ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নোবিপ্রবিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

ক্যাম্পাস প্রতিনিধি
১ আগস্ট, ২০২৫ ১৫:৪০
ক্যাম্পাস প্রতিনিধি
নোবিপ্রবিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক (সাময়িক বহিষ্কৃত) বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে এবং দুইবছরের সাময়িক বহিষ্কার হাইকোর্ট কর্তৃক স্থগিত আদেশের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার শহিদ মিনারে এসে শেষ হয় এবং সেখানে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। 


মশাল মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহন করেন। এসময় তারা স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান, জাস্টিস ফর ফয়েজ, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, বহিষ্কার বহিষ্কার-স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। মশাল মিছিল শেষে সমাবেশে দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফয়েজ আহমেদের শিক্ষাজীবন ধ্বংস করেও ক্ষান্ত হয়নি বাদশা মিয়া, অভিযোগ তুলে নিতে ফয়েজের পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। 


মশাল মিছিল শেষে বক্তৃতায় আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা বলেন, আওয়ামী লীগের দোসর, আইন বিভাগের সাময়িক ভাবে বহিষ্কৃত শিক্ষক বাদশা মিয়া আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ ভাইয়ের জীবনের তিনটি বছর নষ্ট করে দিয়েছে। বিনা কারণে তাকে কয়েক মাস অন্ধকার কারা বরণ করতে হয়েছে। ফয়েজ ভাইয়ের কোন দোষ ছিল না । বাদশা মিয়া এ কাজ করেছেন শুধুমাত্র উপরের মহলের তাবেদারি করার জন্য। যাতে তিনি প্রমশন পান। আমরা বলতে চাই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক। তা না হলে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নয়নের যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিল তা বাস্তবায়ন করতে পারবে না।


আইন বিভাগের আরেক শিক্ষার্থী জাফর আহমেদ বলেন, "বাদশা মিয়া শুধু নোবিপ্রবির নয়, সারা দেশের একটি কলঙ্কিত অধ্যায়। শিক্ষকতার নাম করে তিনি দলান্ধ আচরণ ও একটি নির্দিষ্ট শাসকগোষ্ঠীর চাটুকারিতায় লিপ্ত ছিলেন। শেখ হাসিনার যেভাবে কোনো নিয়মকানুন না মেনে ভারতে পালিয়ে যাওয়া এবং আমরা যেভাবে কোনো নিয়মকানুন না মেনে স্বৈরাচারকে দমন করেছি—আপনারা আমাদের এখন নিয়মকানুন শেখাবেন না।


তিনি আরো বলেন, যে ব্যক্তির স্থায়ীভাবে বহিষ্কৃত হওয়ার কথা, তাকে মাত্র দুই বছরের জন্য বহিষ্কার করে আপনারা প্রমাণ করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে বাদশা মিয়ার একটি চ্যাট আলাপ রয়েছে—যেখানে দেখা যায়, হানিফ মুরাদ স্যার একজন ফ্যাসিস্ট বাদশা মিয়াকে পুনর্বহাল করতে চাইছেন।


আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা একটি বিপ্লবী প্রশাসনের ভূমিকা পালন করুন এবং বাদশা মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করে ক্যাম্পাসে একটি দৃষ্টান্ত স্থাপন করুন।"

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন সোমবার

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৩১ জুলাই, ২০২৫ ২০:৫২
    ক্যাম্পাস প্রতিনিধি
    ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন সোমবার

    রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি ও স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ স্থাপন প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরতে আগামী ৪ আগস্ট (সোমবার) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ১৮ নম্বর তলার ১৮১৫ নম্বর কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগরীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে গঠনের প্রক্রিয়াধীন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনিক কর্মকর্তাসহ নীতিনির্ধারকদের অংশগ্রহণে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।”


    এর আগে, গত ৯ জুলাই রাজধানীর সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই কাঠামোর অধীনেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।


    প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সাতটি সরকারি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।


    এই সাতটি কলেজ ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও দীর্ঘদিন যাবৎ এসব কলেজে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নানা ধরণের জটিলতা, প্রশাসনিক বিলম্ব এবং পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সমস্যা বিরাজ করছিলো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রতিষ্ঠানগুলোর জন্য একটি পৃথক, স্বাধীন ও দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন করা। 


    সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৭২ কোটি ব্যয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বস, আহত ১০

      ক্যাম্পাস প্রতিনিধি
      ৩১ জুলাই, ২০২৫ ২০:৪৫
      ক্যাম্পাস প্রতিনিধি
      ৭২ কোটি ব্যয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বস, আহত ১০

      জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্র হলে বৃষ্টির সময় ছাদ ঢালাইয়ের সময় দুই তলার ছাদ ধ্বসে পড়ে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।


      বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে ত্রিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।


      সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান 'সি.এস. আই কন্সট্রাকশন লিঃ দি বিল্ডার্স ইন্জিনিয়ারস (জে.বি)' দশ তলা ভিতের উপর দশ তলা ছাত্র হলের নির্মাণের কাজ হাতে নেয় ২০২২ সালে। এই কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৭২ কোটি ৫ লক্ষ ৬৩ হাজার ৬৪ টাকা। কাজ প্রায় শেষের দিকেই ছিল। এরমধ্যেই আজ ভেঙে পড়ে ছাদটি। ছাদ ঢালাইয়ের সময় সাপোর্টিং বাশ বাঁধা হয়েছিল পাটের দড়ি দিয়ে। এছাড়া সাটারিংয়েও ব্যবহার করা হয়েছে বাঁশ। বৃষ্টির সময় করা হচ্ছিল ছাঁদ ঢালাইয়ের কাজ। শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম বলতে হেলমেট কিংবা সুরক্ষামূলক পোশাক কিছুই ছিল না।


      প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে ছাদের পূর্ব-দক্ষিণ অংশে ঢালাই শুরু হলে হঠাৎ কাঠামো দুলতে থাকে এবং মুহূর্তেই ভেঙে পড়ে। এতে উপরে কাজ করা শ্রমিকরা নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের কোমর, হাঁটু ও পিঠে আঘাত লেগেছে।


      আহত শ্রমিকদের একজন জানান, দুপুরে ঢালাই কাজ শুরু হয়। বিরতির পর আবার কাজ চলছিল। এ সময় প্রায় ১৫ জন শ্রমিক ছিলেন, তাদের মধ্যে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।


      এ বিষয়ে এক শ্রমিক জানান, “আমি প্রায় ১০ বছর যাবৎ এ ধরনের নির্মাণকাজের সাথে যুক্ত। কিন্তু কখনও বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি অত্যন্ত নিম্নমানেরভাবে পরিচালিত হচ্ছিল। ইঞ্জিনিয়ার স্যার কী ভেবে বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে বলেছে, আমার জানা নেই।”


      দুর্ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।


      বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, “চার থেকে ছয়জন শ্রমিক আহত হয়েছেন, একজনের অবস্থা বেশ গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”


      বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, "ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মিতব্য হলের পোর্চের ঢালাই চলাকালে এই দুর্ঘটনা ঘটে।"


      দুর্ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রক্টর ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন-ড. মো. বখতিয়ার উদ্দিন, ড. মো. আশরাফুল আলম, মো. অলি উল্লাহ, সৈয়দ মোফাছিরুল ইসলাম এবং সদস্য-সচিব প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাবিপ্রবিতে ইইই বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

        ক্যাম্পাস প্রতিনিধি
        ৩১ জুলাই, ২০২৫ ২০:৪০
        ক্যাম্পাস প্রতিনিধি
        জাবিপ্রবিতে ইইই বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

        জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “The Evolving Landscape of EEE: Career Trends, Key Skills, and Global Opportunities” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


        শনিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এই কর্মশালা আয়োজিত হয়৷ 


        ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমানের সভাপতিত্বে প্রভাষক আমিমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন৷


        কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক SREDA এর সহকারী পরিচালক ও EEE Academy by Rony Pervej এর প্রতিষ্ঠাতা মো. পারভেজুল ইসলাম। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যেখানে আধুনিক ক্যারিয়ার ট্রেন্ড, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


        কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান যুগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের জন্য বিশ্বব্যাপী বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি অর্জন করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব

          ক্যাম্পাস প্রতিনিধি
          ৩১ জুলাই, ২০২৫ ২০:৩০
          ক্যাম্পাস প্রতিনিধি
          রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব

          দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ফলে নতুন নেতৃত্বের দিকে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ছাত্রসংগঠনগুলো।


          রাকসু শুধু শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন নয়, এটি দেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব গঠনের একটি সংগঠন। অনুসন্ধানে জানা গেছে, ১৯৬০–৮০ দশকে রাকসুর মাধ্যমে যারা উঠে এসেছেন পরে তাদের মধ্য থেকে অনেকেই নেতৃত্ব দিয়েছেন জাতীয় রাজনীতিতে।


          রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৫৬-৫৭ মেয়াদে। তখন এই সংসদের নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (রাকসু)। ১৯৬২ সালে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নামে যাত্রা শুরু করে। এরপর ১৬ বার নির্বাচনের আয়োজন করা হয়েছে।


