শিরোনাম
রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানীর ২০তম ইনস্টলেশন ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান
"রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইল" এর ২০তম ক্লাব ইনস্টলেশন সেরেমনি ও বর্ষসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্প্রতিবার) ৩রা জুলাই ২০২৫ ইং সন্ধ্যা ৬ টায় টাংগাইল জেলার ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্ট্রারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল কর্তৃক এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।
ভিক্টোরিয়া ফুড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত বোর্ড মেম্বারদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির কার্যক্রমের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা বলেন, "গত এক বছরে রোটার্যাক্ট ক্লাব অসাধারণ কার্যক্রম পরিচালনা করেছে। কমিউনিটি সার্ভিস, ক্যারিয়ার গাইড, আরও নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে সবাই মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আপনারা সত্যিই এই ক্লাবের সুনাম অটুট রেখেছেন।"
অনুষ্ঠানের সভাপতি পলাশ হোসেন বলেন, "আজকের দিনে, নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচয় ও উত্তীর্ণদের স্বীকৃতি, পুরস্কার বিতরণ ও বরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরবে আমাদের ভবিষ্যত পথচলার মানচিত্র। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও উৎসাহ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আগামী বছর এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব।"
প্রোগ্রামের চেয়ারম্যান এস এম জাহিদ হোসেন বলেন, "আমরা গত এক বছরে অনেক কিছু অর্জন করেছি—সেবামূলক কর্মকাণ্ড, মিলনমেলা ও উঠতি প্রজন্মের জন্য নানা উদ্যোগ। আজকের এই আয়োজন আমাদের পুরনো সাফল্যকে স্মরণ করে নতুন সংস্কৃতি ও দায়িত্বের অঙ্গীকার করে।"
এছাড়া বিশেষ অতিথি হিসেবে রোটারিয়ান মেজবাহ উদ্দিন, সাব্বির আহমেদ পল, হামিদুল হক চৌধুরী শেলি এবং ক্লাব এডভাইজর অধ্যাপক ড. পিনাকী দে উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে ক্লাব ট্রেনিং সেশন পরিচালনা করেন পিডিআরআর মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা রোটার্যাক্ট ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ ও যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, বিগত বছরে ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী বছরের পরিকল্পনা ঘোষণা করা হয়।
পরবর্তীতে সাকিব হাসান খানের নেতৃত্ব নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জিন প্রকৌশলে বিশ্ব জয় করার স্বপ্নে মাভাবিপ্রবি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘আইজিইএম ভাবনা থেকে বাস্তবায়নে: বাংলাদেশের আইজিইএম ভবিষ্যৎ নির্মাণের যাত্রা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে মাভাবিপ্রবি বায়োটেক ক্লাব ও ইন্টারন্যাশনাল জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড মেশিনের (আইজিইএম) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (২ জুলাই) বিশ্বের সিনথেটিক বায়োলজি অঙ্গনে বাংলাদেশের অবস্থান তৈরির লক্ষ্যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও বায়োটেক ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
রিসোর্স পার্সন ছিলেন ইউরোপ, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ওএঊগ অ্যাম্বাসেডর ও যুক্তরাজ্য দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের শিক্ষার্থী উসরাত নুবাহ এবং এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের আইজিইএম অ্যাম্বাসেডর ও প্রোমোটর ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার হাসান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, আমাদের দেশের বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইন্টারন্যাশনাল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মেশিনের প্রতিযোগিতা আজ বিশ্বের তরুণ গবেষকদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
বাংলাদেশের মেধাবী তরুণেরা এই প্ল্যাটফর্মে অংশ নিয়ে যে উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করছে, তা আমাদের দেশের জন্য গৌরবের বিষয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সম্মান বয়ে এনেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আইজিইএম-এর এই যাত্রা আরো বেগবান হবে, নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প ও গবেষণার মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে সুনাম অর্জন করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ, গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডের পাশে ছিলো এবং থাকবে। আইজিইএম -এর এই যাত্রা শুধু একটি প্রতিযোগিতা নয়-এটি এক নতুন বাংলাদেশ গড়ার সংকল্প।
উল্লেখ্য, আইজিইএম হলো বিশ্বব্যাপী সিনথেটিক বায়োলজি (সিনথেটিক বায়োলজি) বিষয়ক সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকরা জিন প্রকৌশল ও জীববিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে কার্যকর কোনো উদ্ভাবনী প্রকল্প তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেয়।
বাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের আলটিমেটাম
বাস সংকট নিরসনের দাবিতে আটদিনের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জের অস্থায়ী ছাত্রাবাসে সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম ঘোষণা করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে সেটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে এখনো কোনো বাসের ব্যবস্থা হয়নি।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি-বাসে চড়ে ক্লাসে আসতে হয় শিক্ষার্থীদের। এতে একদিকে সময়-ব্যয় বাড়ছে, অন্যদিকে হাফপাস নিয়ে প্রায় যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় তাদের। অনেক সময় অপমানজনক আচরণেরও শিকার হন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাস ব্যবস্থা করা না হলে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভি চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।
কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
যবিপ্রবি ডিবেট ক্লাবের ৬ষ্ঠ ফ্রেশার্স লিগ অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের ৬ষ্ঠ ফ্রেশার্স লিগ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ও সোমবার (২৬ জুন ও ১ জুলাই) দুই দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী বিতার্কিকরা অংশগ্রহণ করে। এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩টি রাউন্ডে ট্যাব পাওয়ার ম্যাচিংয়ের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে ৩টি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বিকেল ৪:৩০টায় সেমিফাইনাল বিতর্ক এবং দ্বিতীয় দিন বিকেল ৫টায় ফাইনাল বিতর্ক ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ডিবেট ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
ফাইনাল বিতর্কে ‘এই সংসদ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ সংস্কার সম্ভব না হলে বিপ্লবের চেতনা ব্যর্থ হবে’—এই বিষয়ে সরকারি দল টিম ম্যাজিক মাইন্ডস (Magic Minds)-কে হারিয়ে বিরোধী দল দ্য স্পেল ক্যাস্টারস (The Spellcasters) চ্যাম্পিয়ন হয়। বিতর্কে টুর্নামেন্ট সেরা ও ফাইনাল সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী লাবনী ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.নওসিন আমিন শেখ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাব্বির হোসাইন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আবদুল্লাহ। ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন, সম্পাদক সাব্বির হোসাইন এবং সাবেক সভাপতি শাহরিয়ার কবির, আইমান ফাইয়াজ, সাধারণ সম্পাদক নাঈম জামান, নাওশিন জাহান জেরিনসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
ফ্রেশার্স লিগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা যুক্তিতর্ক ও বিশ্লেষণধর্মী চিন্তাধারার বিতর্ক চর্চার সুযোগ পায়, যা তাদের একাডেমিক ও ব্যক্তিগত দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য