ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া ও বৃক্ষরোপণ

ক্যাম্পাস প্রতিনিধি
২০ জুলাই, ২০২৫ ২০:৮
ক্যাম্পাস প্রতিনিধি
খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া ও বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে আজ ২০ জুলাই (রবিবার) দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 


দুপুরে প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস।


মুগ্ধ’র শাহাদাৎবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান ও সদস্য-সচিব মোঃ সফিকুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান, জাবেদ এলাহী, গাজী আলাউদ্দিন আহমেদ, এস এম জাকির হোসেন, এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, এস আতিকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, শেখ আফসার উদ্দিন, কাজী মোঃ ফেরদৌস, মোঃ আশিক সিদ্দিকী, শেখ মোঃ আব্দুল্লাহ, কাজী জালাল উদ্দিন, রবিউল ইসলাম, মোঃ শামীম রহমান, কুদরতে এলাহী রঞ্জু, মোঃ আলমগীর হাবীব সাগর, মোঃ জসিম উদ্দিন, সরদার সিরাজুল ইসলাম, নার্গিস সুলতানা, কাজী আবু খালিদ, মোঃ ফেরদৌস, ছাত্র সমন্বয়ক আয়মান আহাদ ও সাঈফ নেওয়াজসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 


এর আগে বাদ জোহর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।


প্রাসঙ্গিক
মন্তব্য

৩ দফা দাবিতে নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি
২০ জুলাই, ২০২৫ ১৯:৩০
ক্যাম্পাস প্রতিনিধি
৩ দফা দাবিতে নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।


রবিবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।


 এসময় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ নেসকোর প্রকৌশলী নিয়োগে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ফলে প্রকৃত মেধাবীরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। তারা বলেন, আমরা তিন দফা দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের করতে হবে।

আন্দোলনকারীরা তিন দফায় উল্লেখ করেন, ১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না। ২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত রাখতে হবে। ৩. বর্তমানে সহকারী প্রকৌশলী পদে যেসব কর্মকর্তা পদোন্নতির মাধ্যমে এসেছেন (যাদের সংখ্যা ৩৩ শতাংশের বেশি), তাদের নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এছাড়াও দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন কর্মসূচি থেকে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আজ বিশ্ব লাফানো দিবস!

    অনলাইন ডেস্ক
    ২০ জুলাই, ২০২৫ ১৮:১৭
    অনলাইন ডেস্ক
    আজ বিশ্ব লাফানো দিবস!

    আজ বিশ্ব জাম্প দিবস। খাঁটি বাংলায় বললে লাফানোর দিন আজ! যত খুশি তত! এই দিবসটি একটি অস্বাভাবিক কিন্তু মজাদার ধারণা, যেখানে বিশ্বজুড়ে মানুষ একই সময়ে লাফিয়ে পৃথিবীর কক্ষপথ সামান্য পরিবর্তন করার কথা ভাবে!


    এই দিবসটি প্রথম প্রস্তাবিত হয়েছিল ২০০৬ সালে একটি জার্মান শিল্পী ও বিজ্ঞানীর দল দ্বারা, যারা তাত্ত্বিকভাবে দাবি করেছিলেন যে যদি পৃথিবীর বিপুল সংখ্যক মানুষ (প্রায় ৬০ কোটি) একই মুহূর্তে লাফ দেয়, তাহলে এটি পৃথিবীর আবর্তনে সামান্য পরিবর্তন আনতে পারে— যা জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করতে পারে!

    সেই ধারনা থেকে এই অদ্ভুত দিবসের উতপত্তি। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে সমস্ত মানুষ একসাথে লাফালেও পৃথিবীর গতিপথে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে, এই দিনটি মানুষকে একত্রিত করে।


    যদি ৬০ কোটি মানুষ একসাথে ০.৩ মিটার লাফায়, তাহলে পৃথিবী মাত্র ০.০১৫ ন্যানোমিটার সরে যাবে— যা একেবারেই নগণ্য!

    এই ধারণাটি আসলে একটি শিল্প প্রকল্প ছিল, যা বৈজ্ঞানিক সীমাবদ্ধতা নিয়ে ব্যঙ্গ করতে তৈরি করা হয়েছিল।

    তাহলে, ২০ জুলাই আপনি কি একবার লাফিয়ে দেখবেন? নাকি শুধু হাসবেন আর বলবেন—‘বিজ্ঞান বনাম কল্পনা!’

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

      অনলাইন ডেস্ক
      ২০ জুলাই, ২০২৫ ১৭:৫৫
      অনলাইন ডেস্ক
      ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

      ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি আজ (২০ জুলাই) শেষ হচ্ছে। ভর্তি কার্যক্রম গত ১৮ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল৷ যা আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।


      ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করতে হয়। ফি পরিশোধের শেষ সময় ছিল ১৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 


      এছাড়া, শিক্ষার্থীদের অবশ্যই ১৯ জুলাই সকাল ১০টা থেকে আজ ২০ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিতে হবে।


      গুচ্ছ ভর্তি কমিটি জানিয়েছে, সময়মতো মূল কাগজপত্র জমা না দিলে অনলাইনে ফি পরিশোধ করলেও প্রাথমিক ভর্তি বাতিল হবে। এই অবস্থায় শিক্ষার্থী ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটাভিত্তিক ভর্তিতেও বিবেচিত হবেন না।


      তবে ভর্তি বাতিল করতে ইচ্ছুক শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, যেখানে মূল কাগজপত্র জমা দিয়েছেন। একবার ভর্তি বাতিল করলে ভবিষ্যতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।


      গুচ্ছ ভর্তি কমিটি আরও জানায়, প্রাথমিক ভর্তি চলাকালীন ‘Stop All Migration’ অপশন সম্পন্ন করলে ওই বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। ‘Stop University Migration’ অপশন নির্বাচন করলে শিক্ষার্থী বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমভুক্ত বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও হারাতে পারেন৷


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইবি শিক্ষার্থীর মৃত্যু'র তদন্তের দাবিতে আন্দোলন, উত্তেজনা ও হট্টগোল

        ক্যাম্পাস প্রতিনিধি
        ২০ জুলাই, ২০২৫ ১৬:৫
        ক্যাম্পাস প্রতিনিধি
        ইবি শিক্ষার্থীর মৃত্যু'র তদন্তের দাবিতে আন্দোলন, উত্তেজনা ও হট্টগোল

        ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র রহস্যজনক মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে আন্দোলন চলাকালীন কয়েক দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।


        জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে আজ শনিবার আন্দোলনের ঘোষণা দেন ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বয়ে ঘটিত সংবর্ত-৩৬ ব্যাচ। একইদিনে আন্দোলনের ঘোষণা দেন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এদিকে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নিয়ে মতপার্থক্য তৈরি হয় হয় সংবর্ত-৩৬ ও আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে। হঠাৎ করে সংবর্ত-৩৬ ব্যাচ গায়েবানা জানাজার সিদ্ধান্ত নিলেও আল কোরআন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী তাতে সাড়া দেননি। এতে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরবর্তীতে গায়েবানা জানাজা শেষে সংবর্ত-৩৬ ব্যাচ পুনরায় প্রশাসন ভবনের সামনে আন্দোলনে মিলিত হন। এরপর কয়েক দফায় তাদের মধ্যে হট্টগোল হতে দেখা যায়। এছাড়া আন্দোলনে ইবি ছাত্রদল ও ছাত্রশিবিরসহ রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো সংহতি প্রকাশ করেন। ইবি ছাত্রদল ব্যানার নিয়ে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দলীয় ব্যানার নামিয়ে নিতে বলেন। ফলে ছাত্রদল দলীয় ব্যানার গুটিয়ে নেন। এদিকে আন্দোলনে ছাত্রশিবিরকে হট্টগোলের জন্য দায়ী করে বক্তব্য দেন সাজিদ আব্দুল্লাহ'র বন্ধু ইনসানুল ইমাম। পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরে বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দের কাছে। এর ফলে আন্দোলনে ভাঙন দেখা দেয়। কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন এখানে কোনো রাজনৈতিক অংশগ্রহণ থাকবে না। সবাইকে সাধারণ হিসেবে অংশগ্রহণ করতে হবে।


        পরে বিএনপিপন্থী শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। তবে জামায়াতপন্থী শিক্ষকরা সংহতি প্রকাশ করতে চাইলে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি বলে জানা যায়। এছাড়া আল কোরআন বিভাগের শিক্ষকদের বক্তব্য দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে সংবর্ত-৩৬ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। সেইসময় ইফতেহার উদ্দীন তামিম নামের এক শিক্ষার্থী বারবার মাইক নিয়ে ঝামেলা করছিলো বলে অভিযোগ করেছেন অনেকেই। এদিকে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে অসম্মান করার অভিযোগ উঠে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


        এদিকে আন্দোলনে এসব হট্টগোল ও নানা অব্যবস্থপনার বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সহ সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, আন্দোলনে রাজনৈতিক ছাত্রসংগঠনসহ আমাদের সকলের অংশগ্রহণ ছিল। কিন্তু সংবর্ত-৩৬ ব্যাচ আন্দোলনে নিজেদের ব্যানার জাহির করার জন্য উঠেপড়ে লেগেছিল যা কোনোভাবেই কাম্য নয়। আন্দোলনটি আরও সুন্দর হতে পারতো। সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিরা কথা বললে আন্দোলনটি আরও দেশব্যাপী ছড়িয়ে পড়তো। এধরনের আন্দোলনে সংবর্ত ৩৬ সহ যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে তীব্র নিন্দা জানাই।


        সাজিদ আব্দুল্লাহর বন্ধু ইনসানুল ইমাম বলেন, আজকের আন্দোলনে আমাদের সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল। এছাড়া অসংখ্য শিক্ষার্থীদের উপস্থিতি হওয়ায় কিছুট মিস ম্যানেজমেন্ট হয়েছে। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন আমার কানে অনেকেই অনেক কথা বলছিল। এসময় আমার বক্তব্যে একটু ত্রুটি হয়েছিল যার ফলে একটু বিশৃঙ্খলা দেখা দেয়। এরজন্য আমি পরবর্তীতে ক্ষমাও চেয়েছি। আমার জায়গা থেকে এসব ভুলের উর্ধে উঠে সকল রাজনৈতিক ও সমাজিক সংগঠনের প্রতি আমার আহ্বান থাকবে আমরা আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহর জন্য লড়াইয়ে নেমেছি। এ লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে চাই। এ জন্য সকলের প্রতি আমার করজোড়ে অনুরোধ আপনারা আমার ভাইয়ের তদন্ত ছাড়া ঘরে বসে থাকবেন না দয়া করে। আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। এটা আমরা হতে দিতে পারি না।


        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত