শিরোনাম
তীব্র তাপদাহের কারণে নোবিপ্রবিতে অনলাইন ক্লাস
নোবিপ্রবি প্রতিনিধিঃ সারাদেশে প্রবাহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (২৫ এপিল) পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২২ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাস-পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের ও স্থানীয় তাপমাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে অনলাইন ক্লাস বিষয়ক পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্টদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা
নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভুক্ত তিনটি ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে তিন ধাপে ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ২৪ এপ্রিল ঘোষিত বিভাগসমূহের পরীক্ষা চলবে।
সোমবার (২২ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, গুচ্ছ পদ্ধতির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটের এবং ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ২৪-২৭ এপ্রিল , ১-৩ মে ও ৯-১১মে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
খুবি অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উৎসবের তারিখ ঘোষণা
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী ও পুনর্মিলনীর তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথম পুনর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠানটি বর্ণিল আয়োজনের অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অর্থনীতি ডিসিপ্লিন অ্যালামনাই শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৪শে মে (শুক্রবার)।
এ রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষ্যে ডিসিপ্লিনের ৯৯ ব্যাচ থেকে শুরু করে ২৩ ব্যাচের সকল শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত থাকবেন।
খুবি অর্থনীতি ডিসিপ্লিনের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলবে ১৪ এপ্রিল - ৪ মে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তীব্র তাপদাহে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
কুবি প্রতিনিধি : তীব্র তাপদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোন বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এরমধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলবে।
তাঁরা আরও জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে পরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে গোসল করতে নেমে মুহাম্মদ সোয়াদ (১৯) নামে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
সোমবার (২২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিং পুলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টায় মৃত ঘোষণা করেন।
সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। তিনি দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র। থাকতেন হাজী মোহাম্মদ মহসিন হলে। তার সাঁতার জানা ছিল বলে জানিয়েছে সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছে তা জানাতে পারেনি।
হাসপাতালে নিয়ে যাওয়া সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল। তখন তারা দেখতে পান, পুলের পাড়ে সোয়াদকে ঘিরে আছে সবাই। এগিয়ে গেলে জানতে পারেন, পুলের পানিতে ডুবে গিয়েছিল সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য