শিরোনাম
১৬ বছর পর ঢাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি ) ১৬ বছর পর প্রকাশ্যে আসতে শুরু করেছে ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর এক আলোচনা সভার পর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে।
আজ শনিবার (২১সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে নিজের পরিচয় তুলে ধরেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে তিনি লেখেন, এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র-জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোন রাজনীতিই না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্ররাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতের ছাত্ররাজনীতিতে মত-দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোন হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না। কোনো গেস্টরুম, গণরুম থাকবে না। চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্ররাজনীতি। মধুতে ভিন্নমতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্রসংসদ ভিত্তিক ছাত্ররাজনীতি।
গণতান্ত্রিক দেশে ভিন্নমতের প্রতি থাকবে সম্মান কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে সজাগ ও পূর্ণ দৃষ্টি রাখতে হবে বলে হবে জানিয়ে তিনি আরও লেখেন,এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্ররাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা গেলেও ছাত্রশিবিরের কোনো নেতা কে প্রকাশ্যে রাজনীতির মঞ্চে দেখা যায়নি।
ঢাবিতে দিনব্যাপী চলছে সিরাত মাহফিল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'সিরাত মাহফিল'। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ মাহফিল শুরু হয়।
সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মাহফিলটি রাত ৮টা পর্যন্ত চলবে।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার, ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা, বিশিষ্ট কবি ও লেখক মাওলানা মুসা আল হাফিজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মোখতার আহমাদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত থাকবেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শামছুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হবে। দুপুর থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন এবং আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সকালে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির আহমেদ।
বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে দ্বিতীয় পর্ব চলবে রাত আটটা পর্যন্ত। এই পর্বে 'জলসায়ে ইশকে মুহাম্মাদ (সা.)' শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন ইসলামি সাংস্কৃতিক ঘরানার আলোচিত শিল্পীগোষ্ঠী কলরব, সাইমুম, সিলসিলা ও হেভেন টিউন। সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আবু উবায়দা, শেখ এনাম, হুজায়ফা মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানস্থল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রায় চার হাজার শ্রোতার জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্যদের জন্য টিএসসির পার্শ্ববর্তী পায়রা চত্বরে ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ্য, যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।
এক খবরে হিন্দুস্তান টাইমস বলছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
ঢাবিতে হত্যাকাণ্ড: ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট পরিবর্তন, সিট বাতিল ৮ জনের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুমকে পরিবর্তন করা হয়েছে।
আজ( ২১ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত ৮জন ছাত্রের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ৮জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল- মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
কাল থেকে কাজে যোগদান করবেন জাকাকানইবি উপাচার্য
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন বলে জানিয়েছেন উপাচার্য। সেইসাথে এসেই কার্যক্রম শুরু করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এবিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামীকালই (রবিবার) আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছি এবং কার্যক্রম শুরু করবো। সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মঙ্গল করার জন্য এবং উন্নতির জন্য কাজ করবো। কেউ যেন কারো প্রতি ইনজাস্টিস না করে সেই বিষয়টিও দেখবো।
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। এছাড়া তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করবেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য