ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সৌমিত্র শেখরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুদকের

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৪ ২০:২০
নিজস্ব প্রতিবেদক
সৌমিত্র শেখরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুদকের

ডেস্ক রিপোর্ট: ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাশাপাশি ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড ও মালেশিয়ায় তার এবং নিজ পরিবারের সদস্যদের নামে বাড়ি কিংবা সম্পদের তথ্যের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে পুলিশের স্পেশাল শাখা ও বিএফআইইউ প্রধান বরাবর পৃথক ওই চিঠি দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে উপাচার্য হিসাবে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ গ্রামে ও পরিবারের সদস্যের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় তার ও পরিবারের সদস্যদের নামে বাড়ি বা সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদক সূত্রে আরও জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি–বাণিজ্য এবং বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়া সৌমিত্র শেখরের বিরুদ্ধে এক ঠিকাদারের সোনালী ব্যাংকের আমানত রূপালী ব্যাংকে স্থানান্তরে প্রতি কোটিতে ৫০ হাজার টাকা করে কমিশন আদায়, গাড়ির জ্বালানির জন্য বরাদ্দ দেওয়া সরকারি তহবিল আত্মসাৎ এবং অবৈধ অর্থে শেরপুরে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার অভিযোগ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় একাধিক ফ্ল্যাটের মালিকানা এবং শেরপুরে সম্পত্তির প্রমাণও পেয়েছে দুদক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আড়াই বছরের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে’

    নিজস্ব প্রতিবেদক
    ২১ অক্টোবর, ২০২৪ ১৯:৩০
    নিজস্ব প্রতিবেদক
    ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে’

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। স্বয়ং রাষ্ট্রপতি জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে তার কিছু জানা নেই। সে সময় চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী জানালেন কোথায় সেই পদত্যাগপত্র।

    সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে চলচ্চিত্রকার ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’

    সেখানে এক অনুসারী মন্তব্য করেছেন, “অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে জল ঘোলা কারীদের শনাক্ত করা খুবই সহজ! কষ্ট করে পোস্টের রিয়্যাকশন চেক দিতে হবে শুধু।”

    শনিবার (১৯ অক্টোবর) মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। সাক্ষাৎকারটি মানবজমিন পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ 'জনতার চোখ'-এ প্রকাশিত হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নতুন কোষাধ্যক্ষসহ ২জন উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

      নিজস্ব প্রতিবেদক
      ২১ অক্টোবর, ২০২৪ ১৯:১০
      নিজস্ব প্রতিবেদক
      নতুন কোষাধ্যক্ষসহ ২জন উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

      রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুই উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

      নিয়োগপ্রাপ্তরা হলেন- উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়ার রহমান।

      প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। দুই উপ-উপাচার্যদ্বয় বর্তমান পদের সমপরিমাণ এবং কোষাধ্যক্ষ অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ অর্থ সম্মানি হিসেবে প্রাপ্য হবেন। তাঁরা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলের কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় তাদের এ নিয়োগ বাতিল করতে পারবেন।

      উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ৮ আগস্ট পদত্যাগ করেন রাবির সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল ইসলাম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক হুমায়ুন কবীর। কোষাধ্যক্ষকে সম্প্রতি অব্যাহতি প্রদান করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দুই ঈদে ১১, দুর্গাপূজায় ২ দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি

        নিজস্ব প্রতিবেদক
        ২১ অক্টোবর, ২০২৪ ১৮:৫৫
        নিজস্ব প্রতিবেদক
        দুই ঈদে ১১, দুর্গাপূজায় ২ দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি

        ডেস্ক রিপোর্ট: দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

        প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি দেওয়া হয়েছে।

        ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর এবং ৭ জুন শনিবার ঈদুল আজহায় এক দিন করে সাধারণ ছুটি।

        এর সঙ্গে ঈদুল ফিতরের আগের দুই দিন ও পরের দুই দিন (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ঈদুল আজহার আগের দুই দিন ও পরের তিন দিন (৫ ও ৬ জুন এবং ৮, ৯ ও ১০ জুন) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

        এ ছাড়া দুর্গাপূজায় বিজয় দশমীর দিন ২ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি এবং আগের দিন ১ অক্টোবর বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে।

        সাধারণ ছুটি

        ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ এপ্রিল জুমাতুল বিদা, ৩১ মার্চ ঈদুল ফিতর, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৭ জুন ঈদুল আজহা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

        নির্বাহী আদেশে সাধারণ ছুটি

        ১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২৮ মার্চ শবে কদর, ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ৫ ও ৬ জুন দুই দিন এবং পরে ৮ থেকে ১০ জুনসহ মোট পাঁচ দিন, ৬ জুলাই আশুরা এবং ১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে ৩ হাজার ডিম বিতরণ

          নিজস্ব প্রতিবেদক
          ২১ অক্টোবর, ২০২৪ ১৮:৩১
          নিজস্ব প্রতিবেদক
          ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে ৩ হাজার ডিম বিতরণ

          বাকৃবি প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “বিশ্ব ডিম দিবস ২০২৪” পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দে জানিয়েছেন, এবছর দিবসটি উপলক্ষে স্কুল, মাদরাসা ও সাধারণ মানুষের মাঝে ৩ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

          সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সার্বজনীন ডিম খাওয়ানো কর্মসূচির আয়োজন করা হয়। এরপর সকাল ১০টায় পশুপালন অনুষদের গেইটের সামনে কেক কাটা ও সাধারণ মানুষের মধ্যে ডিম খাওয়ানো কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

          পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বাপন দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) বাংলাদেশ এনিমেল হাসব্যান্ড্রি সোসাইটির (বিএএইচএস) সভাপতি মো. মাহবুব হাসান, ব্রিডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি মো. মাহবুবুর রহমান, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী এবং প্রবন্ধের উপর আলোচনা করেন ইউজিসি অধ্যাপক ড. এস. ডি. চৌধুরীসহ ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

          বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে উদ্ভাবিত অধিক উৎপাদনশীল লেয়ার মুরগির প্রজাতি দেশের ডিম উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিম উৎপাদিত হচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ডিমের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উচ্চতর গবেষণা চালানোর আহ্বান জানান তিনি এবং বিশ্ববিদ্যালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।”

          তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করতে টিএসসিতে স্বল্প মূল্যে একটি ডিম, ২টি শশা অথবা মিষ্টি আলুর সমন্বয়ে একটি পুষ্টি প্যাকেজ চালু করার উদ্যোগ নেওয়ার জন্যে ছাত্রবিষয়ক উপদেষ্টাকে আহবান জানান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত