ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাত কলেজের আসনসংখ্যা যৌক্তিকভাবে নির্ধারণের নির্দেশনা

ক্যাম্পাস প্রতিনিধি
২৯ জুলাই, ২০২৫ ২১:৭
ক্যাম্পাস প্রতিনিধি
সাত কলেজের আসনসংখ্যা যৌক্তিকভাবে নির্ধারণের নির্দেশনা

সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সমকক্ষ প্রতিষ্ঠানের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন সংখ্যা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোর অবকাঠামো, শিক্ষকসংখ্যা ও একাডেমিক সক্ষমতা বিবেচনায় রেখে যৌক্তিকভাবে আসন নির্ধারণের কথা বলা হয়েছে নির্দেশনায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। 


চিঠিতে সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে বিষয়ভিত্তিক ছাত্র ভর্তির ক্ষেত্রে স্ব-স্ব কলেজের বিদ্যমান ক্যাম্পাসের আকার, ভবন, ক্লাসরুম ও ল্যাব সুবিধাসহ অবকাঠামো সুবিধা, শিক্ষক ও জনবলের সংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত যৌক্তিকভাবে আসন সংখ্যা নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একইসঙ্গে সক্ষমতার সাথে সামঞ্জস্যবিহীন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে বলেও জানানো হয়েছে।


ইতোপূর্বে আলাদা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস। আগামী ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ভর্তি আবেদন চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারে। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে। 


এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি

মন্তব্য

‎গণমাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টা বেরোবির বামপন্থী দলের নেতা সোহাগের

ক্যাম্পাস প্রতিনিধি
২৯ জুলাই, ২০২৫ ২১:৪
ক্যাম্পাস প্রতিনিধি
‎গণমাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টা বেরোবির বামপন্থী দলের নেতা সোহাগের

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাজেট বৈষম্য ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যে নিজেদের মধ্যে বিভাজনে জড়ালেন আন্দোলনের সমন্বয়কারীরা। সেই উত্তপ্ত মুহূর্তে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকতার সরঞ্জামাদি কেড়ে নেন বামপন্থী দলের নেতা শাহরিয়ার সোহাগ।

‎মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর পৌনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

‎বিশ্ববিদ্যালয়জুড়ে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকের উপর এমন আচরণকে অনেকে গণমাধ্যম স্বাধীনতার লঙ্ঘন হিসেবে দেখছেন।

‎এ বিষয়ে দৈনিক সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ বলেন, “আজকের কর্মসূচি ছিল স্মারকলিপি প্রদান। সময়মতো আমি উপস্থিত হয়ে দেখি, চত্বরে কেউ নেই। মূল ফটকের দিকে এগিয়ে গেলে কয়েকজন সমন্বয়ককে প্রস্তুতি নিতে দেখি। সেখানে অপেক্ষা করতে থাকি। হঠাৎ দেখি সমন্বয়ক সোহাগ ও জয় নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। আমি ভিডিও ধারণ করতেই সোহাগ ক্ষিপ্ত হয়ে আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন। পরে শিক্ষার্থীদের সহায়তায় মোবাইল ফেরত পাই।”

‎এ ঘটনায় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আহমদুল হক আলবি বলেন, “নেতাদের দ্বন্দ্বে আন্দোলন কার্যত ভণ্ডুল হয়ে যায়। আমরা আন্দোলনের জন্য জড়ো হলেও তারা নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন। ভিডিও করছিলেন সাংবাদিক আবু সাঈদ, তখনই সোহাগ মোবাইল কেড়ে নেন।”

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সমন্বয়ক শাহরিয়ার সোহাগ বলেন, “আমি ফোন কেড়ে নিয়ে কোনো ভুল করিনি। তবে সরি বলেছি, কারণ তখন মাথা গরম ছিল। আবু সাঈদকে বলেছি, 'বন্ধু, সিচুয়েশনটা বুঝতে পারতেছ?' ভিডিও বন্ধ করার জন্যই ফোন নিয়েছি।”

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, সাংবাদিকরা এর আগে এদের আক্রমণের শিকার হয়। আবু সাঈদের ক্যাম্পাসে সাংবাদিকরা যদি আবারও এরকম ঘটনার সম্মুখীন হয় তাহলে এটা মেনে নেওয়ার মতো না। ফ্যাসিস্টদের সহযোগী কিছু সমন্বয়ক আবার এই সব ঘটনা ঘটাচ্ছে।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    তপশিল ঘোষণা

    ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

    অনলাইন ডেস্ক
    ২৯ জুলাই, ২০২৫ ১৬:৪৭
    অনলাইন ডেস্ক
    ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে।


    মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তপশিল ঘোষণা করেন।


    ঘোষিত সময় অনুযায়ী, আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।


    মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট থেকে এবং তা চলবে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট। প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।


    নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা এবং ফলাফল প্রকাশও ওইদিনই, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সম্পন্ন হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনের সিনেট সভাকক্ষে ঘোষণা করা হবে।


    পরিচয়পত্র পে স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম। 


    এবারই প্রথম নির্ধারিত ভোটকেন্দ্র ও হলভিত্তিক ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে ছয়টি কেন্দ্রে। এ বিষয়ে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী।


    কার্জন হল কেন্দ্রে ভোট প্রদান করবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।


    ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে নির্ধারিত হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটদান। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।


    এ ছাড়া উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের জন্য।


    প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৩৫ বছর রাকসু'র তপশিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৮ জুলাই, ২০২৫ ১৮:৫৬
    ক্যাম্পাস প্রতিনিধি
    ৩৫ বছর রাকসু'র তপশিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

    দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তপশিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।


    নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 


    ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ) শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।


    প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর এই বহুল প্রত্যাশিত নির্বাচনের তপশিল ঘোষণা করে আমরা ইতিহাসের নতুন অধ্যায় সূচনার পথে অগ্রসর হচ্ছি। রাকসু নির্বাচন কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।


    আইনশৃঙ্খলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিসহ সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। নির্বাচন গ্রহণ থেকে নির্বাচনের ফলাফল প্রকাশ করা পর্যন্ত কোনো অঘটন ঘটবে না, ইনশাআল্লাহ।


    এদিকে রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব জানান, "বেটার লেইট দেন নেভার। সকলের সহযোগিতা প্রয়োজন হবে। আশা করি তিন যুগেরও পর এই বিশ্ববিদ্যালয় একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটা চমৎকার ছাত্র সংসদ পাবে।"

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গোবিপ্রবিতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

      ক্যাম্পাস প্রতিনিধি
      ২৮ জুলাই, ২০২৫ ১৮:৫৪
      ক্যাম্পাস প্রতিনিধি
      গোবিপ্রবিতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

      গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১,০৯১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।


      সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


      অনুষ্ঠানে জানানো হয়, প্রত্যেক সেমিস্টারে প্রথম থেকে পঞ্চম মেধাক্রমে থাকা ৮০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ২৯১ জন অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


      বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান। তিনি বলেন, “মেধার স্বীকৃতি দিতে পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যে বৈশিষ্ট্য থাকা উচিত, তার অনেকটাই অনুপস্থিত। অতীতে ব্যক্তিস্বার্থে পরিচালিত কর্মকাণ্ডেই আজকের সংকট তৈরি হয়েছে। ইউজিসি চেষ্টা করছে, বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রকৃত অর্থেই ‘বিশ্ববিদ্যালয়’ হয়ে ওঠে। যাতে যোগ্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পায়।”


      তিনি আরও বলেন, “বর্তমান প্রশাসনের প্রতি আমার প্রত্যাশা থাকবে, তারা বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাবে। ব্যক্তিগত এজেন্ডা বাদ দিয়ে নতুন জ্ঞান সৃষ্টির দিকে মনোযোগী হতে হবে। আমরা হাজারো লাশের ভার বহন করছি—এই বাস্তবতা ভুলে গেলে চলবে না।”


      অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “আমরা পাহাড়সম সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছি। আজ ২১ লাখ টাকার বেশি ব্যয়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হলো। এর আগে ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডে ১০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। স্বনির্ভর কর্মসূচিতে ১০০ শিক্ষার্থী যুক্ত রয়েছে, যেখানে প্রতি মাসে দুই লাখ টাকা ব্যয় হচ্ছে।”


      তিনি ইউজিসির সদস্য ড. তানজিমউদ্দীন খানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দুটি বিভাগ ‘হিট প্রজেক্ট’ প্রাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, অবকাঠামো উন্নয়ন, অডিটোরিয়াম নির্মাণ ও সড়ক উন্নয়নে সহায়তা করলে বিশ্ববিদ্যালয়টি বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত হবে।”


      অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত