শিরোনাম
সবাই ভিসি হতে চান, কেউ ক্লাসে পড়াতে চান না: শিক্ষা উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ।
সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের শুরুতেই উপদেষ্টা এ কথা বলেন।
বিস্তারিত আসছে...
হত্যা মামলায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঢাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আকরাম খান রাব্বী হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি )ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
রবিবার রাতে পল্লবীর ৭নং সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার তালেবুর রহমান।
ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যার ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছিল। সেই মামলায় ফুয়াদ এজাহারনামীয় আসামি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকালে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আকরাম খান রাব্বীর বাবা অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলাটি রুজু হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, 'মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বী হত্যায় জড়িত ফুয়াদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাবির নবীন শিক্ষার্থীদের বরণ কাল
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ আগামীকাল (৮ অক্টোবর) সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নবীনবরণের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. অবায়দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন নাসিমা আখতার এবং জীববিজ্ঞান অনুষদের ডিন গোলাম মোর্ত্তুজা।
অতিথিদের আলোচনা শেষে দুপুর ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এবিষয়ে নবীনবরণের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আমিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো থেকে গত ২২ সেপ্টেম্বর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টাল ক্লাসের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয়। আমরা আগামীকাল সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ করবো। সেখানে তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করে নিবো।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্ব স্ব ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুধু হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস।
ঢাবিতে আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের মৌন মিছিল
ঢাবি প্রতিনিধি: ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ২০২২ সালের ( ২৪ মে) থেকে নির্বিঘ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচী পালন করছে ছাত্রদল। আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে সংগঠনটি।
সোমবার (৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ সংগঠনটি মৌন মিছিল শুরু করে।
মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলাভবন ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরবর্তীতে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের আবরার ফাহাদ এর ৫ম মৃত্যুবার্ষিকীতে সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।
২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।
ইবিতে কোটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হরিজন, প্রতিবন্ধী ও পোষ্য এবং মুক্তিযোদ্ধা কোটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের আগামী ৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় প্রফেসর ড. আব্দুল হান্নান শেখের অফিস (ব্যবসায় প্রশাসন অনুষদের ৩২৫ নং কক্ষ) উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারে অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, ভর্তি পরীক্ষায় প্রবেশ পত্রের সত্যায়িত ফটোকপি, GST পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ/বোর্ডের সনদপত্রের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলেমেয়েদের মধ্যে যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক পেয়েছে তাদের আগামী ০৯ অক্টোবর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসকের অফিস কক্ষে (প্রশাসন ভবনের নীচ তলায়) সশরীরে পোষ্যের প্রত্যয়নপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃত সকল পুত্র-কন্যার সাক্ষাৎকার আগামী ৯ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৩৭ নং কক্ষে সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনিদের কোটায় আবেদনকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সম্বলিত সনদপত্র অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সাময়িক/মূল সনদপত্র, গেজেটেড অফিসার/স্থানীয় সরকার প্রধানের নিকট থেকে শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রত্যয়নপত্র, সম্পর্কিত ব্যক্তিগণের জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা মার্কসিটের সত্যায়িত ফটোকপিসহ মূল কপিসহ উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য