শিরোনাম
ইবিতে ছাত্রলীগের ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপিতে যা আছে
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ক্যাম্পাসের নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৯ মে) দুপুর ১ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপির মাধ্যমে এসব দাবি জানান তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখিত ৩৩ দফা দাবিগুলো হলো: গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, আবাসিক হলের লাইব্রেরিতে মানসম্মত বই ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায়, হলের খাবারের মান বৃদ্ধি, আবাসিক সংকট নিরসন, আবাসিক হল ও ভবনসমূহে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত ও মানসম্মত ওয়াশরুম নিশ্চিতকরণ, মেগা প্রজেক্ট দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন, শ্রেণিকক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সংকট নিরসন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের প্রাচীর সংস্কার ও মেরামত, টিএসসিসিতে নিয়মিত সভা-সেমিনারের ব্যবস্থা, পরিবহন ভোগান্তি নিরসন, চিকিৎসা কেন্দ্রে মানসম্মত ও জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসন ও উক্ত অফিস ডিজিটালাইজেশন, ব্যাংকে ই- ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত, সার্টিফিকেট উত্তোলনের ভোগান্তি নিরসন ও উক্ত অফিস ডিজিটালাইজেশন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করণ, প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত, মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ছাত্রকল্যাণ তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ, জাতীয় স্থাপনাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত, টিএসসিসি সার্বক্ষণিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণ, কেন্দ্রীয় লাইব্রেরি সকল শিক্ষার্থীর জন্য সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা, সকল শিক্ষার্থীর জন্য আধুনিক স্মার্ট কার্ড নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদকরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বের ব্যপারে জবাবদিহিতা নিশ্চিত, বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল ওয়েবসাইটে অনলাইনে প্রকাশ, নিরাপদ পানি নিশ্চিত করণ ও উপরোক্ত সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীরা।
স্মারক লিপি প্রদানকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো আমাদের দলীয় কার্যালয়ে আলাপ আলোচনা করেছি। এখন পর্যন্ত ৩৩ টা অসঙ্গতি এবং সংকট সনাক্ত করেছি। আশাকরি এই দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকরা সমাধানের চেষ্টা করবেন। এমন কাজে শাখা ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আপনাদের দাবি দাওয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমরা বিষয় গুলো দেখবো। এগুলো করতে পারলে আমাদেরও স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। এগুলো সবগুলোই বিবেচনায় নেয়া হলো এবং আমরা এগুলা করব। এজন্য আমাদের আপনাদের সকলের সহযোগিতা দরকার।’
শাওনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবী জবি শিক্ষক সমিতির
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জবিশিস)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠিও পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকার ধূপখোলা বাজারের রাস্তার পাশে ওয়াসার পানির লাইন স্থাপনের সময় গ্যাসলাইন ছিদ্র হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে গুরুতর দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে সকালে ইন্তেকাল করেছেন। প্রিয় শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আরও বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মেহেদী হাসান শাওনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে।
এর আগে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে তিতাসের গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণের দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়েছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দিন কাঁচা বাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার করা শেষে বাসায় ফেরার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তিনি দগ্ধ হয়েছিল। এ ঘটনায় শাওন সহ আরও আট জন দগ্ধ হয়।
ঈদের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে
বেরোবি প্রতিনিধি: টানা ৩৩ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্লাস শুরু হবে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা।
সোমবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা।
তবে, গতকাল রবিবার (৭ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোহাম্মদ আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ রয়েছে ৯ এপ্রিল (রবিবার) থেকে আজ ৮ মে (সোমবার) পর্যন্ত। তবে আবাসিক হলগুলো খোলা ছিল। গতকাল ৭ মে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে।
এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।
রাষ্ট্রপতির সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য জনাব মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আজ সমবার (৮ই মে) দুপুর ১২ টায় উপাচার্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। এসময় উপচার্য রাষ্ট্রপতির হাতে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে তাঁকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। এরপর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাসমূহ তাঁর হাতে তুলে দেন। রাষ্ট্রপতি উপাচার্যকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে তাঁর পাশের আসনে উপবেশন অনুমোদন করেন।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি নজরুল বিশ্ববিদ্যালয়ের কিছু স্থিরচিত্র অবলোকন করেন এবং তিনি ভবনসমূহ ও ক্যাম্পাসের সৌন্দর্য অনুধাবন করে আনন্দ প্রকাশ করেন।
জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নজরুলের জীবনদর্শন প্রতিটি ছাত্রছাত্রীকে পাঠ করতে হয় জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। গবেষণামেলা, ইন্টারন্যাশনাল কনফারেন্স, রিসার্চ জার্নাল প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বের বিষয়ে বলেন। উপাচার্য রাষ্ট্রপতির কাছে টুইন ক্যাম্পাসের ধারণা তুলে ধরলে তিনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, "নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি থাকা দরকার।"
শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন অধ্যাপক রাশেদ তালুকদার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য