শিরোনাম
নোবিপ্রবির ৩ শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর গ্রামের ইদ্রিস ড্রাইভার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. তারেক রহমান (২২), জামাল উদ্দিন লিটনের ছেলে মো. আহাত হোসেন রিশাদ (২২) এবং আবদুল বারিক মিয়া বাড়ির কামরুজ্জামানের ছেলে মো. ইউসুফ শামীম (২১)।
পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে নোবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ এবং তার দুই সহপাঠীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা এক শিক্ষার্থীর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং অন্যদের কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। তাদের কাছ থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে সন্ত্রাসীরা।
ঘটনার পরপরই বেগমগঞ্জ মডেল থানায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এর প্রতিবাদে রোববার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তার চার লেনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল ৫টায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘টিকিটে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে এমন ঘটনার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানাই।
নোবিপ্রবিতে ইউজিসি কর্তৃক বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগতমান উৎকর্ষে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দপ্তর ও শাখা প্রধানদের অংশগ্রহণে ‘বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগতমান শক্তিশালীকরণ: ইউজিসির কৌশলগত ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ মান বজায় রাখতে ও স্বচ্ছতা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবিতে পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলো থেকে সর্বোচ্চ ডিগ্রিধারীরা যেনো শিক্ষকতার সুযোগ পায় আমরা সে চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা যেনো গবেষণার ক্ষেত্রে মনোযোগী হয় সেজন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো। বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে আমাদের যে সক্ষমতা রয়েছে তা দিয়েই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
কর্মশালার কি-নোট স্পিকার ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বে আদলে গড়ে তুলতে হলে সর্বাগ্রে এর উচ্চশিক্ষার মান শক্তিশালী করতে হবে। আর এটা যদি নিশ্চিত করা যায় তখনই কেবল দেশের উন্নয়ন সম্ভব। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা চাই বৈষম্যহীন শিক্ষা ও সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও শাখা ছাত্রদল সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করে। এসময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদও জানানো হয়।
এদিন বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় সংগঠনসমূহের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার’, স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বক্তব্য রাখেন।
শহীদ জিয়াউর রহমানকে অবমাননা ও তারেক রহমান নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার উত্তরসূরী তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে যা ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে তারা সমগ্র বাংলাদেশের মানুষকে অপমানিত করেছে। একটা পাকিস্তানি গোষ্ঠী ও বটচক্র দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রিউমার ছড়াচ্ছে এবং তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে না। সেই রাজাকার আর চব্বিশের স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের ঠিকানা বাংলাদেশ নয়, তাদের ঠিকানা দিল্লি আর পাকিস্তান।
সাদা দলের আহ্বায়ক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ১৯৭১ সালে অনেকে গাদ্দারি করেছে, অনেকে চব্বিশের ৫ আগস্টে গাদ্দারি করেছে। গাদ্দারি বন্ধ করেন, আমাদেরকে ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করবেন না। এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন না, যাতে বাংলাদেশ থেকে সমূলে ফ্যাসিস্টের মতো বিদায় করে দিতে হয়।
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করছেন তারা কি রাজনীতির সুযোগ পেতেন? যিনি আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাকেই আপনারা অপমান করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের সতর্ক করছি, সতর্ক করার পরেও যদি এসব কুরুচিপূর্ণ কথা ও অবমাননা চালিয়ে যান আমরা এর দাঁত ভাঙা জবাব দিবো।
তিনি আরও বলেন, আমরা জানি কারা রগ কাটার সংস্কৃতিতে বিশ্বাসী। আপনারা একপেশে প্রচারণা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। নির্বাচন বিলম্বিত করা এবং স্বৈরশাসকের রাজনীতি যাতে বাংলাদেশে করতে পারে আপনারা সেই পথেই হাঁটছেন। আমরা সতর্ক করছি আমরা কিন্তু দুর্বল নই, আমরা মাঠে নামলে কিন্তু আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইলে স্বনামে আসেন, সাধারণ ছাত্রের নামে দিয়ে কেন আসছেন? স্বনামে আসেন আমরা আপনাদের প্রতিহত করবো।
৭ বছর পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ সততা লাইব্রেরি চালু
রাজশাহী কলেজের কলা ভবনের সামনে অবস্থিত ভ্রাম্যমাণ লাইব্রেরি দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর অবশেষে গ্রীন ভয়ের কলেজ শাখার উদ্যোগে চালু করা হয়েছে। চালুর প্রথম দিনেই এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী দীপালোক নামে লাইব্রেরি উদ্ভোধন করেন। এসময় তিনি বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। তিনি আশা ব্যক্ত করেন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভুমিকা রাখবে এবং তিনি এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টাবৃন্দ ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, গ্রীন ভয়েস কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।
উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থীদের আগ্রহের সাথে লাইব্রেরি সামনে তাদের পছন্দের বই পড়তে ভিড় জমাতে দেখা গেছে।
নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন
নিজ সহপাঠিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা আজ রবিবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বেগমগঞ্জ চৌরাস্তার মূল সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা চৌরাস্তা ব্লকেড দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সবধরনের যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের সাথে ঢাকা-চট্টগ্রামের যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ ও তাঁর দুই সহপাঠীর ওপর চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এর আগেও গত মাসে একই এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা দুঃখজনক। বক্তৃতায় এসিসিই বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী বলেন, ঘটনার পরপরই আমরা নোয়াখালীর পুলিশের সাথে যোগাযোগ করি। ভুক্তভোগী শিক্ষার্থী ৭/৮ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেছে। সেখানে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা খুবই সহজ ব্যাপার। কিন্তু প্রশাসনকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায় নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সমাজকর্ম বিভাগের রিয়াদুল জান্নাত মারিয়া হুশিয়ারি দিয়ে বলেন, এক জুলাইয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আরেক জুলাইয়ে প্রয়োজনে আমরা এই সন্ত্রাসী-চাঁদাবাজদের পতন ঘটাবো। অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
বিজিই ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চুড়ি পরে বসে থাকার জন্য রাষ্ট্র বেতন দেয় না। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ছাত্রজনতা বাকিটা দেখে নিবে। এর আগেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। তখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের এই সন্ত্রাসী হামলার বিচার করতে হবে।
শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করেন সাধারণ শিক্ষকবৃন্দ। এপ্লাইড ম্যাথ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পিছনে আমি মনে করি নড়বড়ে প্রশাসন এবং একটার পর একটা ঘটনা ঘটলেও কোনো সুষ্ঠু বিচার না হওয়া। আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা হামলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারেরে আওতায় আনেন।
সর্বশেষ শিক্ষার্থীরা আগামী ১২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে সড়কে অবরোধ তুলে নেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য