ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:২৫
নিজস্ব প্রতিবেদক
ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্নে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোবারক হোসেন, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত সবাই ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্তের দ্রুত বিচারের দাবি করে স্লোগান দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা একই দাবিতে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, একজন নারী শিক্ষার্থীর সাথে এমন ঘটনা ঘটা আসলেই দুঃখজনক। এরআগেও গত বছর এমন ঘৃণিত কাজ সংঘটিত হয়েছে।জাতির জনকের পুণ্যভূমিতে এসব দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, গত শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) এক ছাত্রীকে টিউশনির কথা বলে স্থানীয় আইনজীবী আলমগীর হোসেন বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওঠে । পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অপরাধীর দ্রুত শাস্তি চেয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    স্মার্ট শিক্ষাই গড়বে স্মার্ট বাংলাদেশ- ডা. দীপু মনি

    নিজস্ব প্রতিবেদক
    ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১৯
    নিজস্ব প্রতিবেদক
    স্মার্ট শিক্ষাই গড়বে স্মার্ট বাংলাদেশ- ডা. দীপু মনি

    বাকৃবি প্রতিনিধিঃ সমাবর্তন প্রতিটি বিশ্ববিদ্যলিয়ের ভাব গাম্ভীর্যময় একটি অনুষ্ঠান। এটি একটি প্রতীকী অনুশাসন যার মাধ্যমে বাস্তবতার মুখোমুখি হন গ্র্যাজুয়েটরা। এই সদ্য গ্র্যাজুয়েটদের সকলকে স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট শিক্ষাই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। আর স্মার্ট নাগরিকরা তৈরি করবে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তনে সমাবর্তন বক্তার বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে (কেন্দ্রীয় খেলার মাঠ) অনুষ্ঠিত হয় সমাবর্তন।

    এ সময় সদ্য কৃষিবিদদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, 'শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য সমাবর্তন খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সমাবর্তন গ্র্যাজুয়েটদের সামাজিক দায়বদ্ধাতা নিয়েও সচেতন করে। আমি যদি ভুল না করি তাহলে এই প্রথম বাকৃবির সমাবর্তনে সভাপতিত্ব করছেন একজন কৃষিবিদ। এই বিষয়টি সমাবর্তনে ভিন্ন একটি মাত্রা যোগ করেছে। সমাবর্তনকে ঘিরে গ্র্যাজুয়েটদের অনেক স্বপ্ন জড়িয়ে থাকে। আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নের বাস্তবায়নের জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমাদের সততা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা অর্জনের চেষ্টা করতে হবে। এই চেষ্টাগুলো নিয়েই আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে।'

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় কৃষি অনুষদের করিডোর থেকে একটি সমাবর্তন র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবর্তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জাতীয় সংগীত, অতিথিদের আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরবর্তীতে কৃষিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের সূচনা করেন।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় তিনি বলেন, 'কৃষির সম্প্রসারণ এবং কৃষির সবুজ বিপ্লব আজ গতি পেয়েছে কৃষিবিদদের অবদানে। কৃষিবিদদরা এখন দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা বিধান করছে। দেশ আজ উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। স্মার্ট বাংলাদেশ হবে উদ্ভাবনী বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নতির জন্য এখন বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য বিমোচিত হবে। ২০৪১ সালে দেশ হবে সুখি, সমৃদ্ধ দেশ। কৃষিবিদ হিসেবে তোমাদের দায়িত্ব অনেক। কৃষির সকল সেক্টরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট এবং শিক্ষকসহ সকলে কাজ করে যাচ্ছে।'

    পরবর্তীতে বাকৃবির উচ্চশিক্ষা কো-অর্ডিনেট এবং নিজ নিজ অনুষদের ডিনরা ডিগ্রি প্রদানের জন্য অনুষ্ঠানের সভাপতির কাছে আবেদন করেন। এ সময় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে মোট ৬ হাজার ৫’শ ২১ জনকে ডিগ্রি এবং ২’শ এক জনকে স্বর্ণপদক প্রদানের ঘোষণা করা হয়।

    সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, 'আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণের মাধ্যমে নবীন গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে প্রবেশ করেন। আমাদের সকল কার্যক্রম কৃষিকে কেন্দ্র করে। কৃষির সম্ভাবনা অনেক বেশি। ১৯৭৩ সালের ১৩ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেন। সেই ধারাবাহিকতায় কৃষির উন্নয়নে কৃষিবিদরা কাজ করে যাচ্ছে। বর্তমানে ধান উৎপাদনে বিশ্ব বাংলাদেশ ৩য়, পাট উৎপাদনে ২য় এবং চা উৎপাদনে ৪র্থ। বর্তমানে সবজির উৎপাদন বেড়েছে প্রায় ৭ গুণ। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। সকল প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম-১, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও অন্য শিক্ষক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি অভি, সম্পাদক তুহিন

      নিজস্ব প্রতিবেদক
      ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৫
      নিজস্ব প্রতিবেদক
      রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি অভি, সম্পাদক তুহিন

      রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি কামরুল হাসান অভিকে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি শাহাজালাল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

      রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

      কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ওবাইদুল্লাহ রকি (দৈনিক আমাদের অর্থনীতি) ও মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ শোয়াইব শুভ (দ্যা বাংলাদেশ এক্সপ্রেস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব (রাজশাহী প্রতিদিন)। কার্যনির্বাহী সদস্য হয়েছেন- মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন), আশিকুল ইসলাম ধ্রুব (ইত্তেফাক) ও জুবায়ের জিসান (ঢাকা পোস্ট)।

      ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছনাত আলী, সদ্য বিদায়ী সভাপতি বেলাল হোসাইন বিপ্লব ও সাধারণ সম্পাদক আবু সাইদ সজল, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন ও মামুনুর রশীদ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সেকেন্ড টাইম সুযোগ থাকছে রাবিতে

        নিজস্ব প্রতিবেদক
        ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৭
        নিজস্ব প্রতিবেদক
        সেকেন্ড টাইম সুযোগ থাকছে রাবিতে

        সাঈদ মঈন: আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবারও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        রোববার (১২ ফেব্রুয়ারি) রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উপকমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

        জানা গেছে, ভর্তি পরীক্ষার উপকমিটির সভায় সেকন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সকলেই একমত পোষণ করেছেন। বিষয়টি ভর্তির মূল কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত বছরের ন্যায় এবারও সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকবে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন।

        এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

        সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবিতে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবিতে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

          পুলক আহমেদ, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন।

          কলা অনুষদের ডিন ও সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, বইমেলার এই আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মের মাঝে বইপড়ার প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখারও আহবান জানান উপাচার্য।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান ও বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ।

          একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ও গুনগুনের সভাপতি উমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী ও রবীন্দ্র গবেষক ড. শ্বাশত ভট্টাচার্য, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান এবং শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ আশানুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম এবং গুনগুনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফিফা ইশরত চেতনা শুভেচ্ছা বক্তৃতা করেন।

          উল্লেখ্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ছয় দিনব্যাপী বইমেলা (১২ -১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত