শিরোনাম
ছয় বছরে বাঁধন বাঙলা কলেজ ইউনিটের রক্ত সংগ্রহ ৬১৬৮ ব্যাগ
“একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন”, স্লোগাণকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় বছর পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
ছয় বছরে সংগঠনটির সরকারি বাঙলা কলেজ ইউনিট নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা পাশে থেকেছে। সংগঠনটির যেকোনো রোগীর জন্য রক্ত সংগ্রহ কিংবা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীসহ আশেপাশের এলাকাবাসী উপকৃত হয়েছে।
পথচলার ছয় বছরে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে মোট ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং ৫৭৪৯ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে।
স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে বাঁধনের অগ্রযাত্রার অংশ হিসেবে ২০১৯ সালের ২১ জুলাই পথচলা শুরু করে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট (ঢাকা উত্তর জোন)।
প্রতিষ্ঠার পর থেকে এ ইউনিটের কর্মীরা নিরলসভাবে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে এসেছে। এই কর্মীরা শুধু রক্ত সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয়ই করেনি, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পরিচালনা করেছে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, এবং নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এই ছয় বছরের পথচলায় বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের প্রতিটি সাফল্যের পেছনে ছিল সংগঠনটির কর্মীদের নিরলস পরিশ্রম, কলেজ প্রশাসনের নিরবিচ্ছিন্ন সহযোগিতা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম।
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের পক্ষ থেকে সংগঠনটির শিক্ষক উপদেষ্টা, অন্যান্য উপদেষ্ঠামণ্ডলীসহ সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
এ বিষয়ে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান বলেন, “এই অর্ধযুগ পূর্তির দিনে বাঁধনের প্রতিটি কর্মী আনন্দিত ও গর্বিত। আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠায় যারা জড়িত ছিলেন, ভাষা আন্দোলনের শহিদদের, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদের, এবং ২৪ জুলাইয়ের বিপ্লবের শহিদদের। বিশেষ শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের কলেজ ক্যাম্পাসের সেই দুই শহিদকেও, যাঁরা নিজেদের রক্ত দিয়ে মানবিক আন্দোলনের প্রতীক হয়েআমাদের বিশ্বাস, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ আগামী দিনগুলোতে আরও আলোকিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হবে। ইনশাআল্লাহ, বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট আগামীতেও মানবতার জয়গানে এগিয়ে যাবে, যদি আপনারা আমাদের পাশে থাকেন।
সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হতে এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে যুক্ত হতে আহবান করা হয়েছে। এবং বাংলাদেশের একটি প্রাণও যেনো আর রক্তের অভাবে হারিয়ে না যায় সেই কামনা করা হয়েছে।
প্রতিশ্রুত সময়ের মধ্যে প্রকাশ হয় নি সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি
সম্প্রতি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামক প্রস্তাবিত কাঠামোর অধীনে রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার অনুমোদন প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন পাওয়ার পর ২০ জুলাইয়ের মধ্যে সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন কলেজগুলোর অন্তর্বর্তী প্রশাসক।
তবে অন্তর্বর্তী প্রশাসকের সেই ‘প্রতিশ্রুতি’ পূরণ করতে পারেনি সাত কলেজের প্রশাসন। ২০ জুলাই পার হয়ে গেলেও প্রকাশিত হয় নি ভর্তি বিজ্ঞপ্তি। এমনকি চলতি মাসের বাকি ১০ দিনের মধ্যেও বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার কারণে ভর্তির আগেই সেশনজটে পড়তে পারেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পর থেকে কলেজগুলোর অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম সচলে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি সাত কলেজের প্রশাসকের পাশাপাশি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি তিনি দুই দফা তিনি অসুস্থ হয়ে পড়ার ফলে স্থবিরতা নেমে এসেছে সাত কলেজের ভর্তি কার্যক্রমে।
প্রথম দফায় অসুস্থ হওয়ার পর অধ্যাপক এ কে এম ইলিয়াস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হতে চিকিৎসা গ্রহণ করে কাজে ফেরেন। পরবর্তীতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন সূত্র জানায়, প্রশাসক অধ্যাপক ইলিয়াস অসুস্থ থাকায় ভর্তি কার্যক্রমে কিছুটা ছেদ পড়েছে। ফলে ঘোষণা দিয়েও ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি।
ইতোপূর্বে, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থাকাকালীন চলতি বছরের জানুয়ারীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে এক দফা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। সে বিজ্ঞপ্তি অনুসারে, সাতটি কলেজের অধীনে সব অনুষদ মিলিয়ে আসন ছিল ২৩ হাজার ৫২৮টি। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে অনলাইন আবেদন চলে ২৯ জানুয়ারি পর্যন্ত। টানা ২৪ দিন আবেদন চলার পর তা স্থগিত করা হয়। ওই সময় পর্যন্ত প্রায় ৩৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়া হবে। এরপর ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের পূর্বে আবেদনকারীদের অবশ্য আবেদন বহাল রাখা কিংবা বাতিল করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন সাত কলেজ প্রশাসক।
উল্লেখ্য, কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
শিবিরবিদ্বেষী ছাত্রলীগ কর্মী এখন বিশ্ববিদ্যালয়ের হল শিবির সভাপতি
পূর্বে জামাত-শিবির নিয়ে বিতর্কিত মন্তব্য করা সাবেক ছাত্রলীগ কর্মী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি। ছাত্রলীগ থাকাকালীন সময়ে জামাত-শিবির নিয়ে তার বেশকিছু পোস্টের স্ক্রিনশট সাম্প্রতি ভাইরাল হয়
জানা গেছে, শিবিরের ওই নেতার নাম আবরার ফারাবী। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
Google Adsense
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামক অ্যাকাউন্ট থেকে ছাত্রলীগ সংশ্লিষ্ট বেশকিছু পোস্ট ও জামায়াত-শিবির নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন তিনি। এসব পোস্টে নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়। এছাড়া ফ্যাসিবাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর তিনি তার ফেসবুক পোস্টে ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ড. রবিউল হাসান ভুঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে তার বর্তমান ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, তিনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি গণঅভ্যুত্থানের অনেক আগ থেকেই তিনি ছাত্রশিবিরের সাথে যুক্ত আছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবরার বলেন, ২০২২ সালের জুনের ১৭ তারিখ পর্যন্ত আমি ছাত্রলীগেই ছিলাম। পরবর্তীতে ২০২৩ সাল থেকে আমি পুরোদমে ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে ছাত্রশিবিরে যুক্ত হই। তারপর থেকে আমি আর হলে থাকিনি।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের সাথে থেকেই কর্মী, সাথী ও সদস্য হই। যখন জুলাই বিপ্লব শুরু হয় তখন থেকেই মূলত আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত হই এবং বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে গ্রুপটা আছে সেটা খুলি। ছাত্রলীগ করেছি এটা আমি অস্বীকার করি না কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম না।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, তাঁর বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামি ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন। এখন এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যাপারটা এমন না যে তিনি আগস্ট পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়েছেন, বরং আগস্টের আগে থেকে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। পরে এ বছর জানুয়ারি থেকে তাঁকে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।
সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে তিনি অগ্নিদগ্ধ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয় বিদারিত করেছে। আহতদের সেবায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এটাই প্রত্যাশা।
এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই একাধিক শিক্ষার্থী নিহত হন এবং অনেকেই গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। দেশের ইতিহাসে এটি একটি বেদনাদায়ক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
সরকার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, জোহরের নামাজের পর নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা।
শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

অন্যদিকে, আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নং ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট) কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে আছেন।

এদিন সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে, তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য