ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার

সেই ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার

অনলাইন ডেস্ক
৩০ জুলাই, ২০২৫ ১৪:৪৮
অনলাইন ডেস্ক
সেই ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় নতুন একটি মামলা রুজু হচ্ছে।


জানা গেছে, সোমবার রাত ১১টা পর্যন্ত পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেক পাওয়া যায়, যা আগামী মাসের ২ তারিখে ক্যাশ হওয়ার কথা ছিল। 


এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিষয়ে রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনের অংশ হিসেবেই ওই চেকটি ছিল।


এছাড়া, রিয়াদের ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটিতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে জমা রয়েছে। পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।


২৬ জুলাই সন্ধ্যায় গুলশান-২-এর ৮৩ নম্বর রোডের বাসায় চাঁদা আদায়ের সময় হাতেনাতে ধরা পড়ে পাঁচজন। তারা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।


রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহীম চাঁদপুরের রামদাসদী গ্রামের এবং আমিনুল ঢাকার বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ইব্রাহীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন।


ঘটনার পরপরই সংগঠন থেকে তিনজনকে বহিষ্কার করা হয় এবং কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়।


ঘটনার পর দায়ের হওয়া মামলায় গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহীম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু নামের একজন শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকি দেয়া হয় এবং ১০ লাখ টাকা হাতিয়ে নেন তারা। পরে ২৬ জুলাই আবার এসে বাকি ৪০ লাখ টাকা দাবি করলে পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে।


ঘটনার পর ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি রিফাত রশিদ জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ছাত্র সংগঠন কোনো অপরাধের দায় স্বীকার করে কেন্দ্র ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত করেছে।


তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের শেল্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি, বৈছাআর ব্যানার ব্যবহার করে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।’


প্রাসঙ্গিক
    মন্তব্য

    সচিবালয়ের সামনে সংঘর্ষ: আহত ৮০ জন ঢামেকে

    অনলাইন ডেস্ক
    ২২ জুলাই, ২০২৫ ১৮:৪৮
    অনলাইন ডেস্ক
    সচিবালয়ের সামনে সংঘর্ষ: আহত ৮০ জন ঢামেকে

    শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৮০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


    মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।


    আহতরা হলেন, হাসান (১৮), সেরাতুল (২২), সাকিব (১৯), তানভীর (১৯), রিফাত (১৯), রিজন (২০), সামিয়া (১৮), সামির (১৯), তামিম (১৯), ইমন (২০), সিয়াম (১৮), সাকিল (২০), মেহেদী (২০), সাদমান (১৮), মারুফ (২২), সাকিব (১৮), মাহিন (১৯), রোহান (২০), হাসিব (২০), মুগ্ধ (১৯), মাহিম (২০), হাসিব (১৯), সায়েম (১৮), জিদান (২০), নিহার (২০), রায়হান (২০), রোমান (১৮), প্রান্ত (১৯), নাহিদ (২০), অন্তু (২০), বিশাল (২০), ইমরান (২০), আহনাদ (১৮), মাহি (২০), নাঈম (১৮), সামি (১৮), স্বাধীন (২০), তাসিন (১৮), ইমরান (১৯), ধ্রুব (১৯), শান্ত (২০), তানিম (২০), আজহারুল (২০), তন্ময় (১৯), জিসান (১৯), রাসেকুন (২০), পারভেজ (২০), নাঈম (১৯), বিজয় (১৭), আসাদ (২০), নিহার (২০), নাফিজ (১৮), সাহিন (২০), কিশোর (১৮), তানভীর (১৮), ফারদিন (১৯), শাহরিয়ার (২০), সাঞ্জু (১৯), রাইয়ান (১৯), কলি (১৯), আব্দুল খালেক (৬৫), হাসিব (১৮), সিনান (১৮), তাসফি (২২), মামুন (২০), রিফাত (১৮), আসাদ (২১), মাহিন (২০), আতিক (১৮), তানভীর (১৮), হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন), কনা (২১), ইমন (১৯), ফাহাদ (১৮), ইয়াসিন আরাফাত শান্ত (২০), শাকিল (২০)। আহত অন্যদের নাম জানা যায়নি।


    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক যুগান্তরকে জানান, আজ বিকালের দিকে আহত অবস্থায় একজন সাংবাদিকসহ আনুমানিক ৮০ জনকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


    এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চেয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।


    গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাজধানীর শেওড়াপাড়ায় আগুন

      অনলাইন ডেস্ক
      ২২ জুলাই, ২০২৫ ১৮:৩০
      অনলাইন ডেস্ক
      রাজধানীর শেওড়াপাড়ায় আগুন

      রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।


      মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


      ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


      ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয় রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


      আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নিহতদের তথ্য প্রকাশসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

        অনলাইন ডেস্ক
        ২২ জুলাই, ২০২৫ ১৭:৩৬
        অনলাইন ডেস্ক
        নিহতদের তথ্য প্রকাশসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

        রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।


        মঙ্গলবার সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে প্রায় ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।


        এ সময় মধ্যরাতে শিক্ষা উপদেষ্টা এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা করায় তার পদত্যাগ দাবি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে নানা স্লোগান দেয়।


        বিক্ষোভ চলাকালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রিশাদুল আলম প্রিন্স, রেদোয়ান ইসলাম তালুকদার, আনাস, সরকারি আনন্দমোহন কলেজের মোহতাসিম রেশাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাব্বির আহমেদ শুভ, প্রবাল, নটরডেম কলেজের প্রথম ও ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষার্থী আবির বক্তব্য রাখেন।


        পরে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউন হল জুলাই চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করে।


        বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সরকার আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। অবিলম্বে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।


        রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে ব্লকেড কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেয়।


        মন্তব্য

        মাইলস্টোন ট্রাজেডি

        বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

        অনলাইন ডেস্ক
        ২২ জুলাই, ২০২৫ ১৫:১৭
        অনলাইন ডেস্ক
        বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

        ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

        মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

        আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে— 

        • কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
        • জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০
        • ঢাকা মেডিকেল : আহত ৩, নিহত ১
        • সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬
        • কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
        • লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
        • উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
        • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
        • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
        • ০ উনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১

        এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত