শিরোনাম
চুরির পর সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
আজ শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া চুরির কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে। এসব ঘটনায় কিছু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
রাবি ভর্তি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। পরীক্ষার এই ব্যস্ত সময়ে অন্যান্য সংগঠনের মতো ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে একটি সহায়তা বুথ স্থাপন করে ছাত্রী সংস্থার সদস্যরা নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য স্যালাইন, পানীয় জল সরবরাহের পাশাপাশি, যারা আবাসন সমস্যায় পড়েছেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি।
জানতে চাইলে সংগঠনের এক সদস্য বলেন, আমাদের কাজ তিনটি ধাপে বিভক্ত—প্রথমত দাওয়াত, দ্বিতীয়ত সংগঠন ও প্রশিক্ষণ এবং তৃতীয়ত কল্যাণমূলক ও সমস্যা সমাধানমূলক কার্যক্রম। আমরা অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা, আবাসন ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কাজে অংশ নিই। ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু ছাত্রীদের থাকার ব্যবস্থা ও হেল্প ডেস্কের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকি।
অন্য আরেক সদস্য বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার মূল লক্ষ্য হলো ছাত্রী সমাজকে আল্লাহর কুরআন ও রাসুলের (সা.) সুন্নাহর আলোকে জীবন গড়তে সাহায্য করা, তাদের আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা এবং ইসলামের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা, যাতে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করা যায়। ১৯৭৮ সালের ১৫ জুলাই ঢাকায় ১৮ জন ছাত্রীকে নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম শুরু হয়, যা এখনো সাফল্যের সাথে চলছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থী আফরোজ মনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমরা নারী শিক্ষার্থীরা অনেক সময় ছেলেদের কাছে সাহায্য চাইতে সংকোচ বোধ করি। কিন্তু এখানে আপুরা আছেন বলে আমরা কোনো দ্বিধা ছাড়াই সব কথা বলতে পারছি এবং সাহস পাচ্ছি। রাতে থাকার ব্যবস্থাও আপুরাই করেছেন, তারা আমাদের প্রতি খুব যত্নশীল ছিলেন।
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (২৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য রাইজিং ক্যাম্পাসকে এ তথ্য জানান।
বিস্তারিত আসছে...
নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাককানইবি প্রতিনিধি:
জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভিজিল্যান্স টিমের অন্য সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন নি। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন, "নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে গ্রহণ করা হয়েছে। এই পরীক্ষা সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশন কয়েক মাস আগে থেকেই বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। ফলে খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে।"
প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা আয়োজনে ওতোপ্রোতভাবে সহযোগিতা করছেন। মোটকথা সকলের সহযোগিতা পাওয়ার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।"
এবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। পরীক্ষাকেন্দ্র ও তার আশেপাশে ১৪৪ ধারা কার্যকর ছিল। ক্যাম্পাসে আগত অতিথিদের বসার ব্যবস্থা প্রশাসন থেকে করা হয়েছিল। রাস্তার যানযট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা হতে পরীক্ষার্থীদের আসা ও যাওয়ার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৭১ জন। অনুপস্থিত ৩৭ জন। উপস্থিতির হার ৯৫.৯২৫ শতাংশ।
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: দেশসেরা বুয়েট, ঢাবির অবস্থান দশম
২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তবে প্রথম ৩০০-তে নেই কোনো প্রতিষ্ঠান।
তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দশম।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রতি বছর সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এ র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এ বছরও তারা ‘‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫” প্রকাশ করেছে।
টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২৩ এপ্রিল প্রকাশ করা র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৫টি অঞ্চল থেকে মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা এই ১৩তম সংস্করণের তালিকায় দেখা গেছে, এশিয়া অঞ্চলের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তবে তালিকার ৩০১ থেকে ৩৫০–এর মধ্যে স্থান করে নিয়েছে বুয়েট। দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এছাড়াও তালিকায় ৩৫১ থেকে ৪০০–এর মধ্যে আছে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এসএসইউ)। দেশের তালিকা অনুসারে তৃতীয় স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এর আগে গত বছর প্রকাশিত তালিকায় বাংলাদেশে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথমে থাকলেও এবার (২০২৫) আছে ১২তম অবস্থানে। র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে রয়েছে প্রাচ্যের অক্সেফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত কয়েক বছর ধরে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দশম স্থানে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই চারটি মূল সূচকের ভিত্তিতে র্যাঙ্কিংটি তৈরি করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মান ও প্রতিযোগিতামূলক অবস্থান মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য