ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

এলএলবিতে ৭৫ শিক্ষার্থীর বেশি ভর্তি নয়

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৩ ১৫:৩৯
নিজস্ব প্রতিবেদক
এলএলবিতে ৭৫ শিক্ষার্থীর বেশি ভর্তি নয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (ব্যাচেলর অব’ ল) প্রোগ্রাম এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি আসন সংখ্যা পুনরায় নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এতে বলা হয়, রূপান্তরিত পদ্ধতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি আসন ৫০ থেকে বাড়িয়ে ৭৫ করা হয়। এর বেশী শিক্ষার্থী ভর্তি করা যাবেনা। একইসঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা ১০০ এর বেশী না।

এছাড়া রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫০ জনের অধিক ভর্তিকৃত শিক্ষার্থী প্রতি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। এ জরিমানারা টাকার ৮০ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলকে ও ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ১৩ এপ্রিল দেশের কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে মতামত দিয়েছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী আইনের ডিগ্রি ব্যতীত অন্য কোনো ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মামলার আপিলের পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ জবি শিক্ষার্থী অংকনের রেকর্ড

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ আগস্ট, ২০২৩ ১১:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ জবি শিক্ষার্থী অংকনের রেকর্ড

    সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন। দ্রুততম সময়ের মধ্যে "ফাস্টেস্ট টাইম টু সেটআপ এন্ড টপেল ফাইভ ইরেজার " অর্থাৎ পাঁচটি শোয়ানো রাবার দাঁড় করিয়ে আবার একটির উপর আরেকটি ফেলে দিয়ে তিনি এ রেকর্ড করেন।

    গতকাল বুধবার (২৩ আগস্ট) এ রেকর্ডের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা যায়।

    জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে তিনি নতুন রেকর্ড গড়েন। এর আগে একই বিষয়ে মালয়েশিয়ান নাগরিকের ৩.৬৪ সেকেন্ডের রেকর্ড ছিলো। গত ১৭ মে তিনি এ রেকর্ড করলে ২৩ আগস্ট ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।

    এ বিষয়ে আনন্দ প্রকাশ করে অংকন বলেন, অনুভূতি শব্দে প্রকাশ করার মতো নয়। আমি খুশি, খুব খুব খুশি। প্রায় তিন বছর থেকে চেষ্টা করছি গিনেস বুকে নাম লেখাতে, অবশেষে পেরেছি। ইচ্ছে আছে বাংলাদেশের সর্বোচ্চ গিনেস রেকর্ড হোল্ডার হওয়ার।

    উল্লেখ্য, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ছাড়াও অংকন একজন উপন্যাস লেখক। এ পর্যন্ত তার চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস শূন্য ঠিকানা প্রকাশিত হয় ২০২০ অমর একুশে বইমেলায়, এরপর খোঁপার বাঁধন, দখিনা চিঠি এবং হাওয়া যথাক্রমে ২১,২২ ও ২৩ বইমেলায় প্রকাশিত হয়। বর্তমানে তার আরেকটি উপন্যাসের কাজ চলমান আছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে শেখ জামাল পুরষ্কার পেলেন খুবি শিক্ষার্থী রাফি

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ আগস্ট, ২০২৩ ১১:৩১
      নিজস্ব প্রতিবেদক
      বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে শেখ জামাল পুরষ্কার পেলেন খুবি শিক্ষার্থী রাফি

      বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, খুবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত "বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩" এ "শেখ জামাল পুরষ্কার" পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. সাইমুম ইসলাম রাফি। 'জাতীয় শোক দিবস পালন পরিষদ-২০২৩' কর্তৃক আয়োজিত এ প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

      এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও ক্রেষ্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ১ম পুরষ্কার (বঙ্গবন্ধু পুরস্কার) ১,০০,০০০/- (এক লক্ষ টাকা), ২য় পুরষ্কার (শেখ ফজিলাতুন নেছা মুজিব পুরষ্কার) ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা), ৩য় পুরস্কার (শেখ রাসেল পুরস্কার) ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), ৪র্থ পুরষ্কার +শেখ কামাল পুরষ্কার) ২০,০০০/- (বিশ হাজার টাকা) এবং ৫ম পুরস্কার (শেখ জামাল পুরষ্কার) ২০,০০০/- ( বিশ হাজার টাকা)। মো. সাইমুম ইসলাম রাফি 'শেখ জামাল পুরষ্কার' লাভ করেন। এতে শিল্পকর্মের বিষয় ছিল 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'।

      অনুভূতি প্রকাশ করে মো. সাইমুম ইসলাম রাফি বলেন, ছবি আঁকাটা কেবল আনন্দ লাভের এবং আত্মিক তৃপ্তি অর্জনের কারণ হলেও পরবর্তীতে একজন শিল্প শিক্ষার্থী হিসেবে কোনো প্রকার স্বীকৃতি জুড়ে দেয় উৎসাহ এবং অনুপ্রেরণা। এরমধ্যে একাডেমিক বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে দু'বার পুরষ্কার এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করি। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তঃহল কতৃক শিল্পকর্ম প্রতিযোগিতায়ও পুরস্কৃত হই৷ তবে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারীতে আয়োজিত বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২৩ এ পাওয়া শেখ জামাল পুরস্কার আমাকে এবং আমার বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। বাংলাদেশের স্বীকৃত ও স্বনামধন্য প্রতিষ্ঠানের শিল্পীদের মধ্যে আমার এ অর্জনে আমি আমার বিশ্ববিদ্যালয়, আমার শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

      এছাড়াও ১৫ আগস্টে তার তৈরি শিল্পকর্মটি খুলনা বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে প্রথম পুরস্কার লাভ করে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাবিতে এসআরবিএম ১ম অন্তঃসমাজবিজ্ঞান অনুষদ বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ আগস্ট, ২০২৩ ১১:২৬
        নিজস্ব প্রতিবেদক
        জাবিতে এসআরবিএম ১ম অন্তঃসমাজবিজ্ঞান অনুষদ বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল

        জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে “এসআরবিএম ১ম অন্তঃসমাজবিজ্ঞান অনুষদ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩।” আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

        বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের বিতর্ক সংগঠন ‘সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ (এসআরবিএম)’ এর আয়োজনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে সার্বিক সহযোগিতা করছে সমাজবিজ্ঞান অনুষদ। সমাজবিজ্ঞান অনুষদের সকল বিভাগকে নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক আয়োজন করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

        প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান ভবনের আটটি বিভাগ অর্থাৎ অনুষদভুক্ত অর্থনীতি বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ ও লোক প্রশাসন বিভাগ এবং ভবনভুক্ত আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটি করে মোট ৮টি দল অংশগ্রহণ করতে পারবে।

        প্রতিযোগিতার আহ্বায়ক মো: সাব্বির হোসেন বলেন, ‘এই প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে অন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা যার নাম “এসআরবিএম ১ম অন্তঃসমাজবিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০২৩”। যার কৃতিত্বের দাবিদার সরকার ও রাজনীতি বির্তক মঞ্চ। এই মৌলিক ঘরোনার প্রতিযোগিতাটির আহবায়ক এর দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রতিটি বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আশা করি, সকলের সহযোগিতায় একটি প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হবে’।

        সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, 'সমাজবিজ্ঞান অনুষদকে নিয়ে এই প্রথম কোন বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে৷ আমি এতে অত্যন্ত আনন্দিত। সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সকল বিভাগ এই বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। অন্তঃঅনুষদ এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আশা রাখছি। এই প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চকেও ধন্যবাদ। আশা করছি একটি ভাল বিতর্ক হবে।'

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জাবিতে শুরু হচ্ছে নয়দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ আগস্ট, ২০২৩ ২২:৩৮
          নিজস্ব প্রতিবেদক
          জাবিতে শুরু হচ্ছে নয়দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

          জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ ' শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১ টায় জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই শিল্পকর্ম প্রদর্শনী।

          উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, "বাঙালি শোককে শক্তিতে পরিণত করতে শিখেছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অংশীদার হতে হবে।"

          উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

          এছাড়া অন্যান্যের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলমগীর কবীর, চারুকলা বিভাগের চেয়ারম্যান ফারহানা তাবাসসুম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, প্রদর্শনীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউডা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত