শিরোনাম
ইবিতে প্রথম বর্ষের ক্লাস ২ সেপ্টেম্বর, র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের ২৭ থেকে ২৯ আগষ্টের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গত বছরের তুলনায় আমরা এবার অনেক আগেই ক্লাস শুরু করতে যাচ্ছি। যার ফলে আমি মনে করি ভবিষ্যতে সেশনজট সমস্যা কাটিয়ে উঠা যাবে।
উপাচার্য আরও বলেন, র্যাগিং এর বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের এন্টি র্যাগিং কমিটি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং শব্দটি রাখতে চাইনা।
সেন্ট্রাল ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব ওরিয়েন্টেশন করার এবং খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আমরা বসবো।
সবশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাই একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের তারা শুধু পরিশ্রম করে লেখাপড়া করবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ বাসীর কাছে পরিচিত করে তুলবে।
যবিপ্রবিতে খাদিজার মুক্তির দাবিতে ছাত্র ইউনিয়নের মশাল প্রজ্জ্বলন
যবিপ্রবি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বছর ধরে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে মশাল প্রজ্জ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংসদ। এসময় তাঁরা রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।
রবিবার (২৭ আগস্ট) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদ। এসময় তারা Free Khadija, freedom of expression, 365 days of injustice, গণমাধ্যমের স্বাধীনতা চাই ইত্যাদি স্লোগান প্লাকার্ডে লিখে নিয়ে অবস্থান করেন।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থাকেন্দ্রিক খাদিজার করা প্রশ্নগুলো কোনো অপরাধ হতে পারে না। এই রাষ্ট্রের নাগরিকদের কথা বলার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, জবাবদিহিতা চাওয়ার স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে৷ আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদের পক্ষ থেকে খাদিজাতুল কুবরার মুক্তি চাই।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিতার্কিক খাদিজাতুল কুবরা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ৩৬৫ দিন যাবৎ কারাগারে আটক আছেন। কিডনিতে পাথরসহ নানারকম শারীরিক উপসর্গে আক্রান্ত থাকার পরও বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে।
পাশাপাশি তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা না করে, এমনকি মামলার রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য নির্দিষ্ট কনডেম সেলে খাদিজাকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খাদিজার মামলাটি যে ভিডিওর ভিত্তিতে করা হয়েছে সেখানে দেখা যায়, উপস্থাপক হিসেবে খাদিজা প্রশ্ন করেছেন, 'আইনশৃঙ্খলার বর্তমান অবনতি ও সামাজিক অবক্ষয় সম্পর্কে আপনার মতামত কী?', 'ছাত্র রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ?', 'আপনি কি মনে করেন বিএনপি বিরোধী দল হিসেবে তার ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে?'
জাবিতে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের আবহাওয়া স্টেশন উদ্বোধন
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে।
জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এ স্টেশনটি করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বেলা দশটায় বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সম্মুখে জিও পার্কে এ স্টেশন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এ স্টেশন প্রতিষ্ঠার ফলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষা-গবেষণার মান বৃদ্ধি পাবে। এতে বিভাগের জলবায়ু গবেষণার ক্ষমতা বাড়বে। জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘ দিনের। উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ জাপানের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।"
এছাড়া উপাচার্য ভবিষ্যতে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের আহবান জানান। এসময় অনুষ্ঠানে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ড. তরু তেরাও বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সঙ্গে তাঁর বিশ্ববিদ্যালয়ের দ্বি-পাক্ষিক শিক্ষা-গবেষণা অব্যাহত থাকবে। ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয় পারস্পরিক শিক্ষাও সহযোগিতার সম্ভাবনার নতুন দিক নিয়ে কাজ করবে।"
অধ্যাপক ড. এ.টি.এম শাখাওয়াত হোসেন ও অধ্যাপক ড. তরু তেরাও-এর মধ্যকার চলমান গবেষণার আওতায় স্থাপিত এই যন্ত্র আঞ্চলিক ও স্থানীয় জলবায়ুর তুলনা ও পরিবর্তন পর্যবেক্ষণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ এবং কাগাওয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে স্বয়ংক্রীয় আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়। জাপান সোসাইটি অব প্রমোশনাল সাইন্সের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে বৃষ্টিপাত, বাতাসের দিক ও গতি, তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করতে পারবে। এই স্টেশনটি বায়ু মণ্ডলীয় পরিস্থিতি পরিমাপ করে স্বয়ংক্রীয়ভাবে সার্ভারে ডাটা জমা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. এ.টি.এম শাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মোঃ জুল্লে জালালুর রহমান, অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন, অধ্যাপক মো. এমাদুল হক, অধ্যাপক ড. সৈয়দা ফাহলিজা বেগম, অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মোঃ হাসান ইমাম, সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জয়নাল
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিনের দায়িত্ব পেয়েছেন ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন। তিনি সোমবার (২৮ আগস্ট) থেকে অনুষদের নতুন ডিনের দায়িত্ব পালন করবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। তিনি সদ্য বিদায়ী ডিন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল আলম-এর স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ২ বছর অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন ৫ মার্চ ১৯৬৩ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সিনিয়র অধ্যাপক । তিনি ১৯৮৮ সালে বাকৃবির ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তিনি সর্বশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । অধ্যাপক ড. জয়নাল আবেদীনের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশর (কেআইবি) আজীবন সদস্য। তিনি বাকৃবি আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাকৃবিতে বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটি গঠিত
আমান উল্লাহ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, লক্ষীপুর, ফেনী) সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো মফিজুর রহমান জাহাঙ্গীর সভাপতি এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহিম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো জসিম উদ্দিন ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মেছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ পশুপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক নাবিলা জালাল, যুগ্মসাধারণ সম্পাদক মো জিহাদ আল ফারুক, ফারহান ইশরাক ও মাহাদী আবসার তুর্য, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ, ইকবাল হোসেন ও মো সামসুল আরেফিন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক মো সাইয়্যেদুল মুরছালিন, সমাজ কল্যাণ সম্পাদক মো মাসরুল আহসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরান হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্যামা দেব নাথ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোরশেদা জাহান স্বপ্নীল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকসানা কবির জ্যোতি, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো আবদুল কাইয়ুম।
নতুন দায়িত্ব পেয়ে কমিটির সাধারণ সম্পাদক মেহেদী বলেন, বাকৃবিতে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালী এর সবাই মিলে আমরা একটি পরিবার। পরিবারের সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। পূর্ববর্তী কমিটির সকলে অনেক দায়িত্ব ও নিষ্ঠার সহিত সমিতির কার্যক্রম সম্পাদন করে গেছে। বর্তমান কমিটি সমিতির সকলের সহোযোগিতায় সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং কিভাবে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করা যায় সে লক্ষ্যে কাজ করবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য