          ১৯৮৯ সালে রাকসুর সর্বশেষ নির্বাচন হলেও তার আগের কয়েক দশকে এখান থেকে উঠে এসেছেন বর্তমান জাতীয় রাজনীতির বেশ কয়েকজন পরিচিত মুখ। ইতিহাসের পাতায় তারা রাকসুতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনই দৃঢ় ভূমিকা রেখেছেন জাতীয় রাজনীতির মঞ্চেও।


          রাকসু থেকে উঠা এসে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে ভুমিকা রেখেছেন এমন কয়েকজনের পরিচিতি নিম্নরূপ:


          ১. আবু সাইয়িদ

          ১৯৬৫-৬৬ শিক্ষাবর্ষে রাকসুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন আবু সাইয়িদ। মুক্তিযুদ্ধ পূর্ব সময়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংসদ সদস্যও ছিলেন।


          ২. নুরুল ইসলাম ঠান্ডু

          তিনি ৭৩-৭৪ মেয়াদে রাকসুর ভিপি ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং তার নিজ এলাকায় এমপি পদপ্রার্থী ছিলেন।


          ৩. ফজলুর রহমান পটল

          তিনি ১৯৭৪-৭৫ সালে রাকসু ভিপি ছিলেন। পরে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সাংসদ নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতিতে প্রতিভাবান ছিলেন।


          ৪. শামসুল হক টুকু

          সত্তরের দশকে রাকসুর জিএস ছিলেন বর্তমান আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু। তিনি জাতীয় সংসদের সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


          ৫. ফজলে হোসেন বাদশা

          ১৯৮০-৮১ শিক্ষাবর্ষে রাকসুর ভিপি ছিলেন তিনি। বাম রাজনীতির এই প্রবীণ নেতা বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাথে জোট নির্বাচনে অংশ নিয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ছিলেন।


          ৬. রুহুল কবির রিজভী

          ১৯৮৯-৯০ সালে অনুষ্ঠিত সর্বশেষ রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন রিজভী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 

          (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র।


          ৭. রুহুল কুদ্দুস বাবু

          ১৯৮৯-৯০ সালের একই নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিত হন রুহুল কুদ্দুস বাবু। পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) রাজনীতিতে যুক্ত হন তিনি।


          ৮. নূরুল ইসলাম বুলবুল

          তিনি ১৯৯০ সালে রাকসু নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলের জিএস নির্বাচিত হন। পরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হোন এবং বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নির্বাচিত আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।


          বিশ্ববদ্যালয় সূত্র জানায়, রাকসু নির্বাচন আগমাী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ জুলাই) রাবির সিনেট ভবনে নির্বাচনের তফশিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।


          ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


          ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


          শিক্ষার্থীরা বলছেন, জাতীয় নেতৃত্ব গঠনের এই ঐতিহাসিক প্ল্যাটফর্মটি ৩৫ বছর পর আবারও সক্রিয় হচ্ছে। এতে গণতান্ত্রিক চর্চা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্বও গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয় থেকে।


          এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, জাতীয় নেতৃত্ব গঠনের এই ঐতিহাসিক প্ল্যাটফর্মটি ৩৫ বছর পর আবারও সক্রিয় হচ্ছে ফলে একদিকে যেমন গণতান্ত্রিক চর্চা বাড়বে, অন্যদিকে ভবিষ্যতের নেতৃত্বও গড়ে উঠবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।


          বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী সজীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় প্লাটফর্ম হিসেবে রাকসু কাজ করলেও এর একটি জাতীয় আবেদন রয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে ইতোপূর্বেও রাকসুর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ছিলো। রাকসু বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘমেয়াদে পলিটিক্যাল আউটপুট পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। আর তাই জাতীয় নেতৃত্ব তৈরির সূতিকাগার হতে পারে রাকসু।


          রাকসু নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, রাকসু ছিল এমন এক প্ল্যাটফর্ম, যা তরুণদের চিন্তা-ভাবনা, বক্তৃতা ও নেতৃত্বের ব্যতিক্রমী ক্ষেত্র তৈরি করত। রাকসুতে যারা নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীকালে জাতীয় সংসদ, মন্ত্রিসভা বা দলের গুরুত্বপূর্ণ পদে তাদের বিচরণ লক্ষণীয়।


          তবে দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসুর নির্বাচন না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এমন নেতৃত্ব সৃষ্টির সুযোগ হারাচ্ছেন। নতুন প্রজন্মের অনেকেই রাকসুর নাম জানলেও, তার ইতিহাস ও গৌরব গাঁথা জানেন না। তবে আশার দিক রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

          ফলে ৩৫ বছর পর চালু হচ্ছে রাকসু। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটু সময় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে রাকসু নির্বাচন দিতে পারলে রাকসু হয়ে উঠবে সকল শিক্ষার্থীর প্রাণকেন্দ্র।


          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত