শিরোনাম
পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার নতুন নেতৃত্বে ড. সগিরুল ইসলাম মজুমদার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশ সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে বলেও উল্লেখ করা হয়।
দায়িত্বপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ড. মজুমদার বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। একাডেমিক কৃতিত্ব, সততা ও দায়বদ্ধতাকে মূল্যায়ন করে যে গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ করা হয়েছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে পালনে অঙ্গীকারবদ্ধ।”
জাপান সরকারের মনবুশো বৃত্তিতে উচ্চশিক্ষা নেওয়া ড. মজুমদার এমএস ও পিএইচডি ডিগ্রিধারী একজন মেধাবী ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষাবিদ। তরুণদের নৈতিকতা, নেতৃত্ব বিকাশ, মানসিক উৎকর্ষ এবং ক্যারিয়ার পরিকল্পনায় তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে বলেই জানান সহকর্মীরা।
তরুণ এই বিজ্ঞানীর নেতৃত্বে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখায় নতুন দৃষ্টিভঙ্গি, উদ্যম ও গতিশীলতা আসবে—এমনটাই আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। তাঁর দায়িত্বপ্রাপ্তিকে শিক্ষার্থীদের জীবনগঠনে একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল
দীর্ঘ চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী সর্দার জহুরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এ আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি ভূগোল বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জান্নাতুন নাঈম তুহিনা।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফার্সি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তাহের রহমান ও সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিঠু এবং দপ্তর সম্পাদক আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাফিউল জীবন।
আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল হল কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। হল কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে।
২৯ জুলাই কারফিউ ভেঙে প্রথম প্রতিরোধ গড়ে তোলে রাবির শিক্ষার্থীরা
কারফিউ, ট্যাংক মোতায়েন, সশস্ত্র বাহিনী এবং গুম আতঙ্ক সব মিলিয়ে দেশের পরিস্থিতি ছিল থমথমে। ২০২৪ সালের ২৯ জুলাই সেই ভয়াবহ আবহেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয় এক সাহসী প্রতিবাদ। নিখোঁজ আন্দোলনকারী, দমনমূলক হুমকি সবকিছুকে উপেক্ষা করে শিক্ষার্থীরা গর্জে ওঠে মূল ফটকের সামনে। দিনটি এখন শুধুই একটি তারিখ নয়, বরং সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।
আগের দিন রাতে চলমান ছাত্রআন্দোলনের ছয়জন শীর্ষ সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। সেখানে তাদের ওপর কর্মসূচি প্রত্যাহারের চাপ প্রয়োগ করা হয়। একই রাতে নিখোঁজ হন আন্দোলনের মুখ্য সমন্বয়ক আরিফ সোহেল ও নুসরাত তাবাসসুম। এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক, গুজব, আর আন্দোলন থেমে যাওয়ার আশঙ্কা।
সেই দিনের প্রত্যক্ষদর্শী ও আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, ‘আমরা কয়েকজন সিদ্ধান্ত নিই, এই ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। ঠিক করি, আগে থেকেই মূল ফটকের সামনে অবস্থান করবো। তাই রেডিও বেতার মাঠের পাশে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকি। উদ্দেশ্য ছিল, শিক্ষকরা এলে আমরা তাদের সঙ্গে সামনে যাব।’
পূর্বনির্ধারিত কর্মসূচির আগেই সকাল ১০টা ৩০ মিনিটে মূল ফটকে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সালেহ্ হাসান নকীব, অধ্যাপক ইফতেখার মাসুদ এবং অধ্যাপক জামিরুল ইসলাম। শিক্ষকদের উপস্থিতির অপেক্ষায় থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা তখন সাহস সঞ্চয় করে মাজার এলাকা পেরিয়ে গিয়ে ফটকের সামনে এসে দাঁড়ান।
সেখানে এসে পুলিশ জানায় ‘স্লোগান দেওয়া যাবে না, প্রোগ্রাম করতে দিচ্ছি, এটাই অনেক।’ তবে শিক্ষকরা পুলিশের অবস্থান প্রত্যাখ্যান করে স্পষ্ট জানান কর্মসূচি চলবেই। এরপর শুরু হয় স্লোগান। প্রায় ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী সম্মিলিত কণ্ঠে স্লোগান দিতে থাকেন ‘নির্লজ্জ ভিসি পদত্যাগ করতে হবে’, ‘তুমি কে, আমি কে সমন্বয়ক, সমন্বয়ক’।
হঠাৎই তৈরি হয় একটি ইংরেজি স্লোগান, যা পরবর্তীতে আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। সালাউদ্দিন বলেন, ‘আমরা এমন কিছু বলতে চেয়েছিলাম যেটা আন্তর্জাতিক মিডিয়ায় যাবে। হঠাৎ মাথায় আসে আমি বলি ‘শেইম শেইম’, সবাই জবাব দেয় ‘ডিক্টেটর’। এটা একেবারেই তাৎক্ষণিক ছিল, কিন্তু পরে সেটিই হয়ে দাঁড়ায় প্রতিরোধের প্রতীক।’
সেদিন বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ছিল পুলিশের কড়া অবস্থান, সশস্ত্র বাহিনীর উপস্থিতি এবং ট্যাংক মোতায়েন। সবকিছুর মাঝেই শিক্ষার্থীদের মিছিল এগিয়ে যায় বিনোদপুর মোড় পর্যন্ত, যেখানে শান্তিপূর্ণভাবেই শেষ হয় সেই দিনের কর্মসূচি।
আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদি সজিব বলেন, কেন্দ্রীয় ৬ জন সমন্বয়কে ডিবি ভবনে ধরে নিয়ে আন্দোলন স্থগিত করা হয়। আমরা পরে এটা প্রত্যাখান করি। সর্ব প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৯ জুলাই কারফিইউ ভঙ্গ করে আন্দোলন করি। যারা সেদিন মেইগেটের সামনে ছিল তাদের ধরে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। স্যাররা সহ আমরা সবাই বারবার অনুরোধ করি যাতে গুলি না করে। তখন আমরা সেম সেম ডিকটেটর স্লেগান দিতে শুরু করি পরে এটি দেশব্যাপি ছড়িয়ে পরে।
কুকসু দাবীর নামে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট‚ শিক্ষার্থীদের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের-(কুকসু) দাবীর নামে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গুরুত্বপূর্ণ স্থানে কালার-স্প্রে করে সৌন্দর্য নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে সমালোচনার মুখে পরেছেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) আনুমানিক দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মূল ফটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো ও নীল রঙের স্প্রে দিয়ে ‘কুকসু চাই’ লিখেন।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তির দাবী জানান।
এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী মো. সালমান হোসেন বলেন‚ ‘আপনি কুকসু চাইতে পারেন। এটা আপনার অধিকার‚ কিন্তু তাই বলে একটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করার অধিকার তো কেউ আপনাদের দেয় নাই। বিশ্ববিদ্যালয়কে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করলে তো হবে না। সৌন্দর্য নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্তা নিতে হবে প্রশাসনকে।’
এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হান্নান রহিম বলেন‚ ‘কুকসু সকল শিক্ষার্থীর দাবী। কিন্তু এভাবে গেইট নোংরা করে দাবী আদায় করতে গেলে শিক্ষার্থীদের দ্বারাই সমালোচিত হবে। এটা খুবই লেইম একটা কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেইট ক্যাম্পাসের মূল সৌন্দর্য।’ এ ছাড়াও তিনি প্রশাসনের জায়গা থেকে জবাবদিহিতা চাইবে, তাদের শো-কজ করবে।’—বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্টের দায় স্বীকার করে নাঈম ভূইয়া বলেন‚ ‘আমরা যখন এটা করেছি আমাদের ধারণা ছিলো না যে এটার কারণে সৌন্দর্য নষ্ট হবে। এ কাজটা অযৌক্তিক হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৌন্দর্য ফিরিয়ে আনার।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন‚ ‘এটা অবশ্যই শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে। আমরা জড়িতদের নাম সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এখন এগুলো মুছে ফেলার চেষ্টা করছি।’
‘জোরালো সুপারিশ’ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
‘জুলাই ৩৬’ কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি
রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অনুদানের নামে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজনের জন্য ৭০টি প্রতিষ্ঠানের কাছে ৭৬ লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন।
আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা এই কনসার্ট। ইতোমধ্যেই রাজশাহী সিটি করপোরেশন তাদের দুই লাখ টাকাও দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ফেসবুকে সালাউদ্দিন আম্মার নিজেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, অন্তত ৭০টি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দেওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব সুপারিশও করেছেন।
অনুদান চেয়ে চিঠি দেওয়া রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও ‘ক্যাম্পাস বাউলিয়ানা’ নামের একটি দলের পরিচালক কে এস কে হৃদয়।
রাসিকে দেওয়া আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। তবে, অনুদান প্রদানের বিষয়ে জানতে রাসিকের ভারপ্রাপ্ত প্রশাসক খোন্দকার আজিম আহমেদকে দুদিনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে কলে পাওয়া যায়নি।
রাসিক সচিব রুমানা আফরোজের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন শুনে কোনো মন্তব্য করেননি।
তবে টাকা দেওয়ার ছাড়পত্রে সই থাকা রাসিকের বাজেট কাম হিসাবরক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম খানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়গুলো প্রশাসক স্যার দেখেন। আমি দেখি না। তাই বলতে পারছি না। টাকার বিষয়ে দেখে আমি পরে আপনাকে জানাতে পারবো।’
ভাইরাল হওয়া চিঠিতে বলা হয়েছে, রাজশাহীর গৌরবময় ইতিহাসে ৩৬ জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনটি আমরা ‘জুলাই আন্দোলন’ হিসেবে স্মরণ করি, যেখানে বহু তরুণ শহীদ হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে। এই ঐতিহাসিক ঘটনার একবছর পূর্তি উপলক্ষ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’। এই উৎসবে রাজশাহীর শহীদ পরিবার, আহতদের পরিবার, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সমন্বয়কবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তরুণ প্রজন্মকে তাদের আত্মত্যাগের গল্প জানানো। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান কামনা করছি। আপনাদের সহযোগিতা পেলে এই আয়োজন আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ভাইরাল হওয়া চিঠিটি ছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা লিমিটেড ও ওয়ালটনে তাদের দেওয়া প্রস্তাবনা সমকালের হাতে এসেছে। এতে রাবি উপাচার্যের ‘জোরালো সুপারিশ’ রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ৩৬শে জুলাই ‘মুক্তির উৎসব’ (স্বাধীনতার উৎসব) আয়োজনে আপনার সদয় সমর্থন এবং সহযোগিতা কামনা করছি, যা ৫ই আগস্ট, ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৪০ হাজার অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে জুলাই মাসের তথ্যচিত্র, শহীদ পরিবারের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, সাংস্কৃতিক পরিবেশনা এবং ইন্টারেক্টিভ বিভাগ থাকবে যা জুলাই মাসের গণঅভ্যুত্থানের সমৃদ্ধি তুলে ধরে এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে ঐক্যকে উৎসাহিত করে। যেহেতু এটি সাধারণ শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত একটি অলাভজনক উদ্যোগ, তাই এই অনুষ্ঠানটিকে একটি দুর্দান্ত সাফল্যের জন্য আমরা বিনীতভাবে আপনার সদয় সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। এই চিঠির সাথে আপনার সদয় বিবেচনার জন্য বিস্তারিত অনুষ্ঠানের বাজেট এবং কর্মসূচির রূপরেখা সংযুক্ত করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিষয়টি তো চাঁদাবাজির মতোই হয়ে গেল। একটু ঘুরিয়ে ভিন্নভাবে চাঁদাবাজি করা আরকি! একজন ছাত্রনেতা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংকে এভাবে চিঠি দিয়ে চাঁদা দাবি করতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন তো থেকেই যায়!’
চিঠিটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, আবার অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এক পোস্টে লিখেন, এই আয়োজন কারা করছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে একটা সিনেমার বিষয়ে সহায়তার জন্য আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি কোনো সহায়তা করেননি। অথচ এখানে কনসার্ট হবে সেখানে তিনি কীভাবে সহায়তা দেন?
এক ফেসবুক পোস্টে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম লিখেছেন, ‘জুলাই-অভ্যুত্থানে এখনো অসংখ্য আহতরা তাদের চিকিৎসা করতে পারেনি। সরকারি টাকায় উদযাপনের আগে তাদের চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক ছাত্রসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সুতরাং একক ক্রেডিট নিয়ে সরকারি টাকায় জুলাই উদযাপন করা জুলাই যোদ্ধাদের সাথে মুনাফেকি করার নামান্তর।’
চিঠির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, আমাদের দেওয়া রাসিকের চিঠিটি নিয়ে নোংরামি করা হচ্ছে। অথচ প্রাণ-আরএফএল গ্রুপ, ওয়ালটন, যমুনা ব্যাংক, সুলতানস ডাইনসহ প্রায় ৭০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আমরা প্রপোজাল দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সুপারিশ নিয়ে, যথাযথ নিয়ম মেনেই প্রোপোজাল দেওয়া হয়েছে। আমাদের উপাচার্য স্যার প্রতিটি প্রপোজালে তার সিল, স্বাক্ষর দিয়েছেন। সিটি কর্পোরেশনে আমরা চিঠি দিয়ে বলেছিলাম আপনাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আপনারা করবেন। আমাদের ব্যানার হবে ৬৮ থেকে ৭২ পর্যন্ত সকল ব্যাচের সাধারণ শিক্ষার্থীদের আয়োজন। এর আগেও রাসিক বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছে। আয়োজনটা যেন না করতে পারি সেজন্য এটা নিয়ে এক পক্ষ নোংরামি শুরু করেছে। আমার পেছনে সব পক্ষ লেগে রয়েছে।
অনুষ্ঠানের আরেক আয়োজক কে এস কে হৃদয় বলেন, কোনও একটা প্রোগ্রাম অর্গানাইজ করার সময় বিভিন্ন কোম্পানির কাছে স্পন্সর এর প্রপোজাল দেওয়ার রীতি নতুন নয়। যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। স্পন্সর নেওয়া যদি চাঁদাবাজি হয়, তাহলে আমি বলবো যুগ যুগ ধরে এই চাঁদাবাজি চলতেছে। সিটি কর্পোরেশন শুধু আমাদের না, সব ভালো কাজেই স্পন্সর করে। কিছু দিন আগে একটা সংগঠনের বইমেলায় স্পন্সর করেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্সে করছে। তাই আমাদের প্রোগ্রামের জন্য এটা ব্যতিক্রম কিছু নয়। তাছাড়া প্রত্যেক কোম্পানির কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে সেই জায়গা থেকে তারা সামাজিক কাজগুলোতে অনুদান দেয়। যেমন: ব্যাংকগুলো সিএসআর ফান্ড থেকে টাকা দেয়। আর বড় কোম্পানিগুলোর টাকা আমাদের হাত পর্যন্তও আসে না। তারা নিজেরাই সব জায়গায় পেমেন্ট করে। আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হবে না। আমরা প্রপোজালে কোথায় কত টাকা খরচ হবে, সবকিছু উল্লেখ করে দিয়েছি। পুরো প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা দিয়েছি।
সম্মতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি প্রথমেই বলে দিয়েছি এই আয়োজনে বিশ্ববিদ্যালয় কোনো অর্থ সহায়তা করতে পারবে না। এটা সম্পূর্ণ তোমাদের উদ্যোগে করতে হবে। তখন সে আমায় বলে অর্থ বরাদ্দের জন্য সুপারিশ করে দিতে। আমি ক্যাম্পাসের অনেক সাংস্কৃতিক সংগঠনের জন্য এর আগেও সুপারিশ করেছি। এটাও সেরকমই একটি ছিল।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য