ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৪ ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক
কোটা বাতিলের দাবিতে ফের শাহবাগ অবরোধ

২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে হাইকোর্ট অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার (২ জুলাই) বিকেল পৌনে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল পৌনে ৫টায় অবরোধ তুলে নেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কোটা বিরোধী আন্দোলন:জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিজস্ব প্রতিবেদক
    ৩ জুলাই, ২০২৪ ১৭:৩২
    নিজস্ব প্রতিবেদক
    কোটা বিরোধী আন্দোলন:জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    নিজস্ব প্রতিবেদক: কোটা প্রথা বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনে বৃষ্টিকে উপেক্ষা করে পুরান ঢাকার তাঁতীবাজারে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

    বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটায় জবি ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরান ঢাকার তাতীবাজারে রাস্তা অবরোধ করে সড়কেই অবস্থান নেন শিক্ষার্থীরা।

    এসময় শিক্ষার্থীদের ‘নো কোটা, নো ডিসক্রিমিনেশন’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ সহ বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটা বিরোধী এসব স্লোগান দিতে শোনা যায়।

    আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোহান বলেন, আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। মুক্তিযুদ্ধকে পুঁজি করে এক শ্রেণির মানুষ লাভবান হবে সেটি মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে কোটা পদ্ধতি স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে। এমন দাবির পেছনে শিক্ষার্থীদের অনেক কারণ আছে। আমরা মনে করি, কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।

    আরেক শিক্ষার্থী মেহেরুন্নেসা হিমু বলেন, আমরা চাই আমাদের দেশে নারী কোটা সহ যত ধরনের কোটা আছে সব বাতিল করা হোক। কারণ আমরা নরীরা এখন আর মেধার দিক থেকে পিছিয়ে নেই। চাকরির বাজারে যদি মেধার যথাযথ মূল্যয়ন না করা হয় তাহলে সেটা হবে ভবিষ্যতের জন্য অশনী সংকেত। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

    ৪ দফা দাবিতে এ আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় :

    ১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

    ২. ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

    ৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

    ৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কোটা বাতিলের দাবিতে চবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

      নিজস্ব প্রতিবেদক
      ৩ জুলাই, ২০২৪ ১৬:২৪
      নিজস্ব প্রতিবেদক
      কোটা বাতিলের দাবিতে চবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

      চবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

      শিক্ষার্থীরা বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসলেও বুধবার (৩ জুলাই) এ আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করার পাশাপাশি চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে।

      এদিন দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এসময় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানানো হয়।

      পরে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কাটা পাহাড় ও জিরো পয়েন্ট মোড় হয়ে ১ নং গেইট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় সড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।

      মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশে শিক্ষার্থীদের “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে”, “মেধা না কোটা? মেধা- মেধা”, “মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে ” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

      আন্দোলনকারীরা এসময় বিভিন্ন দাবি জানান। দাবিগুলো হলো- ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

      এসময় আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করার ঘোষণা দেন। পাশাপাশি দাবি পূরণ করা না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র‍্যাঙ্কিংয়ে ৫৬০তম ঢাবি

        নিজস্ব প্রতিবেদক
        ৩ জুলাই, ২০২৪ ১৫:৫৬
        নিজস্ব প্রতিবেদক
        ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র‍্যাঙ্কিংয়ে ৫৬০তম ঢাবি

        মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের ২০২৪-২৫ বর্ষের বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৬০তম। এই তালিকায় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে।

        গত ২৫ জুন এই র‌্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শতাধিক দেশের ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয়। ইউএস নিউজ ২০১৪ সাল থেকে বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

        র‌্যাঙ্কিং থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০-এর মধ্যে ৫২ দশমিক ৩০ স্কোর নিয়ে ৫৬০তম স্থানে আছে (এশিয়ায় ১৪৬তম)। ৪১ দশমিক ৩০ স্কোর নিয়ে ১ হাজার ৭৬তম রাজশাহী বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৩৪২তম), ৩৫ দশমিক ৭০ স্কোর নিয়ে ১ হাজার ৩৯৬তম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৪৮৮তম), ৩৫ দশমিক ৫০ স্কোর নিয়ে ১ হাজার ৪১৪তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৫০০তম) এবং ২৯ স্কোর নিয়ে ১ হাজার ৭৭৫তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৬৮৯তম)।

        ১৩টি মানদণ্ডের আলোকে বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাঙ্কিং করে থাকে ইউএস নিউজ। মানদণ্ডগুলো থেকে নির্দিষ্ট শতাংশ নম্বর নিয়ে সামগ্রিক স্কোর তৈরি করা হয়।

        মানদণ্ডগুলো হলো- গবেষণায় বৈশ্বিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), গবেষণায় আঞ্চলিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), প্রকাশনা (১০ শতাংশ), গ্রন্থ (২ দশমিক ৫০ শতাংশ), সম্মেলন (২ দশমিক ৫০ শতাংশ), নরমালাইজড উদ্ধৃতি প্রভাব (১০ শতাংশ), মোট উদ্ধৃতি (৭ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার সংখ্যা (১২ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (১০ শতাংশ), দেশ হিসেবে তুলনামূলক আন্তর্জাতিক সহযোগিতা (৫ শতাংশ), নির্দিষ্ট একাডেমিক শৃঙ্খলায় সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা গবেষণা নিবন্ধের সংখ্যা (৫ শতাংশ) ও সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (৫ শতাংশ)।

        ইউএস নিউজের এই র‍্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে ১০০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টিই যুক্তরাষ্ট্রের। ৩টি আছে যুক্তরাজ্যের। এই তালিকায় চীনের ৪২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ১৪০টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, সবগুলোর অবস্থানই ৬০০-এর পরে। আর পাকিস্তানের ৩২টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। যার মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় সেরা ৬০০-এর মধ্যে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

          নিজস্ব প্রতিবেদক
          ৩ জুলাই, ২০২৪ ১৪:১৫
          নিজস্ব প্রতিবেদক
          শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

          সার্বজনীন পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

          আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

          নিজামুল হক ভূঁইয়া বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল সকালে বৈঠক হবে। তবে এখনও সময় জানানো হয়নি।

          আন্দোলন চলমান থাকবে কিনা জানতে চাইলে এ শিক্ষক নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

          এদিকে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত