শিরোনাম
স্বার্থপর পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নাম ‘মা’
ক্যাম্পাস প্রতিনিধিঃ মা হচ্ছে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। মা আমাদের জন্মদান করেন, লালন পালন করেন এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে গড়ে তোলেন । মায়ের ভালোবাসা খাঁটি, নিঃস্বার্থ এবং চিরন্তন। মা তার সন্তানদের জন্য তার নিজের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে উৎসর্গ করেন, সর্বদা তাদের অগ্রাধিকার দেন।
মায়েরা আমাদের দুঃখের সময় আমাদের সান্ত্বনা দেয় এবং যখন আমরা হারিয়ে যাই তখন আমাদের পথ দেখায়। তারা আমাদের সবচেয়ে বড় সমর্থক এবং চিয়ারলিডার, সবসময় আমাদের সেরা হওয়ার জন্য চাপ দেয়। মায়েদের আমাদের মধ্যে সেরাটি দেখার একটি অনন্য ক্ষমতা রয়েছে, এমনকি যখন আমরা এটি নিজেদের মধ্যে দেখতে পাই না।
একজন মায়ের ভালবাসা একটি শক্তি যা সমস্ত বাধাকে জয় করতে পারে। এটি এমন একটি বন্ধন যা সারাজীবন স্থায়ী হয় এবং কিছুই কখনও এটি ভাঙতে পারে না। আমরা বৃদ্ধ হতে পারি, কিন্তু আমরা সবসময় আমাদের মায়ের সন্তান হয়ে থাকব।
সেই মা কে আজ বিশেষভাবে স্মরণ করার দিন। আজ মে মাসের দ্বিতীয় রবিবার, বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারটি মা দিবস হিসেবে উদযাপিত হয়। সব দেশে একই দিনে উদযাপন করা হয় এমন নয়। তবে অধিকাংশ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবারকে ‘মা দিবস’ হিসেবে বেছে নেয়া হয়েছে। সে অনুযায়ী আজ বাংলাদেশেও উদযাপন করা হবে মা দিবস। দিবসটি সম্পর্কে কম বেশি সবাই এখন অবগত। বিশেষ করে এ প্রজন্মের ছেলে-মেয়েরা অসীম হৃদয়াবেগ ও ভালবাসায় দিবসটি উদযাপন করে। আজকের মা দিবসে মা থেকে দূরে থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) এর শিক্ষার্থীরা তাদের মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন।
জারিন তাসনিমঃ মা সম্পর্কে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম বলেন -যেখান থেকে সমস্ত ভালোবাসার গল্প শুরু হয়, যেখান থেকে শান্তির গন্ধ ভেসে আসে, যেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় সেই জায়গাটা হলো মা। ৩৫০ কিলোমিটার দূরে থেকেও শুধুমাত্র মেয়ের ভয়েস শুনেই বুঝে ফেলেন তাঁর মেয়ে ভালো নেই তিনিই হচ্ছেন মা। কেউ একজন বলেছিলেন মায়ের ভালোবাসা খরগোশের মতো নরম, বলদের মতো শক্তিশালী। সত্যিই তাই। মা আমাদের জীবনের ধ্রুব সত্য, পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের নিজেদের কষ্টগুলো খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। বিনিময়ে পাই ভালোবাসা, ভরসা, সাহস, প্রেরণা। বাইরে থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় এসে মায়ের মুখটা সবার আগে দেখতে চাওয়াটা যেন আমার একটা অমলিন অভ্যেস। কতকটা বৃষ্টির সময়ে তেলেভাজা খাবারের মতোই অনিবার্য।
আজকে মা দিবসে মা কে নিয়ে লেখার মতো হাজার কথা মনে ভাসলেও কেন জানি কিছু লিখতে পাচ্ছি না। এই দিনটাতে পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আর নিজের মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে একটা উদ্ভট চাওয়া হচ্ছে, আমার মায়ের যেন কখনো বয়স না বাড়ে।
সামিউর রহমান তুর্জঃ মায়ের ভালবাসায় সিক্ত হয়ে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সামিউর রহমান তুর্জ বলেন-"মা" স্বার্থপর পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা,বিশ্বাস ভাঙার রাজ্যে একমাত্র আস্থার প্রতীক। যে মহিয়সী বাঁচতে শেখায়,যার কষ্টের প্রতিটি পৃষ্ঠায় রচিত হয়েছে আমাদের জীবন প্রস্ফুটনের ইতিহাস।
দশ মাস দশ দিনের অসহ্য প্রসব বেদনাকে তাচ্ছিল্য করে যিনি দেখিয়েছেন রঙিন অরুনরাঙা, তার হাত ধরেই আজ নিজের শিকড়কে করেছি আরও শক্ত,নিয়ে গেছি গভীরের অন্তর্জালে। হাঁড়িতে থাকা শেষ ভাতটুকু আমাদের মুখে ঠাঁই হয় তাঁর খিদে কে ফাঁকি দিয়ে। নিজের সুখের শেষ সম্বলটুকু বিলিয়ে দেন গর্ভে লালন করা প্রাণীটির মুখে একটু হাসি ফোটানোর আশায়।
ভালো থাকুক সন্তানের জন্য নিজেকে উজার করে দেয়া প্রতিটি গর্ভধারিণী। মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ ছড়িয়ে যাক অসীমের শেষ দিগন্ত পর্যন্ত,মমতার এক স্নেহের মেলবন্ধনের আদি থেকে অন্তে পূর্নতা পাক হাজারো প্রজায়িনীদের জীবনযুদ্ধের শেষ সাফল্যটুকু।
সাঈদ আফ্রিদিঃ মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ এ ফিশারিজ এন্ড মেরিন বায়ো সাইন্স বিভাগের এর শিক্ষার্থী সাঈদ আফ্রিদি বলেন-মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে। পৃথিবীর সব ধর্মেই মায়ের মর্যাদাকে উচ্চাসীন করেছে। ৩৬৫ দিনের প্রতিটি সেকেন্ডেই মনে করতে চাই ‘মা’ শব্দটিকে। মা, আম্মা, আম্মি, মাম্মি সন্তানেরা যে যেভাবে ডাকুক; এই শান্তির ডাক শতকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাবে না। বিভিন্ন ভাষাভাষীর সন্তানের কাছে ‘মা’ ডাক শব্দটি কতই না আপন। প্রথম দিন থেকে জীবনের শেষ পর্যন্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। মা তাই আমাদের কাছে অতুলনীয়, তিনি অনন্য। কিন্তু সেই অতুলনীয় মানুষটিকে অনেক সময় তাঁদের সন্তানেরা উপযুক্ত প্রতিদান দিতে ব্যর্থ হয়। তখনো মা আগের মতোই তাঁর সন্তানের জন্য মঙ্গল কামনা করেন।
তেীফিকুল ইসলাম লিমনঃ বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তেীফিকুল ইসলাম লিমন মা কে নিয়ে বলেন - Sacrifice , Compromised , Love and Attraction,Caring শব্দ গুলোর ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট শব্দ । আর এতো বড়ো এই পৃথিবীর , এতোগুলো মানুষ, এতো গুলো কাছের মানুষের মাঝে যদি শব্দগুলোর পূর্ণতা পূর্ণভাবে খুঁজতে যায় তখন সবগুলো মানুষের মধ্যেই যেন কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়, সেই পূর্ণতা পায় একজন মানুষের মধ্যে,সেটা হলো,,''মা''। পৃথিবীতে যদি শান্তি খুঁজি তাহলে সেটা মায়ের কোল ছাড়া আর দ্বিতীয় কোনো স্থানে খুঁজে পাওয়া যাবে না।। ''মা'' কি? যদি প্রশ্ন করে উত্তর টা জানতে চাওয়া হয় তখন উত্তর শুধু একটাই থাকে ''মা হলো জীবনের পূর্ণতা"। যখন কষ্টে থাকি তখন সবার সাথে অভিনয় করে বোঝায় আমি অনেক ভালো আছি! কিন্তু মা একটু কথা শুনেই প্রশ্ন করে " কি হয়েছে? মন খারাপ কেন? এইজন্যই হয়তো, আল্লাহ তায়ালা সব থেকে বড়ো উপহার "মা"।ভালোথাকুক পৃথিবীর সকল মা।
ঘূর্ণিঝড় মোখা: স্থগিত নোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা
নোবিপ্রবি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-উপাচার্য বলেন, "আগামী ১৪ মে (রবিবার) আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। আগামীকাল এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জাল সনদ : যবিপ্রবির ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত, দুজনকে বাধ্যতামূলক অবসর
যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত আট জন কর্মকর্তা ও কর্মচারীর সনদ জাল পাওয়ায় গঠিত তদন্ত বোর্ডের প্রতিবেদন অনুযায়ী তাদের গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে ছয় জনকে বরখাস্ত ও দুজনকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ শনিবার দুপুরে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯০তম সভায় এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এর আগে সনদ যাচাই সংক্রান্ত তিনটি আলাদা কমিটি ৮২তম রিজেন্ট বোর্ডে তাদের প্রতিবেদন পেশ করে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তদন্ত বোর্ড গঠন করা হয়। এ রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত বোর্ড তাদের প্রতিবেদন পেশ করে। পরবর্তীতে রিজেন্ট বোর্ড ঘটনার সত্যতা পাওয়ায় জাল সনদধারী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং অনেকে সশরীরে সভায় অংশ নেন।
রিজেন্ট বোর্ডের সভায় টেকনিক্যাল অফিসার মো. জাহিদ হাসান (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-১) মো. জাহাঙ্গীর আলম (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-২) মো. সাকিব ইসলাম (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা (স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়), সিনিয়র ক্লিনার দিলীপ হরিজন (অষ্টম শ্রেণি), ক্লিনার বাসুদেব দাস (অষ্টম শ্রেণি) গুরুদণ্ডের শাস্তি স্বরূপ বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সেকশন অফিসার (গ্রেড-১) মো. মহিদুল ইসলাম (স্নাতকোত্তর, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়), মেকানিক মো. জাকির হোসেন (স্নাতকোত্তর, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়)-কে গুরুদণ্ডের শাস্তি স্বরূপ বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম (স্নাতক, দারুল ইহসান বিশ্ববিদ্যলয়)-এর বিষয়ে তদন্ত বোর্ডের প্রতিবেদন গ্রহণ করা হলেও আইনি জটিলতা থাকায় তা বিশ্ববিদ্যালয় নিয়োগকৃত আইনজীবীর নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
রিজেন্ট বোর্ডের সভায় জানানো হয়, যবিপ্রবির উপ-পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামানের নিয়োগ সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রিজেন্ট বোর্ডের সভায় এ প্রতিবেদন গ্রহণ করে, বিধি অনুযায়ী তা তিন সদস্যবিশিষ্ট তদন্ত বোর্ড গঠন পূর্বক সেখানে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসঙ্গে যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুনকে মারধরের ঘটনা গভীরতা বিবেচনায় নিয়ে যবিপ্রবির নিরাপত্তা সুপারভাইজার মো. বদিউজ্জামান বাদলের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রাখা হয়। একইসঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রিজেন্ট বোর্ডের সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একইসঙ্গে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় অগ্নি নির্বাপণে সাহসী ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসাইন ও আব্দুল্লাহ আল নোমান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শেখ সাদী ভূইয়াকে ধন্যবাদ প্রদান করা হয়।
যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়া, যুগ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো: সলিমুল্লাহ, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. গোলাম শাহী আলম, ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. এ. রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব, যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, রিজেন্ট বোর্ডের সচিব ও যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
খুবি শিক্ষার্থিদের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) "চলুন গাছ লাগানোর অভ্যাস গড়ি " শ্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে। জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে তখন এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ মে ) বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হলের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। আরও গাছ অবশিষ্ট রয়েছে সেগুলো শিক্ষকদের সাথে পরামর্শ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপণ করা হবে জানা যায়।
আয়োজকরা জানান, "আমরা প্রত্যেকে নিজেরদের অবস্থান থেকে একটি করে গাছ লাগাবো এবং নিজেরাই সেই গাছের সার্বিক দেখাশোনা ও পরিচর্যা করে গাছটিকে বড় করে তুলবো। সকলের সম্মিলিত অংশগ্রহণেই সৃষ্টি হবে সবুজের সমারোহ, যেনো দেখে মনে হবে নীল আকাশের নীচে গালিচা পেতে আছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রাহুল কুমার সরকার বলেন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তিনি জানান, প্রতিবারই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক গাছ লাগানো হয় কিন্তু যত্নের অভাবে মরে যায়। তাই আমাদের উদ্দেশ্য প্রত্যেকেে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের যত্ন সে নিজেই করে গাছটিকে বড় করে তুলবে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী করে তুলবো যেনো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সবুজ ক্যাম্পাস উপহার দিতে পারি।
খুবির এমসিজে ডিসিপ্লিনের নতুন প্রধানকে বিজেএসসি'র ফুলেল শুভেচ্ছা
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের নবনিযুক্ত প্রধান মামুন অর রশিদকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ডিসিপ্লিন প্রধানের কক্ষে সম্মাননা প্রদান এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান সভাপতি সাদমান সাকিব, প্রাক্তন সভাপতি ইবনুল হাসান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সিনিয়র সহ সভাপতি নওরিন আহমেদ নোভা, সহ সভাপতি আল আরাফ মাহেদি প্রিতম, অর্থ সম্পাদক মায়মুনা জামান আলভী, নারী বিষয়ক সম্পাদক ইয়াসনিয়া বুলবুল মুনিয়া, সাংগঠনিক সম্পাদক আ.স.ম. মোহাইমিনুল ইসলাম সহ খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২ মে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান হিসেবে দায়িত্ব বুঝে নেন একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ। এর আগে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ২০২১ সালের ১৩ জুন পর্যন্ত তিনি ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১২ জানুয়ারি তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে যোগদান করেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য