শিরোনাম
বাজেট ২০২৫-২৬
ঢাবির বাজেট প্রকাশ: গবেষণাখাতে বরাদ্দ কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ অর্থবছরে এক হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৮৮৩ কোটি চার লাখ টাকা দেবে।
এ ছাড়া ঢাবি উৎস থেকে ৯০ কোটি টাকা আসবে। ফলে ঘাটতি থাকবে ৬২ কোটি ৪১ লাখ টাকা।
সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় ঢাবির আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, এবার বিভিন্ন খাতে তেমন গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। গতবছরের তুলনায় এবার বেতন, ভাতা, তথ্য প্রযুক্তিখাতে বরাদ্দ কিঞ্চিত কমেছে।
এ ছাড়া পণ্য ও পরিবহন, পেনশন, গবেষণা অনুদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, যন্ত্রপাতি অনুদানসহ কয়েকটি খাতে বরাদ্দ কিঞ্চিত বেড়েছে।
২০২৪-২৫ সেশনের বাজেটে গবেষণাখাতে ২০ কোটি সাত লাখ টাকা গবেষণাখাতে বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা সামান্য বাড়িয়ে মাত্র ২১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের মাত্র ২ দশমিক ৮ শতাংশ।
গবেষণাখাতের বাজেট নিয়ে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজেট প্রণয়নে ঢাকা বিশ্বদ্যালয়ের স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। আমরা এর বাইরে যেতে পারি না।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। যতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বাধীনতা না আসবে, আমরা সরকারের ওপর নির্ভরশীল থাকব, ততদিন পর্যন্ত আমাদের কোয়ালিটি বাড়ার সুযোগ থাকবে না।
তিনি বলেন, এর আগে প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠকে আমরা গবেষণা খাতের কথা বলেছি। তিনি আমাদের প্রস্তাব আকারে এটি দেওয়ার কথা জানিয়েছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের ২৮ দশমিক ৩৪ শতাংশ তথা ২৯৩ কোটি ৫০ লাখ টাকা বেতন বাবদ, ২০ দশমিক ৮৪ শতাংশ তথা ২১৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা ভাতা বাবদ, পণ্য ও সেবা বাবদ ২৭ দশমিক ৬২ শতাংশ তথা ২৮৫ কোটি ৯৮ লাখ টাকা এবং পেনশন বাবদ ১৩ দশমিক ৪১ শতাংশ তথা ১৩৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
অবশেষে ডাকসুর ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য দশ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নির্বাচন পরিচালনায় প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সহায়তার জন্য আরও ৯ জন রিটার্নিং কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন; সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী; তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক; উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা; ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ); বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।
নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন এবং ভোট গ্রহণসহ সার্বিক নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের ৮(এফ) ধারার আওতায় এই নিয়োগ দেওয়া হয়।
অতীতে ডাকসু নির্বাচনে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন থাকলেও এবার তা বৃদ্ধি করে সর্বোচ্চ ১০ জন সদস্য নিয়ে নির্বাচন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
জানতে চাইলে অধ্যাপক জসীম উদ্দিন সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয় দায়িত্ব দিয়েছে, ফলে আমাদের যাবতীয় কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। অফিশিয়ালি দায়িত্ব বুঝে পেলে বাকিদের সঙ্গে মিটিং করে নির্বাচনের তারিখসহ অন্যান্য বিষয় নির্ধারণ করব।
স্বাক্ষর জালিয়াতি: চবির কর্মচারীকে সাময়িক বরখাস্ত
স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত কর্মচারী শ্রাবণ সরকার, তিনি আলাওল হলের অফিস পিয়ন। হলটির প্রভোস্ট অধ্যাপক এনামুল হকের অভিযোগের ভিত্তিকে তাকে বরখাস্ত করে প্রশাসন। একই ঘটনায় আলাওল হলের আরও দুই কর্মচারী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, প্রভোস্ট এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে ২৫ হাজার টাকা উত্তোলন করে আলাওল হলের কর্মচারী শ্রাবণ। পরে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্যাসেজ যায় প্রভোস্টের কাছে। এতে প্রভোস্ট নিশ্চিত হন, অন্য কেউ তার স্বাক্ষর জালিয়াতি করে টাকা তুলেছেন। পরে তিনি প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় শ্রাবণকে সাময়িক বরখাস্ত ও হলটির আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে শোকজ করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানির পর ওই টাকা জমা দিয়ে দেন শ্রাবণ।
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রাবণ সরকারকে সাময়িক করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ক্যাম্পাস থেকে ককটেল উদ্ধার, যা বললেন ঢাবি শিবির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে আজ পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
এ নিয়ে সোমবার দুপুরে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ তার ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার—এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়’ এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান।
এসএম ফরহাদ লেখেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান — ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।
সবশেষ তিনি লেখেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে—ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
বেসরকারিতে প্রথম পিএইচডি চালু হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্বোধন অনুষ্ঠান হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউজিসি সূত্র জানায়, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্রাডিজের (এসওএএস) সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।
দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগাম চালুর দাবি থাকলেও ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও শিক্ষার মান নিয়ে আলোচনা চলছিলো।
গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছিলেন, সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে।
ইউজিসি চেয়ারম্যানের এমন ঘোষণার এক মাসের মাথায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশে প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য