শিরোনাম
মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো “অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার সুযোগসমূহ” শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ জুন) ২০২৫ইং তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল নবগঠিত "মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব" এর মধ্য দিয়েই ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। ওয়ার্কশপের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবাকাস একাডেমির লিড মেন্টর শিবলি সাদিক।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম বলেন, "মাভাবিপ্রবিতে এই প্রথমবারের মতো এমন একটি কর্মশালার আয়োজন সত্যিই প্রশংসনীয়। বর্তমান বিশ্বে অ্যাকাউন্টিং একটি চাহিদাসম্পন্ন ও বহুমুখী পেশা। শুধুমাত্র দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিসরেও অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে অসংখ্য সুযোগ। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে আমাদের প্রয়োজন হবে যথাযথ দক্ষতা, প্রযুক্তির জ্ঞান এবং বৈশ্বিক চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা।"
অনুষ্ঠানের মূল বক্তা শিবলি সাদিক বলেন, "আজকের এই কর্মশালাটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়—বরং এটি একটি দিগন্ত উন্মোচন, যেখানে আমরা বাংলাদেশের অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। বর্তমান বিশ্বে অ্যাকাউন্টিং আর কেবল সংখ্যার খেলা নয়, এটি একটি কৌশলগত পেশা—যেখানে নেতৃত্ব, প্রযুক্তি জ্ঞান এবং আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা অপরিহার্য। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা আশা করি—শিক্ষার্থীরা জানতে পারবে কীভাবে গ্লোবাল মার্কেটে নিজেদের প্রস্তুত করতে হবে। আন্তর্জাতিক জব মার্কেট, রিমোট ওয়ার্ক, ফিনটেক, করপোরেট গভার্ন্যান্সসহ নানা বিষয়ে নতুন জানার সুযোগ হবে।"
ওয়ার্কশপে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে বাংলাদেশের অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রস্তুতি নিতে সহায়ক হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ চালুর পরিকল্পনা
প্রায় ১৭ হাজার দুর্লভ প্রত্ননিদর্শনসমৃদ্ধ ১৯১০ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিচালনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রত্নতত্ত্ব বিভাগ না থাকায় গবেষণার অভাবে দেশের প্রথম জাদুঘর প্রত্নসম্পদ হারিয়ে যেতে বসেছে। এই বাস্তবতায় বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধ প্রত্নঐতিহাসিক ঐতিহ্যকে কেন্দ্র করে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্নতত্ত্ব বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নীতিগত সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই ইউজিসির সঙ্গে আলোচনা করে বিভাগ নিয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের নতুন পরিচালক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, প্রত্নতত্ত্ব বিভাগ চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীতেই প্রথম হওয়া উচিত ছিল, কারণ উত্তরবঙ্গে যেভাবে আর্টিফ্যাক্ট পাওয়া যাচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো—এতো বড় মিউজিয়াম তো আর কোথাও নেই। আমরা আশা করছি দ্রুতই এটি বাস্তবায়ন সম্ভব হবে। তখন একটি বিভাগ আলাদাভাবে গবেষণা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে।
এদিকে ১৯৯২ সালে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ যাত্রা শুরু করে। ২০১৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও খোলা হয় বিভাগটি। এছাড়া ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ‘ইতিহাস ও প্রত্নতত্ত্ব’ নামে বিভাগ রয়েছে।
এদিকে গবেষণা, সংরক্ষণে এবং উচ্চশিক্ষার এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইতিহাসবিদ ও গবেষকরা।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, দেশের সবচেয়ে প্রাচীন বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রাজশাহীতে অবস্থিত অথচ এটিকে ঘিরে গবেষণার জন্য কোনো স্বতন্ত্র বিভাগ ছিল না—এটি দুঃখজনক। প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। আশা করছি, এই বিভাগ চালু হলে প্রত্নসম্পদ গবেষণা, সংরক্ষণ এবং উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহ্যবাহী জাদুঘর আছে এবং এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন মিউজিয়াম এটি। কিন্তু দুঃখজনকভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলেও এখানে কোনো আর্কিওলজি বিভাগ নেই।
তিনি আরও বলেন, আমরা যদি লক্ষ্য করি জাবি, বেরোবিসহ কুবিতে এ বিভাগগুলো রয়েছে। এ বিষয়ে আমাদের কথা হয়েছে এবং আমাদের বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পাশে একটা জমি আছে যেখানে আমরা উদ্যোগ নিলে মনে করি এটা সম্ভব।
প্রত্নতত্ত্ব বিভাগ চালুর বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেন, বাংলার প্রথম জাদুঘর এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ধরে রাখতে এখানে প্রত্নতত্ত্ব বিভাগ চালু করা প্রয়োজন। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বসহ চিন্তা করছি। আমাদের নীতিগত সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি, জাদুঘরের নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের কাজ চলছে। এসব প্রস্তুতি শেষ হলে ইউজিসির অনুমতি নিয়ে খুব শিগগিরই বিভাগ খোলার চেষ্টা করা হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, গবেষণাভিত্তিক একটি প্রত্নতত্ত্ব বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। যদিও এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া, তবুও আমরা আশাবাদী। উত্তরবঙ্গে প্রত্নতত্ত্ব গবেষণার জন্য এটি একটি উপযুক্ত স্থান। একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহীতে অবশ্যই এই বিভাগ থাকা উচিত। আমরা আমাদের চিন্তাভাবনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চালু হওয়া স্বতন্ত্র বিভাগ হলো ‘ফারসি ভাষা ও সাহিত্য’ বিভাগ। এটি ২০১৬ সালের ২৬ নভেম্বর থেকে কার্যক্রম শুরু করে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ডিসিপ্লিনভিত্তিক কাউন্সেলিংয়ে গুরুত্ব দিতে হবে : খুবি উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে `Understanding the Risk of Suicide and How to Save Lives’ শীর্ষক কর্মশালা আজ ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, বর্তমান পরিবেশে শিক্ষার্থীদের নানামুখী মানসিক চাপ ও হতাশাজনিত কারণে আত্মহত্যার প্রবণতা একটি উদ্বেগজনক সামাজিক বাস্তবতা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ বাস্তবতা থেকে মুক্ত নয়। এজন্য আমাদের প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারে কেউ সংকটে পড়লে তাকে আমরা উপেক্ষা করতে পারি না। আত্মহত্যা কখনো কোনো সমাধান নয়। বরং জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় শক্ত মনোবল ও মানসিক দৃঢ়তা গড়ে তোলা দরকার। এজন্য প্রতিটি ডিসিপ্লিনের শিক্ষকদের উচিত- ৫ থেকে ১০ জন শিক্ষার্থীর একটি করে গ্রুপ গঠন করে নিয়মিত কাউন্সেলিং করা, তাদের কথা শোনা, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং যথাযথ পরামর্শ দেওয়া।
উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সহনশীল, সহানুভূতিশীল এবং সচেতন একাডেমিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের আবেগ-অনুভূতি নিয়ে আলোচনা করতে পারবে। মনে রাখতে হবে, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের উপর। সেই ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও মানসিক সুস্থতা নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের ডাঃ এস এম সাইফুল ইসলাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সুমন ইসলাম ও জারিন তাসনিম স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের ডাঃ এস এম সাইফুল ইসলাম রাজু।
এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক পরিষদ গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সকল প্রকার ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ সত্বেও আওয়ামীপন্থী শিক্ষকদের অংশগ্রহণে সাধারণ শিক্ষক পরিষদ গঠন করার অভিযোগ উঠেছে। কট্টর আওয়ামীপন্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের বহিষ্কৃত আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়াসহ চিহ্নিত আওয়ামীপন্থী অনেক শিক্ষক নেতা সাধারণ শিক্ষক পরিষদ গঠনের প্রোগ্রামে অংশগ্রহণ করেন বলে জানা যায়৷
গতকাল শুক্রবার (২৭ জুন) সাধারণ শিক্ষক পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানাো হয়। বার্তা প্রেরক ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদ কাইয়ুমের সাক্ষরিত ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪.০৬.২৫ ইং তারিখে আইকিউএসি সেমিনার রুমে সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা এবং ২৬.০৬.২০২৫ ইং তারিখে অনলাইনে (জুম মিটিংয়ে) সাধারণ শিক্ষকদের সাথে আলোচনার প্রেক্ষিতে অত্যন্ত জোরালোভাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য একটি অন্তবর্তীকালীন "নোবিপ্রবি সাধারণ শিক্ষক পরিষদ" গঠন করার প্রস্তাব আসে। গঠিত কমিটি পরবর্তী শিক্ষক সমিতির নির্বাচন না হওয়া পর্যন্ত নোবিপ্রবি শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে ১৬ সদস্য বিশিষ্ট (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) একটি কমিটির অনুমোদন করা হয়।
অভিযোগ উঠেছে, ভবিষ্যতে শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছক কষেছেন বিএনপি-জামাত পন্থী শিক্ষকরা। এতে নিজেদের ভোটের পাল্লা ভারি করতে শিক্ষার্থীদের সাথে অন্যায় করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া আওয়ামীপন্থী শিক্ষকদেরও কাছে টানছেন তারা। এরই অংশ হিসেবে সাধারণ শিক্ষকদের নাম করে গুটিকয়েক শিক্ষক নিয়ে করা মিটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমদের ইস্যু এবং পর্দা নিয়ে হেনস্তার অভিযোগে শাস্তি প্রাপ্ত আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়াকে। এছাড়াও ১৬ সদস্যবিশিষ্ট কমিটিতে স্বৈরাচার সরকারের আমলে আওয়ামীপন্থী নীল দলের পদধারী নেতাকেও রাখা হয়।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ শিক্ষক পরিষদ গঠনের উদ্দেশ্যে গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি রুমে মাত্র ২৫-৩০ জন শিক্ষক নিয়ে একটি আলোচনা সভা করা হয়। পরবর্তীতে মাত্র প্রায় ৮০ জন শিক্ষক গত ২৬.০৬.২৫ (বৃহস্পতিবার) অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) অনুষ্ঠিত মিটিয়ে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্ববিদ্যালয়ে মোট ৪২১ জন শিক্ষক কর্মরত আছেন। প্রশ্ন উঠেছে মাত্র ২০ শতাংশ শিক্ষক নিয়ে শিক্ষক সমিতির বিকল্প হিসেবে নোবিপ্রবির পুরো শিক্ষক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন তৈরি করা আদৌ কতটুকু যুক্তিসঙ্গত।
এ বিষয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক জানান, শিক্ষক সমিতির বিকল্প হিসেবে যে শিক্ষক সংগঠন দাড় করানো হচ্ছে তা আরো গঠনতান্ত্রিক হওয়া উচিত ছিলো। ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি আগে থেকেই প্রস্তুত করে এভাবে ঘোষণা করা কোনো নিয়মের মধ্যে পড়তে পারে না। শিক্ষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন অবশ্যই অধিকাংশ শিক্ষকদের মতামতের ভিত্তিতেই হওয়া উচিত।
সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করা সাধারণ শিক্ষক পরিষদের সদস্য বিএনপি পন্থী শিক্ষক নেতা অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম বলেন, আমরা শিক্ষক সমিতির নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন শিক্ষকদের প্রতিনিধিত্বকারী সাধারণ শিক্ষক পরিষদ গঠন করেছি। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। শুধুমাত্র শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য এই সংগঠন কাজ করবে। অনলাইনে করা জুমে প্রায় ৮২ জন শিক্ষক অংশগ্রহন করেছেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে উক্ত শিক্ষক নেতা বলেন, প্রোগ্রামে সকল শিক্ষকের অংশগ্রহনের সুযোগ ছিলো। যেহেতু এটি শিক্ষকদের প্লাটফর্ম, আমরা কাউকে বাধা দিতে পারি না। আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া সাময়িক সময়ের জন্য বহিষ্কার হলেও তিনি একজন শিক্ষক। তাই উনাকেও কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এপ্লাইড ম্যাথ বিভাগের চেয়ারম্যান ও জামায়াত পন্থী শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, শিক্ষক সমিতি যেহেতু নাই তাই শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে সাধারণ শিক্ষক পরিষদ গঠন করা হয়েছে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আমাদের প্রায় সময় প্রশাসনের সাথে যোগাযোগ করতে হয়৷ তখন আমরা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই শিক্ষকদের সংগঠন হিসেবে শিক্ষক সমিতির নির্বাচনের আগ পর্যন্ত সাধারণ শিক্ষক পরিষদ কাজ করে যাবে।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশাসনের দরজা সবসময় খোলা। তারা যে কোনো সময় তাদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে পেশ করতে পারে। এক্ষেত্রে কেউ চাইলে ব্যক্তি হিসেবে চাইলে তুলে ধরতে পারে আবার সম্মিলিতভাবেও তুলে ধরতে পারে। সাধারণ শিক্ষক পরিষদ যেহেতু প্রশাসনের অংশ নয় তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
চবিতে আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা নোমান
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী এক শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সাঈদ আল নোমান (তূর্য্য)। পারিবারিক আর্থিক সংকটের কারণে অনিশ্চয়তায় পড়া সেই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি।
জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীটি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাফায়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, তার পিতা আর বেঁচে নেই এবং পরিবার চরম আর্থিক সংকটে আছে। ৩০ জুন ভর্তির শেষ দিন হলেও নির্ধারিত টাকা সংগ্রহে ব্যর্থ হয় পরিবার। বিষয়টি জানার পর ছাত্রদলের নেতারা তাৎক্ষণিক সাঈদ আল নোমানকে অবহিত করলে, তিনি শিক্ষার্থীটির সম্পূর্ণ ভর্তির দায়িত্ব নেন।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার পাশে থেকেছে। ভর্তির এই অনিশ্চয়তার কথা জানার পরেই আমরা আমাদের নেতা ও শিক্ষানুরাগী সাঈদ আল নোমান ভাইকে জানাই। তিনি সঙ্গে সঙ্গেই দায়িত্ব নেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।”
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য