতো তৎপরতা, টহল ও তল্লাশিচৌকি নেই। এই সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

পুলিশ সদর দপ্তরের এক তদন্ত প্রতিবেদনেও গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক ওই প্রতিবেদনে শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘খুবই খারাপ’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন এলাকার আয়তন ৩৩০ বর্গকিলোমিটার। সেখানে বসবাস করেন ৩৫ লাখের মতো মানুষ। দেশের রপ্তানি খাত ও অভ্যন্তরীণ বাজারের জন্য গাজীপুর গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকা। কিন্তু সেখানে সন্ধ্যা নামলেই রাস্তায় চলাচলে সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করে।

জিএমপিতে বর্তমানে ১ হাজার ৭৬৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। মহানগরে ৮টি থানা রয়েছে। কিন্তু পুলিশের তৎপরতার ঘাটতির কথা বলছে সাধারণ মানুষ। যেমন গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন সাংবাদিক আশরাফুল আলম। টঙ্গীর কাদেরিয়া গেট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা আশরাফুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মুঠোফোন ও টাকা নিয়ে যায়। একই এলাকায় আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনার কথা জানান স্থানীয় বাসিন্দারা।

এদিকে গত ১১ জুলাই রাতে মহানগরের টঙ্গী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ছিনতাইকারীরা কলেজশিক্ষার্থী ও খণ্ডকালীন চাকরিজীবী মাহফুজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। তিনি টঙ্গীর ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।

পুলিশ ও সাধারণ মানুষ বলছে, গাজীপুর মহানগরের এমন ১৯টি জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। তার মধ্যে রয়েছে টঙ্গীর সান্দারপাড়া রাস্তার মাথা, হোন্ডা গলি, শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পেছনে, মিলগেট, ন্যাশনাল টিউবস রোডের মাথা, সফিউদ্দিন রোডের মাথা, হোসেন মার্কেটের কাঠপট্টি, গাজীপুরা বাঁশপট্টি, তারগাছ, গাজীপুর চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, টঙ্গী ব্রিজ, টঙ্গী বাজার, জয়দেবপুর বাজার, লক্ষ্মীপুরা, কোনাবাড়ী, গাজীপুর নগরের বাসন, ভোগড়া বাইপাস ও গাজীপুর উড়ালসড়কের নিচের এলাকা।

এ ছাড়া ছিনতাইয়ের ঘটনা বেশি হয় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। সেখানেই ছিনতাইকারীরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছিল। ওই হত্যায় গ্রেপ্তার হওয়া ৯ জনই ছিনতাইকারী ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় কিশোর ও যুবক বয়সের ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে রিকশা বা অটোরিকশার গতিরোধ করে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। কখনো অন্ধকারে পথ আটকে, কখনো আবার থেমে থাকা বাসের জানালা দিয়ে ছিনিয়ে নেওয়া হয় মুঠোফোন ও গয়না। বাধা দিলে ছুরিকাঘাত করা হয়।

সাধারণত পুলিশের কাছে পেশাদার ছিনতাইকারীদের তালিকা থাকে। তবে জিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরে কারা কোথায় ছিনতাই করে, সেই তালিকা তাদের কাছে নেই।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ছয় মাসে গাজীপুর মহানগরে দস্যুতা ও ছিনতাইয়ের ঘটনায় ৩৪টি মামলা হয়। এর আগের ছয় মাসে মামলা হয় ২৬টি। যদিও অনেক ঘটনার ক্ষেত্রেই ভুক্তভোগী মামলা করতে যেতে চান না। কারণ, হয়রানি ও ভোগান্তির আশঙ্কা থাকে। এ কারণে পুলিশের পরিসংখ্যানে অপরাধের প্রকৃত চিত্র আসে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়ির থাকার অভিযোগে ৮৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪৯ জন জামিনে মুক্তি পেয়ে গেছেন।

গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আগে আওয়ামী লীগের নেতারা মাদকসেবী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর আরেকটি রাজনৈতিক দল সামনে এসেছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেন, ছিনতাই ঠেকাতে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে ৮ থানার ওসিরা ফাঁকা গুলি চালিয়েছেন। মোটরসাইকেলে টহল চালু করেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার পর হঠাৎ হঠাৎ নগরের জনবহুল এলাকায় ডিবি যাচ্ছে। ঘেরাও করে তল্লাশি চালিয়ে অপরাধীদের আটক করা হচ্ছে।

তথ্য সূত্র : প্রথম আলো

প্রাসঙ্গিক
    মন্তব্য

    একই স্থানে সমাবেশ ডাকলেন বিএনপির দুই নেতা, এলাকায় উত্তেজনা

    অনলাইন ডেস্ক
    ২২ আগস্ট, ২০২৫ ৮:৪৫
    অনলাইন ডেস্ক
    একই স্থানে সমাবেশ ডাকলেন বিএনপির দুই নেতা, এলাকায় উত্তেজনা

    ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার একই সময় ও স্থানে সমাবেশ ডেকেছেন বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী নেতা। এতে এলাকায় থমথমে অবস্থা ও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে প্রাথমিকভাবে ভিন্ন দুটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ।

    জানা গেছে, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে দোয়া মাহফিলের আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করে বিএনপির দুপক্ষ। তারা শুক্রবার একই সময়ে এ আয়োজন করতে চায়।

    আবেদনকারীরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পলের কর্মী তারিফুর রহমান। এ খবরটি জানাজানি হলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

    তারিফুর রহমান বলেন, শুক্রবার বিকালে আমাদের পক্ষ থেকে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ঈদগাহ মাঠ ব্যবহারের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

    অনুষ্ঠানের বিষয়ে গত মঙ্গলবার জিনজিরা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। আমরা মাঠের অনুমতি চাওয়ার পরও কেন ওইদিন একই জায়গায় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় ও তার অনুসারীরা প্রোগ্রাম করতে চায় তা আমরা জানি না।

    জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন বলেন, শুক্রবার জিনজিরা ঈদগাহ মাঠে আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করছি। আমাদের পক্ষ থেকে জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাঠ পরিচালনা কমিটি ও কেরানীগঞ্জ মডেল থানাকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে।

    আয়োজনের অনুমতির জন্য গত ১৮ আগস্ট জিনজিরা ঈদগাহ মাঠ সভাপতি ও কেরানীগঞ্জ মডেল থানা বরাবর লিখিত আবেদন করেছি। আশা করছি আমাদের আবেদনটি প্রশাসন গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

    কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু সাংবাদিকদের বলেন, শুক্রবার জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠান করার জন্য বিএনপির দুটি পক্ষের আবেদন পেয়েছি। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতা গয়েশ্বর রায় সমর্থিত পক্ষ ঈদগাহ মাঠ ও যুবদল নেতা রেজাউল কবীর পলের সমর্থিত পক্ষ জিনজিরা কালাচাঁন প্লাজা এলাকায় পৃথক স্থানে অনুষ্ঠান করবে। দুটি অনুষ্ঠানস্থল যেহেতু কাছাকাছি, তাই তাদের কর্মী-সমর্থকদের ভিন্ন সড়ক ব্যবহার করে কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

      অনলাইন ডেস্ক
      ২০ আগস্ট, ২০২৫ ১৫:২৯
      অনলাইন ডেস্ক
      মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

      রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে সড়কে যানজটের কারণে পৌঁছাতে পারেনি ইউনিটগুলো। বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

      বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার।

      তিনি বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট আছে। যার কারণে কারণে আমাদের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

      প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক

        অনলাইন ডেস্ক
        ১৫ আগস্ট, ২০২৫ ১৪:৪৯
        অনলাইন ডেস্ক
        পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক

        পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্রসহ আট চাঁদাবাজকে আটক করেছেন সেনাবহিনীর সদস্যরা।


        বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেনাবাহিনীর ৫ বীর ( সাপোর্ট ব্যাটালিয়ন ),৭১ ম্যাকানাইস্ট ব্রিগেড এ অভিযান পরিচালনা করে।


        আটককৃতরা হলেন—মো. সোবহান, নয়ন, আব্দুল হালিম, হাসান, মো. রাজিব, রিপন, আব্বাস ও রুবেল।


        জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন মো. সোবহান ও তার সহযোগীরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করত। কেউ অস্বীকৃতি জানালে তাকে ধরে নিয়ে বুলবুল ললিতকলা একাডেমিতে নিয়ে গিয়ে নির্যাতন করে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো। এর পরিপ্রেক্ষিতে সদরঘাট আর্মি ক্যাম্পের দুই প্লাটুন সেনা, বুলবুল ললিতকলা একাডেমি এবং গোল্ডেন পিক মার্কেটের ভেতরে অভিযান পরিচালনা করে।

         

        ‘বুনিয়া সোহেলে’র আস্তানায় অভিযান, ককটেল-গানপাউডারসহ কোটি টাকা উদ্ধার

        এ সময় সন্ত্রাসী সোবহানসহ আটজনকে আটক করেন সেনা সদস্যরা। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করেন তারা। জব্দকৃত অস্ত্রশস্ত্র কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি

          অনলাইন ডেস্ক
          ১৫ আগস্ট, ২০২৫ ১২:৩৮
          অনলাইন ডেস্ক
          ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি

          রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত ছাত্রজনতা।  


          বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।


          প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্রজনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।


          ছাত্রজনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে।  


          তারা আরও জানান, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন, সে জন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন।


          এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি।


          ঘটনার সময় উপস্থিত জনতা ‘আওয়ামী লীগের দালাল হুঁশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দেন।


          রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


          ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ বছর তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কর্মসূচি পালন করবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নেতাকর্মীরা নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে জড়ো হতে পারেন, এমন শঙ্কা থেকে ছাত্রজনতা ৩২ নম্বরে নজর রাখছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত